প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দাউদকান্দিতে কৃষকেরা আগাম টমেটো চাষে সাফল্য অর্জন করছেন। মৌসুমের শুরুতেই বাজারে টমেটো বিক্রি করে ভালো দাম পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে এ চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। পাঁচ বছর ধরে আগাম টমেটো চাষ করে আসছেন উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা এলাকার কৃষক মো. শফিউল্লাহ। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে ওই এলাকার অন্যান্য কৃষকেরাও এ চাষে যুক্ত হচ্ছেন।
এ বছর শফিউল্লাহ ৭০ শতক জমিতে মহারাজ, মঙ্গল রাজা, এবং ওভার সাইজ জাতের টমেটো চাষ করেছেন। আগস্টের প্রথম সপ্তাহে চারা রোপণের পর তিনি এখন পর্যন্ত তিন দফায় ফলন সংগ্রহ করেছেন। স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারে প্রতি কেজি টমেটো ৯০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করছেন তিনি। এই কৃষক আশা করছেন, আরও প্রায় তিন মাস ফলন সংগ্রহ ও বিক্রি করা যাবে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জমি থেকে সংগ্রহ করা টমেটো বাড়িতে এনে ঝুড়িতে বাছাই করছেন শফিউল্লাহ। এ কাজে তাঁর স্ত্রী, বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কয়েকজন নারী শ্রমিকও সহযোগিতা করছেন।
শফিউল্লাহ বলেন, "কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে প্রতিবছর আগাম বাজার ধরার লক্ষ্য নিয়ে টমেটো চাষ করি।" তিনি জানান, আগের বছরগুলোতে তিনি ভালো ফলন ও লাভ পেয়েছেন এবং এ বছরও লাভবান হওয়ার প্রত্যাশা করছেন। তবে ব্যাকটেরিয়াল উইল্ট রোগের আক্রমণে কিছুটা ক্ষতি হচ্ছে। নিয়মিত পরিচর্যা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চললে ভালো ফলন পাওয়া সম্ভব। তাই কৃষকদের প্রতি তাঁর পরামর্শ, অভিজ্ঞ কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনা ছাড়া আগাম টমেটো চাষে না জড়ানোই ভালো।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছ উদ্দিন বলেন, "প্রতিবছর কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আগাম টমেটো চাষ করেন শফিউল্লাহ।" তিনি জানান, এ কারণে শফিউল্লাহ ভালো ফলন পাচ্ছেন। তাঁর সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও আগাম টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।
কৃষি কর্মকর্তা জানান, এ বছর ওই এলাকায় জাকির হোসেন, আলামিন ও কবির ৫০ শতক করে, নুরে আলম ৩০ শতক, শাহজাহান ২৫ শতক এবং সেলিম, সেলিম খান ও শহীদুল্লাহ ২০ শতক করে জমিতে আগাম টমেটো চাষ করেছেন। তাঁদের জমিতেও ভালো ফলন আসতে শুরু করেছে। দাউদকান্দির এই অঞ্চল টমেটো চাষের জন্য উপযোগী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন