ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফিলিস্তিনি ঐতিহ্য চুরি করে বিশ্ব মঞ্চে কথিত ‘শান্তির’ পোশাকে মিস ইসরায়েল


ফিলিস্তিনি ঐতিহ্য চুরি করে বিশ্ব মঞ্চে কথিত ‘শান্তির’ পোশাকে মিস ইসরায়েল

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মিস ইসরায়েল ড্যানিয়েল ইয়াব্লঙ্কা তার জাতীয় পোশাক (ন্যাশনাল কস্টিউম) নিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। এই পোশাকটি জেরুজালেমের আদলে তৈরি করা হয়েছে, যার মধ্যে জলপাই গাছ, জাফা কমলা এবং তিনটি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে, এটি জেরুজালেম ও ফিলিস্তিনি ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করছে।

২৫ বছর বয়সী এই ইসরায়েলি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গত শনিবার (২১ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এই পোশাকটি প্রদর্শন করেন। খবর অনুযায়ী, তিনি যখন মঞ্চে আসেন, তখন দর্শকদের একটি অংশ তাকে দুয়োধ্বনি দেন।

ওয়াইনেট গ্লোবালের প্রতিবেদন অনুসারে, পোশাকটি ডিজাইন করেছেন জ্যাকব মেইর, যিনি জেরুজালেমে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। এই পোশাকটি ইসরায়েলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উন্নয়ন এবং শান্তির আকাঙ্ক্ষাকে তুলে ধরার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাবে তুরস্ক: এরদোয়ান

পোশাকটির মধ্যে সোনালি ও নীল রঙের কারুকাজ করা বডিস্যুটের সঙ্গে একটি বড় কেপ বা উত্তরীয় ছিল, যেখানে জেরুজালেমের পুরাতন শহর, জলপাই গাছ এবং জাফা কমলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। উত্তরীয়টিতে হিব্রু, আরবি ও ইংরেজি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা ছিল।

পোশাকটি পরিচয় করিয়ে দেওয়ার সময় উপস্থাপক এটিকে "এমন এক ভূমির প্রতি শ্রদ্ধাঞ্জলি, যেখানে ইতিহাস বেঁচে আছে, সংস্কৃতির মিলন ঘটে এবং মরুভূমিতেও ফুল ফোটে" বলে বর্ণনা করেন। তিনি আরও উল্লেখ করেন, "ইসরায়েলের রূপান্তরে অনুপ্রাণিত এই পোশাকটি এমন এক জাতির গল্প বলে, যারা রুক্ষ ভূমিকে সমৃদ্ধ কৃষি সম্প্রদায়ে পরিণত করেছে। সত্যিই, ইসরায়েলে সবুজের সমারোহ ঘটবে।"

পোশাক প্রদর্শনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই এটিকে ফিলিস্তিনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতীক আত্মসাৎ বা চুরির শামিল বলে অভিহিত করেছেন। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পোশাকে ‘শান্তির’ বার্তা দেওয়াকেও অনেকে প্রশ্নবিদ্ধ করেছেন। কিছু ব্যবহারকারী দাবি করেছেন, পোশাকের কিছু নকশা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

ড্যানিয়েল ইয়াব্লঙ্কার প্রতিক্রিয়া

আরও পড়ুন: তেহরানের যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ সব উপায়ে প্রতিহতের হুঁশিয়ারি

সমালোচনার প্রেক্ষিতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইয়াব্লঙ্কা জানান, তার পোশাকের শান্তির বার্তাটি বিতর্কিত হয়ে ওঠায় তিনি ব্যথিত।

তিনি লেখেন, "আমি একজন ইসরায়েলি নারী, যে শান্তিতে গভীরভাবে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি ইসরায়েলি এবং ফিলিস্তিনি—উভয়েরই মর্যাদা, নিরাপত্তা, স্বাধীনতা এবং একটি সুন্দর ভবিষ্যতের আশা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে।" তিনি আরও দাবি করেন, পোশাকটি তৈরি করা হয়েছিল নিজের ঐতিহ্যকে উদযাপন করার জন্য; এতে কারও ইতিহাস, পরিচয় বা ভূমির সঙ্গে তাদের সম্পর্ক মুছে ফেলার কোনো উদ্দেশ্য ছিল না।

পোশাকের ডিজাইনার জ্যাকব মেইর বলেন, তিনটি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখার মাধ্যমে জেরুজালেমকে যারা নিজেদের ঘর মনে করেন, তাদের সবার নিরাপত্তা, মর্যাদা ও সহমর্মিতার সঙ্গে বসবাসের আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। ইয়াব্লঙ্কাও জানান, এই পোশাকটি এমন এক ভবিষ্যতের আশা বহন করে যেখানে মানুষ একসঙ্গে বেড়ে উঠতে, সহাবস্থান করতে এবং শান্তির বীজ বপন করতে পারবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনলাইনে ব্যবহারকারীরা এই পোশাক এবং এর শান্তির বার্তা নিয়ে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "ইসরায়েল শান্তির কথা বলছে, হাস্যকর!" অন্য একজন মন্তব্য করেছেন, "যে জলপাই গাছগুলো ইসরায়েল পুড়িয়ে দেয়, সেগুলোই পোশাকে!" আরেকজন তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "ইসরায়েলের কাছ থেকে শান্তির বার্তা??? হাস্যকর!"

আরও পড়ুন: ইরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী নীতি’ দায়ী: মেদভেদেভ

এছাড়া পোশাকের নকশা এআই দিয়ে তৈরি—এমন দাবি নিয়েও হাস্যরস চলছে। একজন মন্তব্য করেছেন, "মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এআই-জেনারেটেড পোশাক পরাটা অনেকটা প্রজেক্ট জমা দেওয়ার আগের রাতে মা-বাবার হাতে বিজ্ঞান প্রজেক্ট করিয়ে নেওয়ার মতো।" অন্য একজন লিখেছেন, "এআই আর্ট ছাড়া আর কিছু হলো না!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী নীতি’ দায়ী: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


ইরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী নীতি’ দায়ী: মেদভেদেভ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং এর পেছনে ওয়াশিংটনের দেখানো যুক্তি সম্পর্কে তীব্র প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য অনুযায়ী, ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে, তা মূলত পশ্চিমা বিশ্বের ‘দ্বিমুখী নীতি’ এবং গোপন ভূরাজনৈতিক এজেন্ডার প্রতিফলন।

মেদভেদেভ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক নিবন্ধে এই মন্তব্য করেন। নিবন্ধে তিনি উল্লেখ করেন যে, ইরান বারবার পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) প্রতি নিজেদের অঙ্গীকারের কথা স্পষ্ট করে আসলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ওপর হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থাকে রক্ষা করার অজুহাত দেখালেও এর আড়ালে ভিন্ন উদ্দেশ্য কাজ করছে।

এটি উল্লেখযোগ্য যে, ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী একটি দেশ এবং তারা বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

তবে সাম্প্রতিক সময়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং দেশটির শীর্ষ নেতা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার ঘটনার পর তেহরানের অবস্থানে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসা এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে পারমাণবিক বোমা তৈরির বিষয়টি নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় এলজিইডির ক্রিম্প-ক্রিলিক প্রকল্প পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


ঢাকায় এলজিইডির ক্রিম্প-ক্রিলিক প্রকল্প পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন

ঢাকায় জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের (কেএফডব্লিউ) একটি রিভিউ মিশন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং’ (ক্রিম্প) প্রকল্প এবং এর আওতাধীন ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার’ (ক্রিলিক)-এর কার্যক্রম পর্যালোচনা করতে এসেছে।

মিশনটির কার্যক্রম গতকাল রোববার ক্রিলিকের কাজের অগ্রগতি পর্যালোচনা সভার মাধ্যমে শুরু হয়।

এই মিশন দলের নেতৃত্ব দিচ্ছেন কেএফডব্লিউর পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হ্যাংগস্ট। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রিন্সিপাল টেকনিক্যাল এক্সপার্ট পিটার রোনি এবং পোর্টফোলিও কোঅর্ডিনেটর (আরবান ডেভেলপমেন্ট) এস কে তৌহিদুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিশন দলটি রোববার সকালে ক্রিলিকের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করে। এই সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে, দলটি ক্রিম্প প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা সভায় যোগ দেয়।

একই দিন দুপুরে মিশনের কিক-অফ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ উপস্থিত ছিলেন। এ সময় ক্রিম্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক প্রকল্পের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরতে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। সভায় ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী ও সহকারী প্রকৌশলী এবং ডিএমএস কনসালট্যান্টের টিম লিডার ও ডেপুটি টিম লিডারসহ বিভিন্ন পর্যায়ের পরামর্শকেরা অংশ নেন।

মিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি ক্রিলিকের কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জার্মান দূতাবাসের সঙ্গে বৈঠক করবে।– প্রেস বিজ্ঞপ্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিকেলে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম প্রকাশ রানা মেম্বার (৩৬), হারুন অর রশিদের ছেলে শরীফুল ইসলাম প্রকাশ রিয়াজ (২৬) ও বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (৪৩)।

তাদের মধ্যে শহিদুল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, শরিফুল ছাত্রলীগ নেতা এবং শিমুল চন্দ্র দাস বারইয়ারহাট পৌরসভার যুবলীগ নেতা।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সোমবার ভোর থেকে পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একই দিন দুপুরে তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়ার টাকার জন্য বৃদ্ধা লুৎফুর নাহারকে খুন করেছে সিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


জুয়ার টাকার জন্য বৃদ্ধা লুৎফুর নাহারকে খুন করেছে সিয়াম

চাঁদপুর শহরের একটি বহুতল ফ্ল্যাট বাসায় বৃদ্ধা লুৎফুর নাহার হত্যার ঘটনায় সিয়াম প্রধানিয়া (১৬) নামের এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি জানান, নিহতের আপন মেয়ে জান্নাত বেগমের সন্তান সিয়াম প্রধানিয়া। অনলাইনে জুয়া খেলার টাকার লোভে, সিয়াম নানি লুৎফুর নাহারকে বাসায় একা পেয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিতে গলা কেটে নির্মমভাবে হত্যা করে।

ঘটনাটি ঘটে গত ১৮ নভেম্বর রাতে। হত্যার পর সিয়াম গা ঢাকা দেয়। সোমবার সকালে সদর মডেল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এ সময় পুলিশ বৃদ্ধার ছিনিয়ে নেয়া স্বর্ণালংকার উদ্ধার করে। নিহতের মেয়ে নাহিদা খান সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

সিয়াম প্রধানিয়া জেলার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হত্যাকাণ্ডের দায় স্বীকার করার পর বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্ত সিয়ামকে জেলহাজতে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%