মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:০৬ এম
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি রিসোর্টকে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে দ্বীপের বিভিন্ন রিসোর্টে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় বিভিন্ন রিসোর্টের পরিবেশগত অবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় কিছু রিসোর্ট কর্তৃপক্ষকে পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় সতর্কতা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।
অভিযানে ‘সেন্ট ক্যাসেল’ নামক রিসোর্টে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। রিসোর্ট কর্তৃপক্ষ প্রথমে এই কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে সরেজমিনে অভিযানে অনিয়মের প্রমাণ শনাক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের বিষয়টিও প্রমাণিত হয়েছে। এসব অনিয়মের কারণে মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্টটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মাহমুদুর রহমান সায়েম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ