০২:১৮ এম
প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ভবিষ্যতে যদি আবারও ইরানে হামলা চালাতে হয়, তাহলে তা অতীতের চেয়ে ‘আরও বেশি শক্তি’ প্রয়োগ করে করা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) এক সামরিক অনুষ্ঠানে কাৎজ এই কড়া বার্তা দেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আকাশসীমায় আধিপত্য পুনরুদ্ধার এবং যেকোনো ধরনের হুমকি নির্মূলে যুদ্ধ পুনরায় শুরুর জন্য ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এই প্রসঙ্গে কাৎজ স্পষ্ট করে বলেন, "প্রয়োজনে তৃতীয়বারও হামলা চালানো হবে। যদি আমাদের আবারও ফিরতে হয়, তবে আমরা আরও বেশি শক্তি নিয়েই ফিরব।"
আরও পড়ুন: ‘বর্তমান নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ স্থগিতে সম্মত ইউক্রেন’
ইসরায়েলের এই ঘোষণার আগের রাতে (বুধবার) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সামরিক হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।
হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক শক্তি হ্রাস করা, যাতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতায় ইরান কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে। যুক্তরাষ্ট্রের এই অভিযানে পূর্ব ইরানের ইরানশাহর, বন্দর আব্বাস, কোনারক, চাবাহার, বুশেহর এবং উত্তর-পূর্ব ইরানের আক কালা শহরের ওপর হামলা চালানো হয়।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হওয়ার কারণে এই অঞ্চলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর তুরস্কের বিরুদ্ধে সামরিক সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন