ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৮৫১ জন গ্রেফতার


চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৮৫১ জন গ্রেফতার

চট্টগ্রাম, ২৯ নভেম্বর ২০২৬ : চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে পুলিশ ৮৫১ জনকে গ্রেফতার করেছে।

একই সময়ে, কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে ৩৪৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, এবং বাকি ১৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সর্বাধিক ১৯৩ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে, গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়েছে।

আরও পড়ুন: সারা বাংলাদেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের সমাবেশ ভিক্ষুক ও মিছিল হয়েছে

পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নতুন নিয়মিত মামলার আসামি ৮৫ জন, পুরোনো মামলার আসামি ১৬৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন রয়েছেন। এছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১২২ সদস্যকেও গ্রেফতার করেছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানে ৬৭ জন মাদকসেবী ও ২৫ জন মাদক কারবারিসহ মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ২৮ জনকে কারাদণ্ড প্রদান করেছেন এবং ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।

অভিযানে ২০ হাজার ৫১০টি ইয়াবা, ৩৩ কেজি গাঁজা, ২৭৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২১ বোতল বিদেশি মদ এবং ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে ২৪৪ পরিবার স্বাবলম্বী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিডনি বিকল, সাহায্যের আবেদন করেছেন জেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


কিডনি বিকল, সাহায্যের আবেদন করেছেন জেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল

মানুষের সুখ-দুঃখ, সমাজের অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো দীর্ঘ চার দশক ধরে সংবাদমাধ্যমে তুলে ধরেছেন জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল। কিন্তু বর্তমানে তিনি নিজেই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছেন।

ডায়াবেটিসজনিত দীর্ঘস্থায়ী জটিলতায় আক্রান্ত হয়ে তার দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। জীবন রক্ষার জন্য জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে না পেরে তিনি ও তার পরিবার সমাজের হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

এ রহমান মুকুল বেসরকারি চ্যানেল আই-এর প্রতিষ্ঠালগ্ন থেকে পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করছেন।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা অঙ্গনে তিনি একজন সৎ ও কর্মঠ ব্যক্তি হিসেবে পরিচিত।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন এ রহমান মুকুল। একসময় তার কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। বর্তমানে তার দুটি কিডনিই প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ জীবনে ফিরতে তার কিডনি প্রতিস্থাপন অত্যন্ত জরুরি। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ৫০ লাখ টাকা সংগ্রহ করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বর্তমানে চিকিৎসা চালিয়ে যাওয়াও তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে, নিজের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী, দেশ-বিদেশের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তিরা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন এ রহমান মুকুল ও তার পরিবার।

যিনি দীর্ঘ চার দশক ধরে মানুষের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বের কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন, আজ সেই মানুষটি নিজের জীবন বাঁচাতে সমাজের মানুষের সহযোগিতার অপেক্ষায় আছেন।

আপনাদের সামর্থ্য অনুযায়ী সামান্য আর্থিক সহায়তাও তার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবার সম্মিলিত সহযোগিতায় হয়তো তিনি আবারও সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ পাবেন।

সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ: এ রহমান মুকুল

ঠিকানা: চন্দ্রিমা, পূর্ব জালাসী, পঞ্চগড়।

মোবাইল নম্বর:

০১৭১৫-১৩৮৩০৯ /০১৭১২-৬২২৫০১

ব্যাংক হিসাব নম্বর: ৫১০১২০২০০৭৭০০০০১

ব্র্যাক ব্যাংক, পঞ্চগড় শাখা।

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। একজন জ্যেষ্ঠ সাংবাদিকের জীবন বাঁচাতে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাদের অন্তর্ভুক্তি, ক্ষুব্ধ নেতাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


বাকেরগঞ্জে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাদের অন্তর্ভুক্তি, ক্ষুব্ধ নেতাকর্মীরা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ এবং শ্রমিক লীগ নেতা কাজী মনিরের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

শনিবার রাতে গারুড়িয়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির ৫৩ নম্বর সদস্য হিসেবে মাসুম বিল্লাহ এবং ৫৫ নম্বর সদস্য হিসেবে কাজী মনিরের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, মাসুম বিল্লাহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে, কাজী মনির শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ মল্লিকের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এই কারণে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নবগঠিত গারুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত খান মন্তব্য করেন যে, ঘোষিত কমিটিতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তিনি জানান, কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কারও নাম থাকলে আলোচনা সাপেক্ষে তাদের বাদ দিয়ে পুনরায় কমিটি ঘোষণা করার প্রক্রিয়া চলছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দার বলেন, ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই গারুড়িয়া ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে, যদি কমিটিতে কোনো আওয়ামী লীগ নেতার নাম থাকে, তাহলে দলীয় ফোরামে আলোচনা করে তাদের বাদ দেওয়া হবে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে ২৪৪ পরিবার স্বাবলম্বী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে ২৪৪ পরিবার স্বাবলম্বী

একসময় উপকূলের অধিকাংশ নারীর জীবন ছিল সংসারের কাজের মধ্যে সীমাবদ্ধ। তাঁদের দৈনন্দিন জীবনযাপন চলত পরিবারের পুরুষ সদস্যদের ওপর নির্ভর করে। সংসারের বাইরে আয়-রোজগারের সুযোগ ছিল খুবই সীমিত। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলাচ্ছে। নারীরা এখন বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস পালনের মতো আয়মূলক কাজে যুক্ত হচ্ছেন। নিজেদের পরিশ্রমে তাঁরা উপার্জনের পথ তৈরি করছেন। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে সংসারে যুক্ত হচ্ছে বাড়তি আয়। কলাপাড়া উপজেলার উপকূলীয় এলাকার অসহায় ও দুস্থ নারীরা নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

কলাপাড়া উপজেলার চম্পাপুর গ্রামের বিধবা নারী হাসিনা বেগম। স্বামীকে হারানোর পর সংসারের দায়িত্ব সামলাতে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। সীমিত সামর্থ্যে সংসার চালানো ছিল কঠিন। তবে এখন তিনি বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস পালনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বসতভিটায় ছোট ছোট সবজি বাগান তৈরি করেছেন। সেখানে বিভিন্ন জাতের শাকসবজি চাষ করছেন। পাশাপাশি খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন করছেন। সবজি ও হাঁস থেকে আয় করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন তিনি। হাসিনা বেগম বলেন, "আগে সংসার চালাতে অনেক কষ্ট হত। নিজের আয়ের তেমন কোনো ব্যবস্থা ছিল না। এখন সবজি বীজ ও হাঁস পেয়ে বাড়িতেই কাজ করার সুযোগ হয়েছে। নিজের পরিবারের জন্য সবজি পাচ্ছেন, আবার বাড়তি সবজি বিক্রি করেও আয় করতে পারছেন। হাঁসগুলো ডিম দেওয়া শুরু করলে সংসারে আয় আরও বাড়বে বলে আশা করছেন তিনি।"

হাসিনা বেগমের মতো কলাপাড়ার উপকূলীয় এলাকার অনেক নারী এখন হাঁস পালন ও সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তাঁদের অনেকেই বসতভিটার অব্যবহৃত জায়গায় আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করছেন। লবণাক্ত মাটির প্রতিকূলতা মোকাবিলায় জৈব সার ব্যবহার করছেন। ছোট ছোট বেড তৈরি করে সেখানে লাগানো হচ্ছে বিভিন্ন জাতের সবজি। উৎপাদিত সবজি দিয়ে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত অংশ বাজারে বিক্রি করে আয় করছেন তাঁরা। এই উদ্যোগে নারীদের সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।

ফ্রেন্ডশিপের ‘অ্যাসিস্ট্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (এএসডি) প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার চম্পাপুর ও চাকামইয়া ইউনিয়নের আটটি গ্রামের মোট ২৪৪টি অসহায় পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে চম্পাপুর ইউনিয়নের উত্তর মাছুয়াখালী, উত্তরপূর্ব মাছুয়াখালী, দক্ষিণ মাছুয়াখালী ও পশ্চিম চালিতাবুনিয়া গ্রামের ১২৪টি পরিবার এবং চাকামইয়া ইউনিয়নের মধ্য নিশানবাড়ীয়া, পূর্ব চাকামইয়া, গারীবুনিয়া ও বেতমোর গ্রামের ১২০টি পরিবার রয়েছে। প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে দেওয়া হয়েছে ১২টি করে খাকি ক্যাম্বেল হাঁস।

এছাড়া মৌসুমভিত্তিক বছরে দুইবার ১৫ থেকে ১৬ প্রকার উন্নতমানের বিভিন্ন জাতের সবজি বীজ, কীটনাশক ফাঁদ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। এসব উপকরণ কাজে লাগিয়ে নারীরা নিজেদের বাড়ির আঙিনায় সবজি উৎপাদন ও হাঁস পালনের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ পাচ্ছেন। হাঁস পালনের মাধ্যমে স্বল্প সময়ে আয় বাড়ানোর সম্ভাবনা তৈরি হওয়ায় নারীদের মধ্যে এ উদ্যোগ বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে অনেক সুবিধাভোগীর হাঁস ডিম দিতে শুরু করেছে। কেউ কেউ ডিম বিক্রি করে আয় করছেন। আবার হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা বড় করে বিক্রির মাধ্যমেও অর্থ উপার্জন করছেন।

কিছু সুবিধাভোগী হাঁস পালন থেকে পাওয়া অর্থ দিয়ে নিজেদের উদ্যোগে আরও হাঁস কিনেছেন। সুবিধাভোগী নিলুফা বেগম বলেন, "হাঁস পাওয়ার পর থেকে আমার মধ্যে নতুন করে আয় করার আগ্রহ তৈরি হয়েছে। হাঁসের যত্ন নেওয়ার পাশাপাশি ডিম বিক্রির মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে হাঁসের সংখ্যা বাড়িয়ে আরও বেশি আয় করতে চাই।" আরেক সুবিধাভোগী পুষ্প বেগম বলেন, "আগে বাড়ির আঙিনা অনেকটাই অব্যবহৃত পড়ে থাকত। এখন সেখানে সবজি চাষ করছি। এতে পরিবারের সদস্যদের সবজির চাহিদা পূরণ হচ্ছে, কমেছে বাজার থেকে সবজি কেনার খরচও। উৎপাদিত সবজির বাড়তি অংশ বিক্রি করে কিছু টাকা হাতে থাকছে। এতে সংসারের খরচ মেটাতে সুবিধা হচ্ছে।"

স্থানীয় নারীরা জানান, একজনকে সবজি চাষ ও হাঁস পালনে সফল হতে দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন। বাড়ির আঙিনায় অল্প জায়গা ব্যবহার করে সবজি উৎপাদন এবং হাঁস পালনের মাধ্যমে আয় করার সুযোগ তাঁদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। অনেকেই এখন নিজেদের উদ্যোগে সবজি বাগান ও হাঁস পালনের পরিকল্পনা করছেন। তবে উপকূলীয় এলাকায় সবজি চাষের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ মাটির লবণাক্ততা। এ কারণে অনেক সময় প্রত্যাশিত ফলন পাওয়া কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুবিধাভোগীদের আধুনিক পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে বীজ নির্বাচন, বীজতলা তৈরি, বেড পদ্ধতিতে চাষ, জৈব সার ব্যবহার ও গাছের পরিচর্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি কীটপতঙ্গ দমন ও রোগবালাই প্রতিরোধের কৌশলও শেখানো হয়েছে। কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার বলেন, "উপকূলীয় অঞ্চলে মাটির লবণাক্ততা সবজি উৎপাদনের ক্ষেত্রে একটি বড় সমস্যা। তবে সঠিক পদ্ধতিতে চাষাবাদ, জৈব সার ব্যবহার এবং উপযোগী জাতের বীজ নির্বাচন করতে পারলে বাড়ির আঙিনায় ভালো সবজি উৎপাদন সম্ভব। নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চাষপদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তাঁরা নিজেদের বসতভিটায় সবজি উৎপাদন করতে পারলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করতে পারবেন।"

অন্যদিকে হাঁস পালনের বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাঁসের খাবার, বাসস্থান, রোগ প্রতিরোধ ও পরিচর্যা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়। বিতরণের আগে উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ ও সবল হাঁস সরবরাহ করা হয়েছে। এতে হাঁস পালনে আগ্রহী নারীরা শুরু থেকেই প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন।

ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. শহীদুল ইসলাম বলেন, "উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে নারীদের এমন কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা তাঁরা নিজেদের বাড়িতে থেকেই করতে পারেন। সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং বাড়তি সবজি বিক্রি করে আয় করার সুযোগ তৈরি হচ্ছে। একইভাবে হাঁস পালন থেকে ডিম ও বাচ্চা বিক্রির মাধ্যমে আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা কাজে লাগিয়ে পরিবারগুলো দীর্ঘমেয়াদে আরও লাভবান হবে বলে আশা করছেন তাঁরা।" প্রকল্পটির কার্যক্রম সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো. শহীদুল ইসলামের ব্যবস্থাপনায় ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল মান্নান এবং প্রজেক্ট অফিসার মো. গোলাম সারওয়ারের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। ফ্রেন্ডশিপ একটি জাতীয় পর্যায়ের অলাভজনক ও অরাজনৈতিক বেসরকারি উন্নয়ন সংস্থা। সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি চর ও উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় এএসডি প্রকল্পের মাধ্যমে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আয়-রোজগারের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় যাঁরা সংসারের গণ্ডির বাইরে তেমন কোনো আয়মূলক কাজে যুক্ত ছিলেন না, এখন তাঁরাই হাঁস পালন ও সবজি চাষের মাধ্যমে পরিবারের অর্থনীতিতে অবদান রাখছেন। তাঁদের এই পরিবর্তন দেখে আশপাশের অন্য নারীরাও উৎসাহিত হচ্ছেন। বাড়ির আঙিনায় ছোট পরিসরে শুরু হওয়া এসব উদ্যোগ শুধু নারীদের আয় বাড়াচ্ছে না, তৈরি করছে আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা। উপকূলের প্রতিকূল পরিবেশে নিজেদের পরিশ্রমে ঘুরে দাঁড়ানোর এই প্রচেষ্টাই এখন নতুন আশার আলো দেখাচ্ছে কলাপাড়ার অসহায় নারীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থপতি রফিক আজমের নকশায় ডরিনের ‘স্কাইপার্ক রেসিডেন্সেস’ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


স্থপতি রফিক আজমের নকশায় ডরিনের ‘স্কাইপার্ক রেসিডেন্সেস’ উদ্বোধন

ডরিন গ্রুপের আবাসন প্রতিষ্ঠান ডরিন ডেভেলপমেন্টস লিমিটেড তাদের সর্বশেষ আবাসিক প্রকল্প ‘স্কাইপার্ক রেসিডেন্সেস’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। এই প্রকল্পটি রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় অবস্থিত এবং এর নকশা তৈরি করা হয়েছে সাতত্যের খ্যাতিমান স্থপতি রফিক আজমের সহযোগিতায়।

শুক্রবার (২৭ নভেম্বর) ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে ‘স্কাইপার্ক - দ্য ফার্স্ট লাইট’ শীর্ষক এক সন্ধ্যায় প্রকল্পটি উপস্থাপন করা হয়। প্রকল্পের স্থাপত্য ভাবনাকে উদযাপন করার জন্য দেশের বিশিষ্ট স্থপতি, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা একত্রিত হন।

অনুষ্ঠানের শুরুতে ডরিন ডেভেলপমেন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) তানজিন আলম প্রতিষ্ঠানের পথচলা, উন্নয়ন দর্শন এবং অর্থবহ আবাসিক পরিসর গড়ে তোলার অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি স্থপতি রফিক আজমের সঙ্গে এই সহযোগিতার গুরুত্বও উল্লেখ করেন।

তানজিন আলম বলেন, ‘আজকের সন্ধ্যায় এত বিশিষ্ট স্থপতিকে আমাদের মাঝে পাওয়া সত্যিই সৌভাগ্যের। রফিক আজমের মতো খ্যাতিমান স্থপতি ও তার দলের সঙ্গে এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। স্কাইপার্ক আমাদের সর্বশেষ প্রকল্প, আর আজ আমরা এর নকশা উন্মোচন করছি।’

এরপর স্থপতি রফিক আজম স্কাইপার্কের অনুপ্রেরণা ও নকশার দর্শন তুলে ধরেন। তিনি প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সংযোগ গড়ে তোলা এবং ঢাকার বিকাশমান নগরদৃশ্যে অবদান রাখে এমন উন্মুক্ত পরিসর তৈরির গুরুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

রফিক আজম বলেন, ‘বর্তমান ভবন নির্মাণ নীতিমালা আমাদের সামনে একটি সুযোগ তৈরি করেছে। কঠোর পরিশ্রম করলে আমরা এমন উন্মুক্ত পরিসর তৈরি করতে পারি, যা আমাদের কাঙ্ক্ষিত ঢাকা শহর গড়তে সহায়ক হবে। স্কাইপার্ক তেমনই একটি প্রকল্প, যার নকশার কাজ আমরা সম্প্রতি সম্পন্ন করেছি।’

স্থাপত্য উপস্থাপনার পর লঞ্চ ফিল্ম ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উন্মোচন করা হয়।

বারিধারা কূটনৈতিক এলাকার পার্ক রোডের ৪০ নম্বর প্লটে ৮.২০ কাঠার দক্ষিণ-পশ্চিমমুখী জমিতে গড়ে উঠছে স্কাইপার্ক। এই প্রকল্পে থাকছে মাত্র আটটি ব্যক্তিগত আবাসন, যার প্রতিটি একটি পূর্ণ তলাজুড়ে; এর মধ্যে একটি ডুপ্লেক্স। ফেয়ার-ফেসড কংক্রিট, সবুজে ঘেরা টেরেস, নিচতলায় জলাধার এবং ছাদে ইনফিনিটি পুল ও স্কাই ডেক এর স্থাপত্যিক বৈশিষ্ট্য। বাসিন্দাদের জন্য আরও থাকছে ওয়েলনেস জিম, দুটি উচ্চগতির লিফট এবং ২৪টি নির্ধারিত পার্কিং স্পেস।

নকশাটি প্রাকৃতিক আলো, খোলামেলা পরিবেশ, গোপনীয়তা এবং ঘর ও বাইরের জীবনের নিবিড় সংযোগকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে, যা প্রকৃতিঘেরা আবাসনের ভাবনাকে তুলে ধরে।

নৈশভোজ এবং অতিথি, ডরিনের শীর্ষ নেতৃত্ব ও স্থপতির আলাপচারিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে ডরিন ডেভেলপমেন্টস ও সাতত্যের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এবং স্থাপত্য ও ব্যবসায়িক অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%