মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০৭ এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় কার্যকর করার জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করেছে।
এ তথ্য জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। উভয় পক্ষ সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনার মধ্যে কপ৩১ জলবায়ু সম্মেলনে উচ্চপর্যায়ের বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।
ব্রিটিশ হাইকমিশনার প্রতিমন্ত্রীকে জানান, কপ৩১ সম্মেলনে যুক্তরাজ্য নতুন একটি জলবায়ু বিনিয়োগ তহবিলের আওতায় প্রাথমিকভাবে ৪০০ মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এই তহবিলের লক্ষ্য হলো পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করা।
এ তহবিল ব্যবস্থার আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও জলবায়ু বিনিয়োগ আকৃষ্ট করার উপায় নিয়েও আলোচনা হয়।
এছাড়া, আগাম সতর্কতা ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে সহযোগিতা নিয়ে দুই পক্ষ আলোচনা করেন।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজে’র সাম্প্রতিক রায়কে স্বাগত জানান শামা ওবায়েদ ইসলাম।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে।
রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও জোরদারে যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে অব্যাহত সমর্থনের জন্য তিনি যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান।
রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার ভূমিকা রাখায় যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবরা সোফিকেও ধন্যবাদ জানান শামা ওবায়েদ। কক্সবাজারের শরণার্থী শিবিরে তার সাম্প্রতিক সফরসহ রোহিঙ্গাদের জন্য বিভিন্ন উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সহায়তা করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন সারাহ কুক।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সৃজনশীল অর্থনীতি, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হয়।
সম্প্রতি যুক্তরাজ্য সফরের কথা উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের সিট দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ঘটে। সংঘর্ষের ফলে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন আহত হয়েছেন।
এ ঘটনা সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৭১৭ নম্বর কক্ষের একটি সিটকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সভাপতি গ্রুপের কয়েকজন জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এসময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।
এই সংঘর্ষের সময় জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন এবং শুভ ব্রহ্মচারী নামের এক শিক্ষার্থী আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, "বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা নিজেদের দোষ ঢাকতে আমার গ্রুপের ওপর দোষ চাপাচ্ছে।"
বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, "আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কি কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত করার পর বলা যাবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার আসামি মো. জয়লাল মুন্সি ফরিদপুরের নগরকান্দায় তার নানাবাড়িতে আত্মগোপন করে ছিলেন। যদিও তিনি সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন, তবুও শেষ রক্ষা তার হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া জয়লাল মুন্সি চরযোশরদী গ্রামের জাহাঙ্গীর মুন্সির পুত্র। তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাগাড়া গ্রামে অবস্থিত। তবে, তিনি দীর্ঘ সময় ধরে নগরকান্দায় তার নানাবাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, জয়লাল মুন্সির বিরুদ্ধে সম্প্রতি ঘটে যাওয়া এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পাশাপাশি, নগরকান্দা থানায় দায়ের করা নাশকতার মামলাতেও তিনি আসামি। দুই থানার মামলায় তার সম্পৃক্ততার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, "নগরকান্দা থানায় দায়ের করা নাশকতার মামলার আসামি জয়লাল মুন্সি মুকসুদপুর থানার নাশকতার মামলারও আসামি। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোরশেদুল আলমকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
পুলিশের সূত্র অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর, তাকে চন্দনাইশ থানায় নিয়ে আসা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অক্টোবর-২০২৬ মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। জেলা পুলিশের মাসিক মূল্যায়নে তাঁর কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
গত ২৩ নভেম্বর সোমবার কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা ও মূল্যায়ন সভায় অক্টোবর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পরে তিনি জেলার শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (কিশোরগঞ্জ সদর সার্কেল) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কটিয়াদী সার্কেল) মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মণ্ডলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং উদ্ধার কার্যক্রমের নানা দিক পর্যালোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কটিয়াদী মডেল থানায় যোগদানের পর থেকেই ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধপ্রবণ এলাকায় টহল ও তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের মাধ্যমে তিনি স্থানীয়ভাবে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছেন। বিশেষত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে তাঁর নেতৃত্বে কটিয়াদী থানা পুলিশের ভূমিকা জেলার মূল্যায়নে প্রশংসিত হয়।
তাঁর এই অর্জনে স্থানীয় পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই স্বীকৃতি কটিয়াদী উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন।
নিজের অনুভূতি জানিয়ে ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এই সম্মাননা শুধু আমার একার ব্যক্তিগত অর্জন নয়, বরং কটিয়াদী থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি এই অর্জন কটিয়াদীবাসীকে উৎসর্গ করেন এবং ভবিষ্যতেও মাদক, জুয়া ও অপরাধমুক্ত সমাজ গড়া ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান।
কটিয়াদীবাসীর প্রত্যাশা, এই স্বীকৃতি তাঁর নেতৃত্বে থানা পুলিশের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ