ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না: মির্জা ফখরুল


ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের ভাষায় বলা হচ্ছে, সরকারকে পাঁচ বছরও যেতে দেয়া হবে না।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‌‘টেকসই গণতন্ত্রে, গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের এখনো পাঁচ মাসও হয়নি। কিন্তু বলা হচ্ছে সরকার ব্যর্থ। এমন অসহিষ্ণুতা নিয়ে গণতন্ত্র টেকসই করা যায় না।’

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের মোড় ঘোরেনি মোদি-শি বৈঠকেও

শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে উল্টো গণতন্ত্রকে ধ্বংস করেছে, এমন মন্তব্য করেছেন তিনি। ‘একইসঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করেছে,’ বলেন মির্জা ফখরুল।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘একদম ফ্যাসিস্ট ও হাসিনার ভাষায় বলা হচ্ছে, পাঁচ বছরও যেতে দেবো না। তার আগেই শেষ করে দেবো। এগুলো তো ভয়ংকর ভাষা।’

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হলো, তা গণতন্ত্রের সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা করা যায় বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা ৩১ শতাংশে নেমেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য সুখবর দিল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য সুখবর দিল ফেসবুক

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য ফেসবুক সুখবর দিচ্ছে।

এটি বিশেষত বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। ফেসবুক, যা মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ যুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।

তবে, সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, এ সম্পর্কিত তথ্য উঠে এসেছে।

যদি বিকাশ পেমেন্ট চালু হয়, তাহলে আন্তর্জাতিক কার্ডের উপর নির্ভরতা কমবে এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের বিজ্ঞাপন পরিচালনা আরো সহজ হতে পারে, মনে করছে সংশ্লিষ্টরা।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে যে, অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ অপশনও যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে কিছু ব্যবহারকারী এই নতুন সুবিধা ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এত দিন ধরে বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা অথবা অন্যান্য ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক নতুন উদ্যোক্তার জন্য এসব শর্ত পূর্ণ করা যথেষ্ট ব্যয়বহুল এবং জটিল ছিল।

এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরের ঐতিহ্যবাহী গিরিজা খালে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


দিনাজপুরের ঐতিহ্যবাহী গিরিজা খালে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন

শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী গিরিজা খালে ময়লা আবর্জনা পরিষ্কারের লক্ষ্যে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করা হয়েছে।

গতকাল বৃহসপতিবার রাতে দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি মিডিয়া সেল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসসকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রটি জানাচ্ছে, শহরের মিশন রোড, ষষ্ঠীতলা ও দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে বিজিবি দিনাজপুর সেক্টর ও সদর ব্যাটালিয়ন ৪২ বিজিবির উদ্যোগে গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম চলমান রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘসময় ধরে শহরের মধ্য দিয়ে প্রবাহিত গিরিজা খালটি স্থানীয় গৃহস্থালী বর্জ্য, পরিত্যক্ত আবর্জনা, ময়লা ও নোংরা পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণা-বেক্ষণের অভাবে খালটিতে বিপুল পরিমাণ বর্জ্য, পলি, কচুরিপানা ও আগাছা জমে পানি প্রবাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ফলে খালের বিস্তীর্ণ অংশ জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। জমে থাকা পচনশীল বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশকে অস্বাস্থ্যকর করে ফেলেছে।

এ অবস্থায় খাল-সম্পর্কিত এলাকায় সপরিবারে বসবাসরত বিজিবি সদস্য, তাদের পরিবারবর্গ, স্থানীয় বেসামরিক ব্যক্তি ও সাধারণ জনগণ দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তি ও স্বাস্থ্য-ঝুঁকির মধ্যে পড়েছেন।

পানি জমে থাকায় মশা, মাছি, সাপসহ বিভিন্ন ক্ষতিকর পোকা-মাকড়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়ে গেছে।

বিশেষ করে উল্লেখ করা হচ্ছে, খালটির পাশে শহীদ কর্ণেল কুদরত ইলাহী পাবলিক স্কুল ও কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

জনস্বাস্থ্য সুরক্ষা, দুর্গন্ধ দূরীকরণ, মশা-বাহিত রোগ প্রতিরোধ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে এবং সদর ৪২ বিজিবির তত্ত্বাবধানে এই খালটির পরিষ্কার ও খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে ২২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বিজিবির নিজস্ব জনবল ও শ্রমিকদের সহায়তায় খালের ময়লা-আবর্জনা, কচুরিপানা ও আগাছা অপসারণ করা হয়েছে।

পরবর্তীতে ৪ আগস্ট থেকে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের একটি এক্সকাভেটরের সহযোগিতায় খালে ড্রেজিং ব্যবহারের মাধ্যমে পুনঃখনন ও সংস্কার কার্যক্রম শুরু হয়, যা বর্তমানে অব্যাহত রয়েছে।

দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি বলেছেন, গিরিজা খাল সম্পূর্ণভাবে পরিষ্কার ও পুনঃখনন শেষ হলে, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং মশা, মাছি, সাপ ও অন্যান্য ক্ষতিকর পোকা-মাকড়ের উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে শিক্ষার্থী, বিজিবি সদস্য ও তাদের পরিবার এবং স্থানীয় জনগণ স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত ভোগান্তি থেকে মুক্তি লাভ করবেন।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আইনমন্ত্রী

আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। আমিও বিশ্বাস করতে চাই, উনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাঁটুক।’

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সম্পর্কে আমার বলার একটাই কথা, আমরা অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশকে খুন করেননি, আমরা অস্বীকার করতে পারি না যে উনি খুন, গুম, গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান, তাহলে অবশ্যই তিনি আসবেন।’

মন্ত্রী বলেন, ‘আমার স্বপ্নের বিচার বিভাগ হলো, যেখানে একজন গরিব, অসহায় মানুষ যাতে অনুভব করতে পারে, সৃষ্টিকর্তার পরেই যেখানে গেলে মানুষ তার আস্থা এবং বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার বিভাগ চাই আমি। সেই বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে।’

তিনি আরও বলেন, ‘বিচার বিভাগ নিয়ে আপনার কাছে সমস্যা একরকম, আমার কাছে সমস্যা আরেক রকম। কেউ বলবেন বিচার বিভাগ দুর্নীতিতে ছেয়ে গেছে, অনেকেই বলবেন টাউট-বাটপারিতে ছেয়ে গেছে। অনেকেই বলবেন স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো, মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। আমি যদি বিচারককে পেশা হিসেবে বেছে নিই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি আর দশটা চাকরির মতোই চাকরি করতে আসছি। বিচারকদের মনে রাখতে হবে, আমি এখানে এসেছি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য।’

আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার ফেরা নিয়ে যারা বেশি কথা বলছেন, আপনাদের বলব, একবার বুকের ওপর নিজের হাতটা রেখে বলুন তো, এতগুলো অপরাধের পরেও উনি জনগণের কাছে, মানুষের কাছে ক্ষমা চেয়েছেন কিনা? একবারের জন্যও হাসিনার মনে হয়েছে কিনা যে আমরা অপরাধ করেছি?’

মতবিনিময় ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছরে মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


৫ বছরে মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন দ্বিপক্ষীয় বিদেশ সফরে কেন্দ্রীয় সরকারের ব্যয় হয়েছে প্রায় ৭৫ কোটি রুপি। একই সঙ্গে ২০২১ সাল থেকে এ পর্যন্ত তার বিদেশ সফরে মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৫৫৭ কোটি রুপি।

বৃহস্পতিবার রাজ্যসভায় লিখিত এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এ তথ্য জানিয়েছে। আম আদমি পার্টির (এএপি) সাংসদ সঞ্জয় সিং এবং ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) সাংসদ ভি শিবদাসনের প্রশ্নের জবাব দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এই তথ্য দেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৭৯৭ রুপি (প্রায় ৭৪ দশমিক ৫৯ কোটি)। এই সময়কালে তিনি মালয়েশিয়া, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালি, ফ্রান্স, স্লোভাকিয়া, সিশেলস, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, মোট ১৩টি দেশের সফর করেছেন।

চলতি বছরে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে মে মাসের দ্বিতীয়ার্ধে নরওয়ে সফরে, যেখানে খরচ হয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৯০ রুপি। এর পর রয়েছে ফেব্রুয়ারিতে ইসরাইল সফর, যেখানে ব্যয় হয়েছে ১১ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৯৩৮ রুপি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, ২০২১ সাল থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরে মোট ব্যয় হয়েছে ৫৫৭ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ১৮ রুপি ৫৬ পয়সা (প্রায় ৫৫৭ দশমিক ৫১ কোটি)। গত বছর সবচেয়ে বেশি ব্যয় হয়েছিল ফেব্রুয়ারির ফ্রান্স সফরের জন্য, যার খরচ ছিল ২৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৯০২ রুপি।

রাজ্যসভায় দেওয়া জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেস নেতৃত্বাধীন আগের সরকারের সময় প্রধানমন্ত্রীর কয়েকটি বিদেশ সফরের ব্যয়ের তথ্যও প্রকাশ করেছে। এই অনুযায়ী, ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফরে ব্যয় হয়েছিল ১০ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৩৬৩ রুপি, একই বছরে ফ্রান্স সফরে ৮ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ৪৬৩ রুপি। ২০১৩ সালে রাশিয়া সফরে ব্যয় হয়েছিল ৯ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৮৯০ রুপি এবং জার্মানি সফরে ব্যয় হয়েছিল ৬ কোটি ২ লাখ ২৩ হাজার ৪৮৪ রুপি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব ব্যয়ের হিসাব প্রকৃত ব্যয়ের ভিত্তিতে দেওয়া হয়েছে এবং এতে মূল্যস্ফীতি বা মুদ্রার বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নেওয়া হয়নি।

মোদির বিদেশ সফরের কর্মসূচিতে সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক, প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময়, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, স্মৃতিসৌধ পরিদর্শন এবং রাষ্ট্রীয় ভোজসভা অন্তর্ভুক্ত থাকে। তিনি বিদেশ সফরের সময় ভারতীয় বিমানবাহিনীর বিশেষ স্কোয়াড্রন পরিচালিত ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ উড়োজাহাজে ভ্রমণ করেন। সফরের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) নিরাপত্তা সদস্যরা তার সঙ্গে থাকেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%