প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মিস ইসরায়েল ড্যানিয়েল ইয়াব্লঙ্কা তার জাতীয় পোশাক (ন্যাশনাল কস্টিউম) নিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। এই পোশাকটি জেরুজালেমের আদলে তৈরি করা হয়েছে, যার মধ্যে জলপাই গাছ, জাফা কমলা এবং তিনটি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে, এটি জেরুজালেম ও ফিলিস্তিনি ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করছে।
২৫ বছর বয়সী এই ইসরায়েলি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গত শনিবার (২১ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এই পোশাকটি প্রদর্শন করেন। খবর অনুযায়ী, তিনি যখন মঞ্চে আসেন, তখন দর্শকদের একটি অংশ তাকে দুয়োধ্বনি দেন।
ওয়াইনেট গ্লোবালের প্রতিবেদন অনুসারে, পোশাকটি ডিজাইন করেছেন জ্যাকব মেইর, যিনি জেরুজালেমে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। এই পোশাকটি ইসরায়েলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উন্নয়ন এবং শান্তির আকাঙ্ক্ষাকে তুলে ধরার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
পোশাকটির মধ্যে সোনালি ও নীল রঙের কারুকাজ করা বডিস্যুটের সঙ্গে একটি বড় কেপ বা উত্তরীয় ছিল, যেখানে জেরুজালেমের পুরাতন শহর, জলপাই গাছ এবং জাফা কমলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। উত্তরীয়টিতে হিব্রু, আরবি ও ইংরেজি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা ছিল।
পোশাকটি পরিচয় করিয়ে দেওয়ার সময় উপস্থাপক এটিকে "এমন এক ভূমির প্রতি শ্রদ্ধাঞ্জলি, যেখানে ইতিহাস বেঁচে আছে, সংস্কৃতির মিলন ঘটে এবং মরুভূমিতেও ফুল ফোটে" বলে বর্ণনা করেন। তিনি আরও উল্লেখ করেন, "ইসরায়েলের রূপান্তরে অনুপ্রাণিত এই পোশাকটি এমন এক জাতির গল্প বলে, যারা রুক্ষ ভূমিকে সমৃদ্ধ কৃষি সম্প্রদায়ে পরিণত করেছে। সত্যিই, ইসরায়েলে সবুজের সমারোহ ঘটবে।"
পোশাক প্রদর্শনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই এটিকে ফিলিস্তিনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতীক আত্মসাৎ বা চুরির শামিল বলে অভিহিত করেছেন। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পোশাকে ‘শান্তির’ বার্তা দেওয়াকেও অনেকে প্রশ্নবিদ্ধ করেছেন। কিছু ব্যবহারকারী দাবি করেছেন, পোশাকের কিছু নকশা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
ড্যানিয়েল ইয়াব্লঙ্কার প্রতিক্রিয়া
সমালোচনার প্রেক্ষিতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইয়াব্লঙ্কা জানান, তার পোশাকের শান্তির বার্তাটি বিতর্কিত হয়ে ওঠায় তিনি ব্যথিত।
তিনি লেখেন, "আমি একজন ইসরায়েলি নারী, যে শান্তিতে গভীরভাবে বিশ্বাস করে। আমি বিশ্বাস করি ইসরায়েলি এবং ফিলিস্তিনি—উভয়েরই মর্যাদা, নিরাপত্তা, স্বাধীনতা এবং একটি সুন্দর ভবিষ্যতের আশা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে।" তিনি আরও দাবি করেন, পোশাকটি তৈরি করা হয়েছিল নিজের ঐতিহ্যকে উদযাপন করার জন্য; এতে কারও ইতিহাস, পরিচয় বা ভূমির সঙ্গে তাদের সম্পর্ক মুছে ফেলার কোনো উদ্দেশ্য ছিল না।
পোশাকের ডিজাইনার জ্যাকব মেইর বলেন, তিনটি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখার মাধ্যমে জেরুজালেমকে যারা নিজেদের ঘর মনে করেন, তাদের সবার নিরাপত্তা, মর্যাদা ও সহমর্মিতার সঙ্গে বসবাসের আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। ইয়াব্লঙ্কাও জানান, এই পোশাকটি এমন এক ভবিষ্যতের আশা বহন করে যেখানে মানুষ একসঙ্গে বেড়ে উঠতে, সহাবস্থান করতে এবং শান্তির বীজ বপন করতে পারবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনলাইনে ব্যবহারকারীরা এই পোশাক এবং এর শান্তির বার্তা নিয়ে ব্যাপক ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "ইসরায়েল শান্তির কথা বলছে, হাস্যকর!" অন্য একজন মন্তব্য করেছেন, "যে জলপাই গাছগুলো ইসরায়েল পুড়িয়ে দেয়, সেগুলোই পোশাকে!" আরেকজন তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "ইসরায়েলের কাছ থেকে শান্তির বার্তা??? হাস্যকর!"
এছাড়া পোশাকের নকশা এআই দিয়ে তৈরি—এমন দাবি নিয়েও হাস্যরস চলছে। একজন মন্তব্য করেছেন, "মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এআই-জেনারেটেড পোশাক পরাটা অনেকটা প্রজেক্ট জমা দেওয়ার আগের রাতে মা-বাবার হাতে বিজ্ঞান প্রজেক্ট করিয়ে নেওয়ার মতো।" অন্য একজন লিখেছেন, "এআই আর্ট ছাড়া আর কিছু হলো না!"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন