০৩:৫৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৪ টন সার উদ্ধার করেছে, যা বৈধ কাগজপত্রহীন ছিল। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে বিজিবি-২৫ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি এবং সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও আলোচনা সভা
তিনি আরও বলেন, ট্রাকে থাকা সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল। সারগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার করা সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন