ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাবিপ্রবি অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অভিযোগ


হাবিপ্রবি অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অভিযোগ

পীরের সেমিনার ও বায়াত গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের অভিযোগ উঠেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্যাংক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত তাসাউফ সেমিনার শীর্ষক অনুষ্ঠানের যাত্রীদের যাতায়াতের জন্য এই বাস ব্যবহার করা হয়।

সূত্রের বরাতে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) ক্যাম্পাস-সংলগ্ন ব্র্যাক লার্নিং সেন্টারে পীর মোজাদ্দেদী কুতুববাগীর আগমন উপলক্ষে তার মুরিদ (অনুসারী) বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা এবং বিনা খরচে বিয়ের আয়োজন করা হয়। এ উপলক্ষে শতাধিক লোকজনের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ব্যবহার করা হয়। এ ঘটনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা করতে দেখা যায়।

আরও পড়ুন: বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা জোরদারে বিপিডিবির কঠোর নির্দেশনা

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন একাডেমিক ও গবেষণার ফিল্ড পরিদর্শনের কাজে বাসের রিকুইজিশন চাওয়া হলেও দেওয়া হয় না বিভিন্ন অজুহাতে। ওপরদিকে বিয়ের অনুষ্ঠানের কাজে শিক্ষার্থীদের বাস ব্যবহার প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করে।

বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করে কোনো ব্যক্তিগত কর্মসূচিতে যাওয়ার নিয়ম আছে কিনা?— এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. সিদ্দিককুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বাসটি ভাড়া নিয়েছিলেন। তেল খরচ দিয়ে ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি ব্যবহারে কোনো বাধা নেই। আমাদের পরিবহন কর্মকর্তারা তার রিকুইজিশন পেপার দেখে তাকে অনুমতি দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার মোহাম্মদপুরে শ্যুটার ইমরানসহ ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


ঢাকার মোহাম্মদপুরে শ্যুটার ইমরানসহ ৫ জন গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুর থেকে এসআরবি কর্তৃক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শ্যুটার হিসেবে পরিচিত ইমরানও রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ভোর ৩টা ৫০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল এই অভিযানটি পরিচালনা করেছে বলে এসআরবি'র মিডিয়া সেল জানিয়েছে। গ্রেপ্তারকৃত ইমরানের (৪০) বিরুদ্ধে খুলনায় হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার অন্য চারজন হলেন ইমন খান (২১), মো. আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাঁদের সকলের বাড়ি খুলনার রূপসা উপজেলায়।

এসআরবি-৬ এর মিডিয়া সেল জানায়, ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ডানহাত হিসেবে পরিচিত। তিনি বি-কোম্পানির সক্রিয় সদস্য এবং এই গ্রুপের মাদক সরবরাহের অন্যতম হোতা। খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত বাবা-ছেলে হত্যা, খুলনা সদর থানার অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানার মাদক মামলাসহ একাধিক মামলায় ইমরান ও তার সহযোগীদের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।

এছাড়া খুলনা মহানগরী এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কম্পানির চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযানকালে তাদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, স্থানীয় হাসপাতালে মৃত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


বরিশালে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, স্থানীয় হাসপাতালে মৃত ঘোষণা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে একটি বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং অপরজন পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামের মাহতাব হোসেন। উভয়েই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন এই বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোলেস্টেরল ও ফ্যাটি লিভারে রসুনের কার্যকারিতা নিয়ে মিশ্র গবেষণা ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


কোলেস্টেরল ও ফ্যাটি লিভারে রসুনের কার্যকারিতা নিয়ে মিশ্র গবেষণা ফলাফল

কোলেস্টেরল নিয়ন্ত্রণ, হার্টের স্বাস্থ্য এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমানোর ক্ষেত্রে রসুনের কার্যকারিতা নিয়ে বিভিন্ন আলোচনা চললেও বৈজ্ঞানিক গবেষণায় মিশ্র ফলাফল পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, রসুনকে রোগের চিকিৎসার বিকল্প হিসেবে না দেখে, বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি সাধারণ উপাদান হিসেবে গ্রহণ করা উচিত।

রসুনে অ্যালিসিনসহ বিভিন্ন অর্গানোসালফার যৌগ বিদ্যমান, যা অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহনাশক হিসেবে পরিচিত। রসুনের কোয়া থেতো করার পর বাতাসে রাখলে অ্যালিসিন উৎপন্ন হয়। কিছু গবেষণায় দেখা গেছে, এসব উপাদান শরীরে কোলেস্টেরল তৈরির প্রক্রিয়ায় প্রভাব ফেলতে সক্ষম এবং ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমাতে পারে। তবে, সব গবেষণায় একই ফলাফল পাওয়া যায়নি এবং ট্রাইগ্লিসারাইড কমানোর ক্ষেত্রে এর কার্যকারিতা সব সময় একরকম নয়।

হার্ট ও লিভারের স্বাস্থ্যে রসুনের ভূমিকা সীমাবদ্ধ। চিকিৎসকদের মতে, যদিও রসুন কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমাতে পারে, তবে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য এর পক্ষে বড় কোনো গবেষণায় জোরালো প্রমাণ পাওয়া যায়নি। তাই স্ট্যাটিন জাতীয় প্রমাণিত ওষুধের বিকল্প হিসেবে রসুনের ব্যবহার সম্ভব নয়; তুলনামূলকভাবে রসুনের প্রভাব সীমিত।

অন্যদিকে, লিভারের ফ্যাট বিপাক এবং কোলেস্টেরল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরীক্ষাগার এবং প্রাণীদের ওপর কিছু গবেষণায় রসুনের সালফারযুক্ত উপাদান ফ্যাট জমা এবং বিপাকে প্রভাব ফেলার ইঙ্গিত দিলেও, ফ্যাটি লিভারের চিকিৎসায় এটি যথেষ্ট কার্যকর—এমন প্রমাণ এখনও প্রতিষ্ঠিত হয়নি।

কাঁচা না রান্না করা রসুন?

রসুন থেতো বা কুচি করার পর অ্যালিসিন তৈরি হলেও রান্নার তাপে এর পরিমাণ এবং কার্যকারিতায় পরিবর্তন ঘটে। তাই সক্রিয় উপাদানের কার্যকারিতা বজায় রাখতে অনেকে কাঁচা বা থেতো করা রসুন খাওয়ার পরামর্শ দেন। তবে কাঁচা রসুন খেলে দ্রুত কোলেস্টেরল কমবে—এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে ডাল, সবজি, মাছ বা মাংসের সঙ্গে নিয়মিত রান্নায় রসুন ব্যবহার করা যেতে পারে। সুস্থ প্রাপ্তবয়স্করা দৈনন্দিন খাবারে সামান্য পরিমাণে রসুন রাখতে পারেন, তবে অতিরিক্ত কাঁচা রসুন খেলে গ্যাস, অম্বল, পেটফাঁপা, পেটব্যথা এবং বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিওগ্রাফি অলিম্পিয়াডে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পাশে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


জিওগ্রাফি অলিম্পিয়াডে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পাশে

মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO 2026)-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ, যা রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণরা বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং ব্যক্তিগত পর্যায়ে পাঁচটি পদক জিতেছে। এই পদকের মধ্যে দুটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশের তরুণদের এই আন্তর্জাতিক সাফল্যে গর্বিত হয়েছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ, যা দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সহযোগী অংশীদার হিসেবে তাদের পাশে ছিল।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এক অভিনন্দন বার্তায় জানায়, "বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের এমন অর্জন তাদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও অসীম সম্ভাবনার উজ্জ্বল স্বাক্ষর।" তারা আরও উল্লেখ করে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন তরুণ প্রজন্মের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতিফলন। তরুণ মেধাবীদের বিকাশ, তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা এবং শিক্ষা ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে উৎসাহ প্রদান দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আন্তর্জাতিক অর্জন নতুন প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে গৌরবান্বিত করায় পুরো দলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘তোমাদের অর্জন আমাদের গর্ব। একসঙ্গে আমরা এগিয়ে যাব বিশ্বমঞ্চে।’

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের দ্বিতীয় স্থান অর্জন এবং পাঁচটি পদক জয় দেশের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সক্ষমতার এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপও তরুণদের এই সাফল্যে পাশে থাকতে পেরে গর্বিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%