ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ


শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী এলাকার কালার এণ্ড কোং নামের একটি কারখানায় শ্রমিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই নতুন করে ৭৭ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অসুস্থ হওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। এদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিতভাবে জানাতে পারেননি যে, তারা কোন রোগে আক্রান্ত হয়েছেন।

কারখানার শ্রমিক সাইদুল ইসলাম ও কুলসুম আক্তার জানান, অন্যান্য দিনের মতই মঙ্গলবার সকাল ৮টার দিকে কারখানায় কাজে আসে শ্রমিকরা। কিছু সময় পর কারখানার পঞ্চম তলার সুইং বিভাগে অসুস্থ হওয়ার খবর আসে। তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পরপরই অসুস্থ হওয়া শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। এই অসুস্থ শ্রমিকরা মাথা ঘোরা, পেটে ব্যাথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টজনিত সমস্যা অনুভব করেন। কারখানার ব্যবস্থাপনার মাধ্যমে তাঁদের স্থানীয় হাসপাতালে আনা হয়।

আল-হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসেন মন্তব্য করেন, বমি ভাব, মাথা ঘোরা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ৭৭ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

তিনি আরও জানান, হঠাৎ এত রোগী সামাল দিতে হাসপাতালে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। হাসপাতালের রোস্টারের বাইরে থাকা নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের তাৎক্ষণিকভাবে কাজে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয় ঘটনাটি সামাল দিতে। তবে অসুস্থ শ্রমিকরা আসলে কি রোগে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি।

অসুস্থ হওয়ার কারণ হিসেবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে অসুস্থ শ্রমিকরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত। অন্যদিকে গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মো. মামুনর রহমান বলেন, এ ধরনের সমস্যাকে “মাস সাইকোলজিক্যাল ইফেক্ট” বলা হয়। যা আতঙ্কজনিত কারণে হয়ে থাকে, যেখানে অনেক লোকজনের উপস্থিতি, তাড়াহুড়োর কারণে আতঙ্ক ছড়ানো এসব কারণে মূলত সংঘটিত হয়ে থাকে। এই ঘটনাও তাই হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে খোঁজখবর নিতে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষ এখনো কোন ধরনের অফিসিয়াল বক্তব্য প্রদান করেননি। উল্লেখযোগ্য যে, গত মাসের ২৪ জুন এই কারখানায় অসুস্থ হয়ে লিজা আক্তার নামে এক শ্রমিকের মৃত্যু ঘটে। শ্রমিকদের অভিযোগ, ছুটি না পেয়ে অসুস্থ হয়ে লিজার মৃত্যু হয়েছে। এ ঘটনার ফলে বিক্ষোভ ও আন্দোলনের কারণে দুই দিনের ছুটি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটো সম্মেলনের সূচনা উপলক্ষে একাধিক বহুজাতিক প্রতিরক্ষা উদ্যোগ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


ন্যাটো সম্মেলনের সূচনা উপলক্ষে একাধিক বহুজাতিক প্রতিরক্ষা উদ্যোগ ঘোষণা

তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের শুরুতে অনুষ্ঠিত প্রতিরক্ষা শিল্প ফোরামে বহুজাতিক বেশ কয়েকটি প্রতিরক্ষা উদ্যোগ উন্মোচন করেছে ন্যাটো। এসব উদ্যোগের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আকাশভিত্তিক নজরদারি, ড্রোন প্রতিরোধ সক্ষমতা, মহাকাশ, প্রতিরক্ষা শিল্প উৎপাদন এবং গুরুত্বপূর্ণ কাঁচামাল ব্যবস্থাপনা।

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুইদিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠান ন্যাটো ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোরামের উদ্বোধন করেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি উল্লেখ করেন, উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা চুক্তির একটি নতুন ধারা শুরু হয়েছে। তার কথায়, এসব প্রকল্প প্রমাণ করে যে মিত্র দেশগুলো পরবর্তী প্রজন্মের সামরিক সক্ষমতা গড়ে তুলতে ‘হাতে হাত মিলিয়ে’ কাজ করছে।

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) প্রথমবারের মতো সর্বোচ্চ পাঁচটি উন্নতমানের নর্থরপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটন নজরদারি ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের শুরুতে নিজের বক্তব্যে এ তথ্য জানিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে।

সম্মেলনের শুরুতে মার্ক রুটে জানিয়েছেন, নজরদারি ড্রোন কেনার পরিকল্পনার কথা। তিনি বলেন যে, নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানি এবং ডেনমার্ক একটি ‘লেটার অব ইনটেন্ট’ তথা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে এই ড্রোনগুলো কেনার জন্য। তিনি আরও বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও রিকনাইস্যান্স (আইএসআর) সক্ষমতা প্রাপ্ত করার জন্য জোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন ন্যাটোর নর্থরপ গ্রুমম্যান এমকিউ-৪সি ট্রাইটন নজরদারি ড্রোনগুলো ইতালির সিগোনেলা বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা ন্যাটোর বিদ্যমান আরকিউ-৪ডি ফিনিক্স নজরদারি ড্রোন বহরকে সম্বলিত করবে।

ট্রাইটন ও ফিনিক্স উভয় ড্রোনই নর্থরপ গ্রুম্যান-এর আরকিউ-৪ হক প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। এগুলোর ডানার বিস্তার প্রায় ৩৫.৪ মিটার (১১৬ ফুট) এবং এগুলো একটানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়ে থেকে দীর্ঘপাল্লার নজরদারি পরিচালনা করতে সক্ষম।

ন্যাটোর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, নতুন ট্রাইটন ড্রোনগুলো জোটের ‘গ্রাউন্ড সার্ভেইলেন্স প্রোগ্রাম’কে আরও শক্তিশালী করবে এবং সদস্য দেশগুলোর নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামাল যৌথভাবে সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং কৌশলগত মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে ঘোষণা দিয়েছেন মহাসচিব মার্ক রুটে। তিনি জানান, এই উদ্যোগে অংশ নিচ্ছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও তুরস্ক।

ন্যাটোর ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে প্রতিরক্ষা উৎপাদনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে সদস্য দেশগুলো যৌথভাবে কাঁচামাল সংগ্রহ ও কৌশলগত মজুদ গড়ে তুলবে, যাতে সংকটকালেও প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা বজায় থাকে।

জোটের কর্মকর্তারা মনে করছেন, এই সহযোগিতা ন্যাটোর প্রতিরক্ষা শিল্পকে আরও স্থিতিশীল করবে এবং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর প্রস্তুতি আরও জোরদার করবে। বিশ্লেষকদের মতে, সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিবের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির ঘোষণা জোটটির কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে

জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হয়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের পর। তবে, রাজধানী হারারের কিছু এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর কাজ চলছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ সংস্থা মঙ্গলবার এই তথ্য জানায়।

জিম্বাবুয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই অথরিটি (জেসা) জানায়, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কে কিছু ত্রুটির কারণে জাতীয় গ্রিড বিপর্যস্ত হয়ে পড়ে।

বার্তা সংস্থা এএফপি বুলাওয়েও থেকে এ খবর জানায়।

জেসা আরও জানায়, দক্ষিণ আফ্রিকার এসকমসহ মোট চারটি কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

এক্সের দেওয়া একটি বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাত ১০টার মধ্যে দেশের অধিকাংশ প্রধান বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে সফলভাবে বিদ্যুৎ পুনঃস্থাপন করা হয়েছে।’

জাতীয় গ্রিড বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কম বৃষ্টিপাত এবং খরার কারণে জলাধারে পানির স্তরের নিচে নেমে যাওয়ায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে পোশাক কারখানায় শ্রমিক অসুস্থতার ঘটনায় একদিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


শ্রীপুরে পোশাক কারখানায় শ্রমিক অসুস্থতার ঘটনায় একদিনের ছুটি ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৭০ জন শ্রমিক। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। আকস্মিক এই ঘটনায় কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

অসুস্থ শ্রমিকদের দ্রুত মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরা প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন।

শ্রমিকদের ভাষ্য, সকালে কাজ চলাকালে একটি ফ্লোরে হঠাৎ কয়েকজন শ্রমিক বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা অনুভব করেন। এরপর একে একে আরও অনেকে একই ধরনের উপসর্গে আক্রান্ত হয়ে পড়েন। কয়েকজন শ্রমিক মেঝেতে লুটিয়ে পড়লে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানার শ্রমিক সাথী আক্তার জানিয়েছেন, কিছুদিন আগে একই ফ্লোরে লিজা বেগম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। এবারও একই ফ্লোরে এমন ঘটনার পর শ্রমিকদের মধ্যে ভয় আরও বেড়ে গেছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসাইন বলেন, তাদের হাসপাতালে ৩৫ থেকে ৪০ জন শ্রমিককে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরে গেলেও নতুন করে আরও কয়েকজন শ্রমিক চিকিৎসার জন্য আসছেন। অধিকাংশ শ্রমিকের বমি, মাথা ঘোরা এবং দুর্বলতার উপসর্গ দেখা গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বেশিরভাগই আশঙ্কামুক্ত।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, প্যানিক অ্যাটাক হলো হঠাৎ তীব্র ভয় বা আতঙ্কের একটি মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া। এতে শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, শরীর কাঁপা, মাথা ঘোরা এবং মৃত্যুভয়ের মতো অনুভূতি তৈরি হতে পারে। সাধারণত কয়েক মিনিটের মধ্যেই এসব উপসর্গ তীব্র আকার ধারণ করে।

ঘটনার পর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইঞা হাসপাতালে গিয়ে অসুস্থ শ্রমিকদের খোঁজ নেন। তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানাটি একদিনের জন্য বন্ধ রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এটি কোনো বিষক্রিয়া নয়, বরং আতঙ্কজনিত প্রতিক্রিয়ার ফলেই একসঙ্গে এত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় নবজাতকের মরদেহ উদ্ধার রহস্য উদঘাটন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


নেত্রকোণায় নবজাতকের মরদেহ উদ্ধার রহস্য উদঘাটন

নেত্রকোণার পূর্বধলা উপজেলার কংস নদী থেকে উদ্ধার হওয়া এক নবজাতক কন্যাশিশুর মরদেহের রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। এ ঘটনায় ধর্ষণ, হত্যা এবং নবজাতকের মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগে সজল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৯ জুন সকালে পূর্বধলা উপজেলার কংস নদীর মাইঠাপুর এলাকায় ভাসমান অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পূর্বধলা থানায় একটি মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন সূত্রের সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সজল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি এক নারীকে ধর্ষণের পর গর্ভধারণ এবং পরে জন্ম নেওয়া নবজাতককে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%