০৭:৫৫ পি.এম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংগীত, নৃত্য, নাট্যকলা, চারু ও কারুকলা এবং শারীরিক শিক্ষা বিষয় চালু করে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।
সংগঠনটি পাশাপাশি আহ্বান জানিয়েছে যে আগামী অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে মোট বরাদ্দের অন্তত ২ শতাংশ নিশ্চিত করতে হবে।
শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও মিছিল থেকে এসব দাবি জানানো হয়। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন তাজু এবং দপ্তর সম্পাদক জসিম উদ্দিন।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে মাত্র ৮২৫ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের এক শতাংশেরও কম। বক্তাদের মতে, দেশের সাংস্কৃতিক বিকাশ, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের জন্য সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দ প্রয়োজন।
তারা এ নিয়ে বলেন, সাংস্কৃতিক চর্চার অভাবে তরুণদের একটি অংশ মাদকাসক্তি, কিশোর গ্যাং ও উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ছে। পাশাপাশি সমাজে সহিংসতা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধির পেছনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সংকট ভূমিকা রাখছে।
এছাড়া বক্তারা অভিযোগ করেন, একটি সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সিপিবি কার্যালয়ে হামলা
তারা উল্লেখ করেন যে, ওই গোষ্ঠী বাউল শিল্পীদের ওপর হামলা করছে এবং নাচ-গান ও খেলাধুলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বক্তাদের দাবি, এ ধরনের বিরোধিতার কারণেই প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পায়নি।
বক্তারা আরো বলেন, শিশু-কিশোরদের মানবিক, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক শিক্ষার বিকল্প নেই। এ লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির পাশাপাশি শিল্পকলা একাডেমি, মিলনায়তন ও সাংস্কৃতিক মুক্তমঞ্চ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
আরও পড়ুন: দেশ ছাড়ার ঘোষণা দিলেন রুমি, বললেন-‘আপনারা ভালো থাকেন’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন