০৬:৪১ পি.এম
বরিশালের গৌরনদীতে ছয় মাস রিহ্যাবে থাকার পর সন্তান ফিরে এসে আবারও মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকের টাকার জন্য দীর্ঘদিন বাবামাকে নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) সকালে গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বালা হরিসেনা গ্রামের বাসিন্দা বিপুল চন্দ্র বালার ছেলে।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বিকাশ মাদকের অর্থ জোগাড় করতে না পারলে নিজ বাড়িতে ভাঙচুর চালাতেন এবং তার বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। পরিবার থেকে তাকে সুস্থ করে তুলতে ছয় মাস একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) রাখা হয়েছিল। তবে সেখান থেকে ফিরে এসে আবারও মাদকে জড়িয়ে পড়েছেন।
তিনি আরও জানান, এর আগে ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে তার বাবা-মা জমি বিক্রি করে বিদেশেও পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে অবস্থানকালে মাদকাসক্ত বন্ধুদের সংস্পর্শে পড়ে তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এই সময় বিকাশের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত উল্লিখিত দণ্ডাদেশ প্রদান করেন, বলে জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন