ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

দুই কার্গো এলএনজি কিনবে সরকার


দুই কার্গো এলএনজি কিনবে সরকার

সরকার স্পট মার্কেটের তুলনায় কম দামে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে।

ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৫০ মার্কিন ডলার দরে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এতে বাজারদরের তুলনায় সরকারের প্রায় ৩৭০ কোটি টাকা সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর থেকে চুরি হওয়া লাগেজ উদ্ধার, একজন গ্রেফতার

সোমবার (১৭ আগস্ট) অনলাইনে অনুষ্ঠিত জরুরি সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আগস্ট ২০২৬ মাসে সরবরাহের জন্য জেকেএমভিত্তিক এলএনজির প্রযোজ্য মূল্য ছিল প্রতি এমএমবিটিইউ ১৬ দশমিক ৮০৮ মার্কিন ডলার।

তবে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির সঙ্গে দরকষাকষির মাধ্যমে দুই কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৫০ মার্কিন ডলার মূল্য নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: বিএনপির এমপির ফুলেল শুভেচ্ছা, সাধারণ সম্পাদককে শোকজ

প্রস্তাব অনুযায়ী, আগামী ১৭-১৮ আগস্ট এবং ২২-২৩ আগস্ট দুই কার্গো এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

এর আগে প্রতিষ্ঠানটির মূল প্রস্তাব ছিল প্রতি এমএমবিটিইউ ১৩ মার্কিন ডলার।

তবে এলএনজির বাজারে অস্থিরতা, স্পট মার্কেটে তুলনামূলক বেশি দাম, অন্য উৎস থেকে কার্গো সংগ্রহে সময়ের স্বল্পতা এবং অর্থ সাশ্রয়ের বিষয় বিবেচনায় নিয়ে মূল্যায়ন কমিটি দরকষাকষি করে নতুন দাম নির্ধারণ করে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, ১১ আগস্ট স্পট মার্কেটে জেকেএমভিত্তিক এলএনজির দাম ছিল প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ২৮৯ মার্কিন ডলার।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

এই বাজারদরের তুলনায় ১৫ দশমিক ৫০ ডলার দরে দুই কার্গো কিনায় সরকারের আনুমানিক ৩ কোটি ৭ দশমিক ৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩৭০ কোটি টাকা সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, একই বৈঠকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় আরও পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাবও উপস্থাপন করা হয়।

এর মধ্যে ২৩-২৪ আগস্টের জন্য একটি কার্গো এবং ৪-৫ সেপ্টেম্বরের জন্য আরেকটি কার্গো কিনতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বিপি সিঙ্গাপুর থেকে ২৩-২৪ আগস্টের কার্গোটি প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার দরে কিনতে এআইটিসহ মোট ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা ব্যয়ের সুপারিশ করা হয়েছে এবং ৪-৫ সেপ্টেম্বরের কার্গোটি প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার দরে কিনতে এআইটিসহ ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা ব্যয়ের সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এসব এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনালের কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার ক্ষেত্রে সরাসরি ক্রয়ের জন্য দরকষাকষির সুযোগও রয়েছে।

সরকারি ক্রয়-সংক্রান্ত আইন ও বিধিমালা অনুযায়ী, অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ এবং সংশ্লিষ্ট ক্রয়বিধির বিধান অনুসরণ করে এ ধরনের ক্রয় প্রক্রিয়ায় নেগোসিয়েশনের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ ইরানের জেনারেলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামাতে ফজরের নামাজ আদায়ের বিশেষ গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ এম


জামাতে ফজরের নামাজ আদায়ের বিশেষ গুরুত্ব

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফজর নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে জামাতে ফজর নামাজ আদায়কারীর বিশেষ মর্যাদার কথা এসেছে।

মহান আল্লাহ বলেন, ‘হে নবী, আপনি সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করুন। এবং ফজরের সময় কোরআন পাঠে মনোযোগী হোন, নিশ্চয়ই ফজরের তিলাওয়াতের সময় ফেরেশতাদের সমাগম হয়।’ (সুরা: বনি ইসরাঈল, আয়াত: ৭৮)

অন্য হাদিসে ফজরের সময়ের বিশেষ মর্যাদা প্রসঙ্গে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমাদের মধ্যে ফেরেশতারা পালাক্রমে উপস্থিত হন। রাতে একদল এবং দিনের বেলা একদল।

তাঁরা আসর ও ফজর নামাজের সময় একত্র হন। অতঃপর যাঁরা তোমাদের মধ্যে অবস্থান করেন তাঁরা ঊর্ধ্বারোহণ করেন। অতঃপর তিনি তাঁদের জিজ্ঞাসা করেন, অথচ তিনি তাঁদের ব্যাপারে বেশি অবগত, ‘তোমরা আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এসেছ?’ তখন তাঁরা বলে থাকেন, ‘আমরা তাদের নামাজ পড়া অবস্থায় রেখে এসেছি। আমরা তাদের কাছে নামাজ পড়া অবস্থায় গিয়েছি।’ (বুখারি, হাদিস: ৭৪৮৬)

আরেক হাদিসে জুমার দিন ফজর নামাজ জামাতে আদায়ের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে। আবু উবায়দা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, জুমার দিন জামাতে ফজর নামাজ আদায়ের চেয়ে উত্তম কোনো নামাজ নেই। আমি মনে করি, সেখানে তোমাদের মধ্যে যারা উপস্থিত হয় তাদের ক্ষমা করা হয়। (তাবরানি, হাদিস: ৩৬৬)

অবশ্য জামাতে ফজর নামাজ আদায় করা খুব সহজ নয়। কারণ তা মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়।

উবাই ইবনে কাব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, এ দুই নামাজ (এশা ও ফজর) মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই দুই নামাজে কী পরিমাণ সওয়াব নিহিত রয়েছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে আসতে। (আবু দাউদ, হাদিস: ৫৫৪)

আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। আর (আল্লাহর জন্য) বিনীতরা ছাড়া অন্যদের কাছে তা নিশ্চিতভাবে কঠিন।’ (সুরা: বাকারাহ, আয়াত: ৪৫)

ফজর নামাজ আদায়ের মাধ্যমে মুমিন ব্যক্তি শয়তানের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন, তোমাদের কেউ ঘুমালে শয়তান তার ঘাড়ের পেছনে তিনটি গিঁট দেয়। প্রত্যেক গিঁটে সে এই বলে পড়ে, তোমার সামনে আছে দীর্ঘ রাত; অতএব, তুমি ঘুমাও। অতঃপর সে জেগে উঠে আল্লাহর জিকির করলে তার একটি গিঁট খুলে যায়। তারপর সে অজু করলে তার আরেকটি গিঁট খুলে যায়। তারপর নামাজ পড়লে সব গিঁট খুলে যায়। অতঃপর উত্ফুল্লচিত্তে তার সকাল হয়। নতুবা সে কলুষিত মনে ও অলসতা নিয়ে সকালে ওঠে। (বুখারি, হাদিস: ১১৪২; মুসলিম, হাদিস: ১৮৫৫)

উসমান ইবনে আফফান (রা.) বলেন, মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার সালাত আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল। (মুসলিম, হাদিস: ১৩৭৭)

সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত। হাদিসে এর প্রভূত ফজিলত বর্ণিত হয়েছে, যা অন্য সুন্নতের ক্ষেত্রে হয়নি। এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।’ (মুসলিম, হাদিস: ৭২৫)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘শত্রুবাহিনী তোমাদের তাড়া করলেও তোমরা এই দুই রাকাত নামাজ কখনো ত্যাগ কোরো না।’ (আবু দাউদ, হাদিস: ১২৫৮)

আল্লাহ সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার সুযোগ দিন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় আগুনে পুড়ল বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ এম


গাইবান্ধায় আগুনে পুড়ল বাড়ি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে একটি বাড়িতে আগুন লেগে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে এই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন শাকিল তার ভাড়া বাড়িতে তালা দিয়ে বাহিরে চলে যায়। এরপর রাত ১০ টার দিকে তার ঘরে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে এবং গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান বলেন, শাকিল একজন রেমিট্যান্স যোদ্ধা। এই অগ্নিকাণ্ডে তার সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, এই আগুনের তীব্রতা অনেক বেশি। আমরা যতদূর দেখতে পাচ্ছি এই আগুন সম্ভবত বিদ্যুতের সর্ট সার্কিট থেকে হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ইলিশের দাম বৃদ্ধি ও অনলাইন প্রতারণা রোধে সচেতনতামূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৯ এম


চাঁদপুরে ইলিশের দাম বৃদ্ধি ও অনলাইন প্রতারণা রোধে সচেতনতামূলক সভা

চাঁদপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে ইলিশের মূল্য বৃদ্ধি এবং অনলাইনে প্রতারণা রোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টায় বড় স্টেশন মাছ ঘাট সংলগ্ন ‘চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড’ এর সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদারের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, মৎস্য অফিসার মোছা. ফারহানা আকতার, জেলা নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন, মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা ক্যাবের সহ সভাপতি ব্যাংকার মো. মুজিবুর রহমান, মৎস্য বনিক সমিতির সদস্যবৃন্দ এবং অনলাইন ইলিশ ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তরা অনলাইনে ইলিশ মাছ বিক্রয়ের নামে ঘটে যাওয়া বিভিন্ন প্রতারণার উপরে নানা মতামত ও প্রস্তাবনা রাখেন। বক্তারা জানান, অনলাইনে ইলিশ প্রতারণার সঙ্গে চাঁদপুরের কোনো ব্যবসায়ীর সম্পর্ক নেই। জেলার বাইরে বিভিন্ন স্থানে বসে কিছু অসাধু লোকেরা একজনের ভিডিও ডাউনলোড করে নিজেদের ফেসবুক পেইজ বা আইডিতে প্রচারণা চালিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। তারা উল্লেখ করেন যে, টাকা নিয়ে মাছ ডেলিভারি দেওয়া হচ্ছে না।

গ্রাহকদের টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট বক্তারা ভোক্তাদের নম্বর ব্লক করে কিংবা নিজেদের নম্বর বন্ধ করে দিচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সচেতনতা ছাড়া অন্য কোন বিকল্প নেই।

সভায় গ্রাহকদের ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে মাছ কেনার অর্থাৎ মাছ বুঝে পাবার পর টাকা পরিশোধ করার পরামর্শ প্রদান করা হয়। সস্তায় মাছ কেনার আগে বাজার দর যাচাই করে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। এর পাশাপাশি প্রয়োজনে যদি কেউ প্রতারিত হন, তাহলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার কথা বলা হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে মৎস্য বণিক সমবায় সমিতির ও অনলাইন মাছ ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। এসব বৈধ অনলাইন মাছ ব্যবসায়ীদের তালিকা ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। ইলিশের মূল্য নিয়ন্ত্রণে আনার জন্য উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বাজারে ইলিশ মাছ সরবরাহ বৃদ্ধি পেলে দাম অনেকাংশে কমে যাবে। তবে কেউ যদি কোন অনিয়ম করে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সব ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, যৌক্তিক মূল্যে মাছ বিক্রয় করা, নষ্ট পঁচা মাছ বিক্রি করা থেকে বিরত থাকার এবং ওজনে কম দেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ এম


সাগরে নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় উথ্থিত লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

এতে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিম্নচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিদ্যমান।

খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

দেশের কোথাও কোথাও এ সময় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়নসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%