০৫:৪০ পি.এম
অভিনয়ের প্রতি নিবেদনই একজন শিল্পীকে বারবার নতুন গন্তব্যে নিয়ে যায়। সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী পা রাখতে চলেছেন কলকাতায়। কিংবদন্তি নির্মাতা মণি রত্নমের নতুন সিনেমার শুটিং দিয়েই শহরটিতে তাঁর নতুন অধ্যায় শুরু হচ্ছে।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মণি রত্নম তাঁর নতুন সিনেমার জন্য কলকাতাকে শুটিং লোকেশন হিসেবে বেছে নিয়েছেন। আপাতত ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’ নামে পরিচিত এ প্রকল্পে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী ও বিজয় সেতুপতি। তাদের পাশাপাশি কলকাতার কয়েকজন শিল্পীকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
জানা গেছে, চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। ক্যামেরার দায়িত্বে থাকবেন কলকাতার আলোচিত চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়।
আরও পড়ুন: হাসিনার পথেই হাঁটছে সরকার, গণভোট অস্বীকারের পরিণতি ভয়াবহ: জামায়াত আমির
প্রযোজনা সূত্রের খবর, সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে মুক্তির পরিকল্পনা রয়েছে। বাংলা ভাষায়ও মুক্তি দেওয়া হবে ছবিটি। তবে বাংলা সংস্করণে সাই পল্লবী নিজের কণ্ঠে সংলাপ বলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
এর পেছনে রয়েছে সাম্প্রতিক এক বিতর্ক। কিছুদিন আগে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে হিন্দিতে কথা বলতে গিয়ে উচ্চারণ ও সাবলীলতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলিংয়ের মুখে পড়েন সাই পল্লবী। বিষয়টি নিয়ে তাঁকে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
বর্তমানে নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত রামায়ণ সিনেমায় ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। সেই ছবির প্রচারণা ঘিরেও তাঁর হিন্দি উচ্চারণ নিয়ে আলোচনা ও সমালোচনা হয়েছে। এছাড়া সম্প্রতি আমির খান প্রোডাকশনের এক দিন সিনেমায় আমির খানের ছেলে জুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির প্রচারণা উপলক্ষে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ অনুষ্ঠানে হিন্দিতে বক্তব্য দেওয়ার সময়ও তাঁর ভাষাগত দুর্বলতা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।
এসব কারণেই মণি রত্নমের নতুন সিনেমার বাংলা ডাবিংয়ে সাই পল্লবী নিজে কণ্ঠ দেবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তবে সব জল্পনার মাঝেও কলকাতায় তাঁর নতুন সিনেমার শুটিং ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী রাজশাহী সফরে আসছেন, চারিদিকে ব্যস্ততা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন