ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার


রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর রানীনগর বালুমহাল ইজারা নিয়ে বিপাকে পড়েছেন ইজারাদার অহেদুল নবী। ভ্যাট-ট্যাক্সসহ প্রায় সাড়ে ১১ কোটি টাকা পরিশোধ করেও দুই মাস ধরে এক ছটাক বালুও উত্তোলন করতে না পারায় ক্ষতিপূরণসহ পরিশোধিত অর্থ ফেরতের আবেদন করেছেন তিনি। তার অভিযোগ, সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের দখল ও চাঁদাবাজির কারণে বালুমহাল পরিচালনা সম্ভব হচ্ছে না, অথচ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
ইজারাদার অহেদুল নবী জানান, বাংলা নববর্ষ শুরুর আগেই তিনি সরকারি নিয়ম অনুযায়ী ইজারার অর্থ পরিশোধ করেন। তবে শুরু থেকেই একটি চক্র তার কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা বালুমহাল দখলে নিয়ে তাকে বালু উত্তোলন করতে বাধা দিচ্ছে।
তার দাবি, গত ১৪ মে বালুমহালে গেলে প্রশাসনের কর্মকর্তাদের সামনেই তার শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং বালু উত্তোলনের সরঞ্জাম ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ করেন তিনি।
অহেদুল নবী আরও জানান, ১৫ মে ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। তবে মামলার পরও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে তার অভিযোগ। উল্টো বালুমহালে গেলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
ইজারাদারের ভাষ্য, বালুমহালের আশপাশে সংঘবদ্ধ একটি চক্র অবৈধভাবে নদীর পাড় কেটে পলিমাটি উত্তোলন করছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। গত বছরও একই কারণে রানীনগর বালুমহাল ইজারা দেওয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, গত ১৪ এপ্রিল থেকে ৫ জুন পর্যন্ত প্রায় এক মাস ২০ দিনে তার আর্থিক ক্ষতির পরিমাণ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিদিন গড়ে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, গত ২ জুন রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) পুলিশ নিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বালুমহাল বুঝে পাওয়ার কাগজে সই করতে চাপ দেন বলে অভিযোগ করেন ইজারাদার। তবে সই করতে অস্বীকৃতি জানালে তাকে মামলার ভয় দেখানো হয় বলেও দাবি তার। পরে বিভিন্ন মহলের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বালুমহালের সীমানা নির্ধারণ করে ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাকে জোর করে বাড়ি থেকে আনা হয়নি; বরং প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরের জন্য ডেকে পাঠানো হয়েছিল।
ইজারাদার অর্থ ফেরতের আবেদন করেছেন কি না, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ইরাকি ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ইরাকি ফুটবলার

ফিফা বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরাক। তবে দেশটিতে এসে দলের তারকা স্ট্রাইকার আয়মান হুসেন জটিল পরিস্থিতিতে পড়েন। যুক্তরাষ্ট্রের শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় সাত ঘণ্টা ধরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইরাক ফুটবলের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ গোল করার জন্য যিনি দলকে মূল পর্বে প্রবেশে বড় ভূমিকা রেখেছেন, সেই আয়মান হুসেনের ফোনও মার্কিন কর্মকর্তারা পরীক্ষা করেছেন।

এটি শুধু আয়মানের জন্যই নয়, ইরাক দলের ফটোগ্রাফার তালাল সালাহকেও ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে পরে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে।

পরবর্তীতে জানা গেছে, পুরো ঘটনা একটি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। আয়মান হুসেনের নামের সঙ্গে মিল থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছিল মার্কিন কর্তৃপক্ষ। নামের সমান্তরাল থাকার কারণে ভুলবশত ইরাকি স্ট্রাইকারকে আটকে ফেলা হয়। কর্মকর্তারা পরে বিষয়টি বুঝতে পারলেও আইনি প্রক্রিয়ার জন্য দ্রুত তাকে ছাড়িয়ে দেওয়া সম্ভব হয়নি।

বিশ্বকাপ শুরুর ঠিক আগে এমন ঘটনা ইরাক দলের প্রস্তুতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। ৪০ বছর পর বিশ্বকাপে ফিরছে ইরাক। এবার ‘আই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হচ্ছে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

টাঙ্গাইলের মির্জাপুরে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনায়, স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর ওই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন এক যুবক। উপজেলার পেকুয়া গ্রামের এই ঘটনার উপর এলাকায় চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা।

রোববার (৭ জুন) সংবাদটি নিশ্চিত করে জানিয়েছেন উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার শাজাহান সিরাজ।

পরিবার ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। হাসান মিয়ার বাড়ির পাশে একটি সংস্থায় বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। ওই অফিসের পাশাপাশি হাসানের বাড়ির সখ্যতা গড়ে ওঠে রাজুর সঙ্গে। এক পর্যায়ে সেই সম্পর্কটা রূপ নেয় পরকীয়ায়। ৭ মে হাসানের স্ত্রী জহুরাকে নিয়ে পালিয়ে যান রাজু। এতে ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন।

হাসান মিয়া বলেন, "ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।" হাসান আরও জানান, নিজের স্ত্রী চলে যাওয়ার পর তিনি রাজুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। আলাপ-আলোচনার এক পর্যায়ে ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে আনা হয়। পরে তাকে বিয়ে করেন হাসান মিয়া।

এ বিষয়ে কথা বলতে রাজু মিয়ার নম্বরে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ এটিকে প্রতিশোধের ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ অনুভব করছেন, যে এ ধরনের ঘটনা পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। একই সঙ্গে উঠে এসেছে প্রশ্ন, পারিবারিক বন্ধন, নৈতিকতা এবং সামাজিক সচেতনতা নিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেট ফুয়েলের দাম আরও কমলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


জেট ফুয়েলের দাম আরও কমলো

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও কমিয়েছে।

রোববার (৭ জুন) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর কার্যকর হবে আজ রাত ১২ টা থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৩ মে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ নির্ধারণ করা হয়।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা হলো- চট্টগ্রামের হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও ভবিষ্যতে চালুতব্য বিমানবন্দর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকৃতি, জলবায়ু পরিবর্তন এবং শিশু সুরক্ষার নতুন বাস্তবতা

আন্তর্জাতিক ডেস্ক

সংবাদদাতা, মোঃসানি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


প্রকৃতি, জলবায়ু পরিবর্তন এবং শিশু সুরক্ষার নতুন বাস্তবতা

লেখক:
মো. আবুল বরকাত
উপ-পরিচালক, সিআইপিআরবি

ভোর হওয়ার আগেই ঘুম ভেঙে যায় তাঁর। বরিশালের উপকূলীয় গ্রামের এক বাসিন্দা। ঘুম থেকে উঠে দরজা খুলে তিনি প্রথমে আকাশের দিকে তাকান! আমরা অনেকেই আকাশ দেখি সৌন্দর্যের জন্য। তিনি দেখেন দুশ্চিন্তা নিয়ে। কালো মেঘ মানে তাঁর কাছে সম্ভাব্য বিপদ। হঠাৎ জোরে বাতাস তার কপালে চিন্তার ভাঁজ ফেলে অনিশ্চয়তার। নদীর ফুলে ওঠা পানি মানে শুধু জোয়ার নয়, ঘর হারানোর আশঙ্কা। প্রকৃতি এখানে জীবন, জীবিকা, ভয়, আশা এবং ভবিষ্যতের আরেক নাম।
আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে বিভিন্ন অঙ্গীকার করা হয় এ দিনে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে এবারের প্রতিপাদ্য “Inspired by Nature. For Climate. For Our Future” যা বাংলাদেশের বাস্তবতায় “প্রকৃতি থেকে অনুপ্রেরণা: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”- স্লোগানে পালন করা হবে।
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোর একটি হওয়া সত্বেও বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি। উপকূলে জলোচ্ছ্বাস বাড়ছে, লবণাক্ততা বিস্তার লাভ করছে, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা মানুষের জীবনযাত্রাকে বদলে দিচ্ছে। তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্বও বেড়েছে মারাত্মকভাবে।
উপকূলীয় এলাকায় কাজ করতে গিয়ে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর গত কয়েক বছরে অনেক কঠিন ও অনাকাঙ্ক্ষিত বাস্তবতা নজরে এসেছে। ‘নিরাপদে ভাসা’ প্রকল্পের মাধ্যমে সিআইপিআরবি জানার চেষ্টা করেছে, জলবায়ু পরিবর্তন কীভাবে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ কার্যক্রমকে প্রভাবিত করে।
বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ পানিতে ডুবে মৃত্যু। এ ঝুঁকি কমাতে দীর্ঘদিন ধরে আঁচল ( শিশু যত্নকেন্দ্র) এবং সুইমসেফ (জীবন রক্ষাকারী সাঁতার শিক্ষা) ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে হাজার হাজার শিশুর পানিতে ডুবে শিশুমৃত্যু থেকে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কিন্তু উপকূলের বাস্তবতা দ্রুত বদলাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব শিশুদের ওপর প্রত্যক্ষ, পরোক্ষ, ধারাবাহিক এবং আন্তঃসম্পর্কিত। একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, কয়েক দিনের টানা বৃষ্টি কিংবা আকস্মিক জলোচ্ছ্বাসে অনেক সময় কাঁচা রাস্তা ডুবে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আঁচল কেন্দ্রগুলো নিয়মিতভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। পরিবারগুলো তখন জীবিকা রক্ষা, ক্ষয়ক্ষতি সামাল দেওয়া কিংবা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ব্যস্ত থাকে। শিশুদের ওপর নজরদারি কমে যায়। চারপাশে জমে থাকা পানি, প্লাবিত জমি, খাল, ডোবা কিংবা পুকুর নতুন বিপদের উৎস হয়ে ওঠে। অন্যদিকে তীব্র তাপদাহ এবং বিভিন্ন রোগেও শিশুরা এসব সুরক্ষাসেবা থেকে বঞ্চিত হন।
“প্রকৃতি থেকে অনুপ্রেরণা” বলতে আমরা প্রায়ই বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান কিংবা পরিবেশ সচেতনতার কথা বুঝি। অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকৃতি থেকে শেখার অর্থ আরও বিস্তর- পরিবর্তিত বাস্তবতাকে বোঝা, ঝুঁকিগুলোকে নতুনভাবে চিহ্নিত করা এবং মানুষের প্রয়োজন অনুযায়ী স্থানীয়ভাবে সমাধান তৈরি করা।
উপকূলের মানুষ বরাবরই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। আজ জলবায়ু পরিবর্তনের এই সময়ে সেই অভিযোজনের ধারণাকেই শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করতে হবে।
জলবায়ুজনিত দুর্যোগের মধ্যেও কীভাবে শিশু সুরক্ষা ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ কার্যক্রম সচল রাখা যায়, তা নিয়ে কাজ করছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইন্সটিটিউশন (RNLI) ও গবেষণা প্রতিষ্ঠান সিআইপিআরবি। মাঠপর্যায়ে সফলতা পাওয়া গেলে এসব অভিজ্ঞতা দেশব্যাপী প্রয়োগের সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ সরকার ইতোমধ্যে সমন্বিত শিশু সুরক্ষা ও বিকাশ কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমী পরিচালিত আইসিবিসি প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রস্তুতি চলমান রয়েছে। এই সময়ে জলবায়ু পরিবর্তন এবং শিশু সুরক্ষার সম্পর্ককে নীতিগতভাবে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বিশ্ব পরিবেশ দিবসে তাই আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হয়তো এটাই—আমরা কি শুধু প্রকৃতির ক্ষতি কমানোর কথা ভাবব, নাকি প্রকৃতির পরিবর্তিত বাস্তবতায় মানুষের জীবন বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও ভাবব?
উত্তরটি হয়তো উপকূলের সেই মায়ের কাছেই আছে, যিনি প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করেন। প্রকৃতি আজও আমাদের শেখাচ্ছে। প্রশ্ন হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমরা কি সেই শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত ?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%