ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন


এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর অসন্তুষ্ট হয়ে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য এ পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করার জন্য আবেদন করেছেন।

পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ছিল। তবে, কারিগরি সমস্যার কারণে আবেদন কার্যক্রম শেষ মুহূর্তে বিঘ্নিত হওয়ায় সময়সীমা বাড়িয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এই বিষয়ে শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি (অনলাইনে) ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া ৭ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়। ফলে, অনেক পরীক্ষার্থী ওই সময়ে আবেদন করতে পারেননি। পরীক্ষার্থীদের ওই বিষয়টি বিবেচনায় নিয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ তারিখ দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সূত্রমতে, গত ৩১ অক্টোবর প্রকাশিত এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি দেখা গেছে। এবারের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অর্থাৎ, এবারে প্রায় অর্ধেক পরীক্ষার্থী পাস করতে পারেননি।

এদিকে, নতুন নিয়ম অনুযায়ী ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের জন্য আবেদনের সুযোগ পাচ্ছেন। গত ১ নভেম্বর থেকে এই আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। ফল পরিবর্তনের আশায় সংশ্লিষ্টরা এই আবেদন করছেন।

এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছিল। ওই সময় নতুন করে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৮৫ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের। নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের।

আরও পড়ুন: শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনে উল্লেখিত তথ্য

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন মোট পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ২ হাজার ৫২ জন খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিতলা হাটে পাতা খেলার নামে অশ্লীল নৃত্যের অভিযোগ, শহীদ মিনার ঘিরে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

গাইবান্ধা প্রতিনিধি:

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ এম


পানিতলা হাটে পাতা খেলার নামে অশ্লীল নৃত্যের অভিযোগ, শহীদ মিনার ঘিরে ক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা হাটে পাতা খেলার নামে অশ্লীল নৃত্য ও আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বিশেষ করে ভাষাশহীদদের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের ওপর নৃত্য পরিবেশনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে অভিযোগ, পানিতলা হাটে পাতা খেলার আয়োজনের আড়ালে নৃত্যসহ বিভিন্ন আপত্তিকর কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আর এসব কর্মকাণ্ডের জন্য শহীদ মিনারকে মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শহীদ মিনার বাঙালি জাতির ভাষা আন্দোলন, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের ভাষাশহীদদের স্মৃতিবিজড়িত এই স্থাপনার ওপর এমন আয়োজনের অভিযোগে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক একটি স্থানে এ ধরনের কর্মকাণ্ড কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

স্থানীয়দের দাবি, পাতা খেলার নামে কী ধরনের আয়োজন চলছে, এর বৈধ অনুমতি রয়েছে কি না এবং শহীদ মিনার ব্যবহারের অনুমোদন কে দিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শহীদ মিনারের মর্যাদা রক্ষার দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে জমি বিরোধে সৎ মামাকে কুপিয়ে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অভিযুক্তদের বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ এম


বরিশালে জমি বিরোধে সৎ মামাকে কুপিয়ে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অভিযুক্তদের বাড়ি

ভাগনে মিরাজসহ তিনজন আটক, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে নিহতের মরদেহ

বরিশাল নগরীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সৎ ভাগনে সুরজ হোসেন মিরাজ (২৫) ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মিরাজসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পুরানপাড়া বটতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামরুল ইসলামের সঙ্গে তাঁর সৎ ভাগনে সুরজ হোসেন মিরাজ ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় মিরাজ ও তাঁর স্বজনদের বিরুদ্ধে কামরুল ইসলামকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুল ইসলামকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে কামরুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সুরজ হোসেন মিরাজ, আনোয়ার ও খাদিজা নামের তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত এ হত্যাকাণ্ড এবং পরবর্তী অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা এবং বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের টিকা বিতরণে অনিয়মের তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ এম


হামের টিকা বিতরণে অনিয়মের তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

সরকার হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের তদন্তের জন্য তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিশন গঠন করেছে। এই কমিশন ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারের দায়-দায়িত্বও নির্ধারণ করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ গত বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কমিশনের সভাপতি হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান নিয়োগ পেয়েছেন। কমিশনের অন্যান্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হামের টিকা ক্রয় ও বিতরণ কার্যক্রমে বিলম্বের কারণ, অনিয়ম বা প্রশাসনিক ব্যর্থতা ছিল কি না এবং এসব ঘটনার জন্য কারা দায়ী, তা তদন্ত করে কমিশন চিহ্নিত করবে। কমিশন ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ করবে। প্রয়োজন মনে করলে কমিশন সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও সুপারিশ দিতে পারবে।

তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কমিশনকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশন দেশের যেকোনো স্থানে পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।

প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনকে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিশনের কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য সেবা বিভাগ প্রয়োজনীয় সাচিবিক সহায়তা ও অন্যান্য সহযোগিতা প্রদান করবে। তদন্তের ব্যয় নির্বাহ এবং কার্যক্রমে সহায়তার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ কিংবা এর অধীনস্থ প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটি ছাড়াই ৪২ শিক্ষককে নিয়ে কক্সবাজার ভ্রমণে দুই সহকারী শিক্ষা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ এম


ছুটি ছাড়াই ৪২ শিক্ষককে নিয়ে কক্সবাজার ভ্রমণে দুই সহকারী শিক্ষা কর্মকর্তা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতিতে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হলেও ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।

বিদ্যালয়ে উপস্থিত থেকে নির্ধারিত কর্মসূচি পালনের পরিবর্তে তারা কক্সবাজারে আনন্দ ভ্রমণে গেছেন। তাদের সঙ্গে রয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও)। সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষকদের এমন ভ্রমণে যাওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে উপস্থিত থেকে বিশেষ কর্মসূচি পালনের কথা থাকলেও সংশ্লিষ্ট শিক্ষকরা দায়িত্ব পালন না করে আনন্দ ভ্রমণে গেছেন। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা থাকলেও শিক্ষকরা নিজেরাই অনুপস্থিত। এতে তাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এক অভিভাবক বলেন, "আমাদের সন্তানদের বিদ্যালয়ে আসতে বলা হয়েছে, অথচ শিক্ষকরা নিজেরাই বিদ্যালয়ে না এসে আনন্দ ভ্রমণে গেছেন। এটা কেমন কথা? শিক্ষকদের এমন দায়িত্বহীনতা মেনে নেওয়া যায় না।"

জানা গেছে, গত ৫ নভেম্বর বিকেলে সদরপুর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। তাদের এ ভ্রমণ শেষ হবে ৯ নভেম্বর সকালে।

ভ্রমণে অংশ নেওয়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা হলেন— চর বিষ্ণুপুর কলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লুৎফুন্নেছা, জরিপের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নওরোজ আল ফারুকী, ৩২ নম্বর ডিক্রীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম বাবুল, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান, নলেটেক-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কবির উদ্দিন মোল্লা, চর বলাসিয়া মোল্লা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মশিউর রহমান, রাজারচর ওযাবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিন্নাত আলী এবং হাকিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এটিএম আইয়ুব আলী।

ভ্রমণে অংশ নেওয়া সহকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন— মধ্য চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমিনুল, মুন্সি চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মশিউর রহমান, নতুন সাহেবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজাহার, পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহবুব হাসান, বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সজিব, চর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাকির হোসেন, সতের রশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনোয়ার হোসেন ও সাইফুজ্জামান, চর বিষ্ণুপুর চৈতের কোলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সালাম, সুকদেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনির হোসেন, হকিয়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জালাল, ৩২ নম্বর ডিক্রীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল কুদ্দুস, দক্ষিণ চর ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু সাইদ এবং বৈদ্য ডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদুল হাসানসহ আরও ২০ জন।

এ ছাড়া ভ্রমণে রয়েছেন— সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান। তিনি আকোটেরচর ও সদরপুর ক্লাস্টারের দায়িত্বে আছেন। অন্য কর্মকর্তা ঝিল্লুর রহমান চর নাসিরপুর ক্লাস্টারের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, সকালে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের কথা রয়েছে। নিয়মিত পাঠদান বন্ধ থাকলেও এসব কর্মসূচি বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের অনুপস্থিতিতে বিদ্যালয়গুলোতে নির্ধারিত কর্মসূচি কীভাবে পালিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, "তারা গাড়িতে ‘শিক্ষা সফর’ লেখা ব্যানার লাগিয়েছেন। কিন্তু তারা তো পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভ্রমণে গেছেন। শিক্ষা সফরে সাধারণত শিক্ষার্থীরা যায়। শিক্ষকরা পরিবার নিয়ে ভ্রমণে গেলে সেটিকে শিক্ষা সফর বলা কতটা যৌক্তিক? আমরা বিদ্যালয়ে উপস্থিত থেকে সরকারি কর্মসূচি পালন করছি, আর তাঁরা আনন্দ ভ্রমণে ব্যস্ত। বিষয়টি সত্যিই দুঃখজনক।"

এ বিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও ঝিল্লুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, "তারা প্রতিবছরই ভ্রমণে যান। অনেক আগেই তাঁরা ভ্রমণের প্রস্তুতি নিয়েছিলেন। আমি প্রজ্ঞাপনটি পেয়েছি ৫ তারিখ বিকেল ৩টার দিকে। ওই দিন জেলায় আমার একটি সভা ছিল। এরপরও বিষয়টি তাঁদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছি। কিন্তু অবহিত করার পরও তাঁরা ভ্রমণে গেছেন।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, "এটি তাদের নিজস্ব দায়িত্বের বিষয়। তাদের ভ্রমণের অনুমতি দেওয়ার এখতিয়ার আমার নেই। এ জন্য আমার কাছ থেকে অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। তবে ভ্রমণের নিরাপত্তার জন্য তাঁরা গত ৪ নভেম্বর একটি আবেদন নিয়ে এসেছিলেন। আমি ওই আবেদনে স্বাক্ষর করে দিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%