০৭:২২ পি.এম
মাদারীপুর শহরের ডিসি ব্রিজ সংলগ্ন ২ নম্বর শকুণি এলাকায় ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও মজুতের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ নকল ভোজ্যতেল, চিনি, চাল ও ডাল জব্দ করা হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের—যেমন রাধুনী ও চারুশী—মোড়ক হুবহু নকল করে নিম্নমানের খাদ্যপণ্য প্যাকেটজাত করছিল। এছাড়া এসব পণ্যের মোড়কে বাধ্যতামূলক ল্যাব টেস্ট, মান নিয়ন্ত্রণ কিংবা উৎপাদনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও পাওয়া যায়নি।
অভিযান পরিচালনাকারী মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, ভেজাল খাদ্যপণ্য মজুত ও বাজারজাত করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নাম ও মোড়ক নকল করে ভেজাল পণ্য বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া গেছে, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রশাসনের এ অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন