০৫:৩১ পি.এম
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নাজাত’ সম্পর্কে দর্শকদের মধ্যে বর্তমানে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর গল্প ও চরিত্র নিয়ে চলছে নানা আলোচনা। প্রতিটি পর্বের পর দর্শকেরা নতুন মোড়ের জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে শেষ পর্যন্ত গল্পের গতি এবং চরিত্রগুলোর পরিণতি নিয়ে কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে ধারাবাহিকটির অভিনেত্রী রোমাইসা খানের একটি ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে তিনি গল্পের শেষ সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন, যা শুনে দর্শকেরা চমকে যেতে পারেন।
রোমাইসা হামনা চরিত্রে অভিনয় করছেন। শনিবার (৭ নভেম্বর) তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি তার চরিত্রটিকে ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানান। এরপর তিনি দাবি করেন যে পুরস্কার হিসেবে ধারাবাহিকের পরবর্তী ঘটনাগুলি জানাবেন।
রোমাইসার বক্তব্য অনুযায়ী, ধারাবাহিকের প্রধান নারী চরিত্র জারিয়াব, যার ভূমিকায় অভিনয় করছেন দুরে ফিশান সেলিম, গল্পের শেষদিকে তুরস্কে চলে যাবেন। সেখানে তার দেখা হবে ঐতিহাসিক তুর্কি নেতা আরতুগ্রুলের সঙ্গে। উল্লেখ্য, আরতুগ্রুল জারিয়াবের সাবেক প্রেমিক জামিলের চাচাতো ভাই। এর ফলে হামনার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্কও তৈরি হবে।
আরও পড়ুন: পরীমনির বাদ পড়া অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি
এরপর রোমাইসা জানান যে গল্পে আরো অদ্ভুত মোড় আসবে। তার দাবি, জারিয়াবের স্বামী আবু বকর, যার চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার, স্ত্রীর হারানো ভালোবাসায় ভেঙে পড়ে মোটিভেশনাল স্পিকার হয়ে যাবেন। তিনি ‘লেটস মুভ অন’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করবেন, যেখানে সামনের সারিতে জামিলকে দেখা যাবে।
এছাড়া, জামিল আবু বকরকে জানাবেন যে তার মা খুশবখতও জামিলের মা। অর্থাৎ তারা দুজন সৎভাই। সম্পর্কের এই জটিলতায় বিরক্ত হয়ে হামনা দুবাই চলে যাবেন এবং সেখানে রিয়েল এস্টেট ব্যবসায় কাজ শুরু করবেন।
তবে রোমাইসার উল্লেখ করা এসব ঘটনা ধারাবাহিকের প্রকৃত গল্প নয়। পুরো বিষয়টি ছিল তার মজার ছলে বলা। ভিডিওর শেষদিকে অভিনেত্রী ভক্তদের প্রশ্ন করেন, চাকরি হারানোর ঝুঁকি নিয়ে কি তিনি সত্যিকার গল্প এভাবে ফাঁস করবেন? এরপর প্রকৃত ঘটনা জানতে দর্শকদের ধারাবাহিকটি দেখার পরামর্শ দেন।
সব মিলিয়ে রোমাইসার এই মজার গল্প দর্শকদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। তবে আসল গল্প জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের।
আরও পড়ুন: জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন, দিলেন পর্দার পরীক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন