০৬:৪২ পি.এম
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিনজন কথিত মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) সকালে। নান্দাইল পৌরসভার দুটি এবং চণ্ডীপাশা ইউনিয়নের একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানাচ্ছে, নান্দাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দশালিয়া মহল্লার বাসিন্দা মো. ইদ্রিস আলী ও আবদুল কাদিরের বাড়িতে হামলা চালান স্থানীয়রা। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ওই দুই বাড়ি থেকে দীর্ঘ সময় ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছিল।
এলাকাবাসীরা দাবি করেছেন, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছে। বিভিন্নভাবে চেষ্টা করেও তারা মাদক বিক্রি বন্ধ করতে পারছিলেন না। তাই, মঙ্গলবার সকালে শতাধিক মানুষ একত্রিত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুই ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ঘটনার পর থেকে মো. ইদ্রিস আলী ও আবদুল কাদির আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ইদ্রিস আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, বসতঘর, রান্নাঘরের টিনের বেড়া এবং শৌচাগার ভেঙে দেওয়া হয়েছে। তবে ইদ্রিসের স্ত্রী শিল্পী আক্তার জানিয়েছেন, তার স্বামী আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল, তবে বর্তমানে তিনি তা ছেড়ে দিয়েছেন।
এদিকে, চণ্ডীপাশা ইউনিয়নের চারকান্দা গ্রামে কথিত মাদক ব্যবসায়ী সুজন মিয়ার বাড়ির উপরও হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বাড়ি ভাঙতে গেলে সুজন প্রতিরোধের চেষ্টা করেন। পরে উত্তেজিত জনতা তাকে সরিয়ে দিয়ে বাড়িঘর ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, গত সপ্তাহেও নান্দাইল উপজেলার সিংদই ও জাহাঙ্গীরপুর গ্রামে দুই কথিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম মন্তব্য করেছেন, ‘আইন হাতে তুলে নেওয়ার মতো এ ধরনের ঘটনা সমাজের জন্য অশনিসংকেত। মাদক ব্যবসায়ী হলে জনগণ তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারেন। তবে প্রচলিত আইন কারো বাড়ি ভাঙচুর সমর্থন করে না।’
আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন