১১:৫০ এম
নওগাঁর মান্দায় পুলিশ কর্তৃক বিশেষ মাদকবিরোধী অভিযানের মাধ্যমে ৪০০ লিটার চোলাই মদ এবং বিপুল সংখ্যক মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রোববার (১৪ জুন) বিকেল ৩টার দিকে মান্দা থানার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে চক সাবাই গ্রামের চিহ্নিত মাদক কারবারি শাহিনের বাড়ি ও এর আশপাশে তল্লাশি করে ৪০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করতে সক্ষম হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে হাতে-নাতে মো. শাহিন (২৬) ও তার স্ত্রী মোছা. আয়েশাকে (২১) গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় মো. আলিমুদ্দিন (৫০) এবং মো. সৈয়দ (৬০) নামের অপর দুই মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যৎকালে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন