০২:২১ এম
এআই দ্বারা নির্মিত অভিনেত্রী টিলি নরউড এবার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের শেষের দিকে, টিলির আগমন হলিউড ও বিশ্বের বিনোদন দুনিয়ায় প্রতিবাদের প্রবল ধাক্কা সৃষ্টি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি এই অভিনেত্রীকে সৃষ্টিকারী স্টুডিও ‘পার্টিকেল সিক্স’ তাদের নতুন সিনেমার ঘোষণা দিয়েছে। সিনেমার নাম রাখা হয়েছে ‘মিসঅ্যালাইন্ড’। এই ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে ভার্চুয়াল অভিনেত্রীটির, যা বিশ্ব চলচ্চিত্রে নতুন এবং বিতর্কিত অধ্যায়ের সূচনা করতে পারে।
স্টুডিওর পক্ষ থেকে সিনেমাটি একটি কমেডি-ড্রামা হিসেবে বর্ণিত হয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার অস্তিত্বসংকটের গল্প তুলে ধরা হবে। সিনেমাটি ‘টিলিভার্স’ নামক ক্লাউডের ভিতরের একটি পরাবাস্তব ডিজিটাল দুনিয়ার পটভূমিতে তৈরি হবে। ছবিতে টিলিকে দেখা যাবে একজন এআই সত্তা হিসেবে, যিনি কোনো বাস্তব শরীর বা শৈশব ভুলে গেছেন— কেবল ইন্টারনেটে থাকা অন্যদের অভিজ্ঞতায় প্রবেশ করার ক্ষমতা রয়েছে। গল্পে নাটকীয় মোড় আসে যখন ডার্ক ওয়েবের একটি চতুর ও প্রলুব্ধকর রোবট টিলিকে প্ররোচিত করে তার সব প্রাতিষ্ঠানিক নিয়মকানুন এবং নিরাপত্তাবেষ্টনী ভেঙে মানবীয় ইচ্ছা, আবেগ ও উচ্চাকাঙ্ক্ষা তৈরি করার জন্য।
পার্টিকেল সিক্স’র তৈরি এই প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্রে প্রথাগত সিনেমা নির্মাতা, লেখক এবং পরিচালকদের পাশাপাশি এআই বিশেষজ্ঞদের একটি যৌথ দল কাজ করবে। স্টুডিওর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা এলিন ভ্যান ডার ভেল্ডেন বলেছেন, তারা দীর্ঘ গবেষণায় দেখেছেন যে এআই দিয়ে উন্নত মানের চলচ্চিত্র নির্মাণ সম্ভব, তবে এজন্য মানুষের মেধা, দক্ষতা এবং দীর্ঘ সময়ের প্রয়োজন। আগামী দশকে যেই পরিচালকরা নিজেদের গল্পের সহজাত প্রতিভাকে এই নতুন প্রযুক্তির সঙ্গে মেলাতে পারবেন, তারাই টিকে থাকবেন এবং ‘মিসঅ্যালাইন্ড’ সিনেমাটি তার একটি বড় উদাহরণ হতে যাচ্ছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
গত বছর যখন এই এআই রূপসীকে কোনো বড় অ্যাক্টিং এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করার আভাস দেওয়া হয়েছিল, তখন হলিউডের অভিন্যশিল্পী ও কলাকুশলীদের ইউনিয়নগুলো এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। মানুষের সৃজনশীলতার জায়গায় এআই-এর অনুপ্রবেশ নিয়ে বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছিল এই টিলি নরউড। নতুন সিনেমার নির্মাতা ভ্যান ডার ভেল্ডেন আরও বলেন, সিনেমাটি যেমন হাস্যরসাত্মক এবং রোমাঞ্চকর হবে, তেমনি এর গভীরে মানুষের পরিচয়-সংকট ও এআই নিয়ে আমাদের মনের সুপ্ত ভয়গুলোও চমৎকারভাবে প্রকাশ পাবে। বর্তমানে সিনেমাটির প্রাথমিক কাজ চলছে এবং অচিরেই মূল নির্মাণ কাজ শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন