বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৯ পি.এম
উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ংয়ে সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের প্রধানকে বহিষ্কার করেছে। সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞা আরোপের ফলে শিশু ক্যাম্পের ওপর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, ‘সংদোন আন্তর্জাতিক শিশু ক্যাম্পের’ ওপর সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এই নিষেধাজ্ঞাকে ‘প্রকাশ্য বৈরী কর্মকাণ্ড’ এবং দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেন।
তিনি উল্লেখ করেন, শিশু ক্যাম্পটি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ‘বৈধ’ সহযোগিতার অংশ। তবে রুশ বাহিনীর হাতে অপহৃত ইউক্রেনীয় শিশুদের সেখানে পুনঃশিক্ষা দেওয়ার জন্য পাঠানোর অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
কিছু সপ্তাহ আগে, সুইজারল্যান্ড পিয়ংইয়ংয়ে তাদের কূটনৈতিক কার্যালয় পুনরায় চালু করেছিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তখন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন। ফলে নতুন এই বহিষ্কারের সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে।
উত্তর কোরিয়া কী বলেছে?
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (কেসিএনএ)-এ প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয়ের প্রধান সিলভেইন অ্যাস্টিয়ারকে তলব করা হয়।
এ সময় তার হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে কূটনৈতিক কার্যালয়টি বন্ধ করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ায় নিযুক্ত সুইস কূটনৈতিক কার্যালয়ের প্রধানকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকার ও নাগরিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে, এমন কোনো কর্মকাণ্ড দেশটি মেনে নেবে না।
সুইজারল্যান্ড কী বলেছে?
উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের বেইজিংয়ে অবস্থিত সুইস দূতাবাস এবং বার্নে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, কূটনৈতিক কার্যালয়ের প্রধান সিলভেইন অ্যাস্টিয়ারকে বেইজিংয়ে সুইস দূতাবাসে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘পিয়ংইয়ংয়ে সুইস কূটনৈতিক কার্যালয় বন্ধ হয়ে যাওয়ার অর্থ এই নয় যে সুইজারল্যান্ড ও উত্তর কোরিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন উঠেছে।’
কেসিএনএর তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস পিয়ংইয়ং সফর করেন। সে সময় সুইজারল্যান্ড সেখানে তাদের কূটনৈতিক কার্যালয় পুনরায় চালু করে। সফরে তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
নিষেধাজ্ঞার আওতায় আসা শিশু ক্যাম্পটি কী?
এই কূটনৈতিক বিরোধের মূল কারণ উত্তর কোরিয়ার ‘সংদোভোন আন্তর্জাতিক শিশু ক্যাম্প’। ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে শিশুদের এই ক্যাম্পে নিয়ে আসা এবং তাদের মধ্যে রাশিয়াপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ড ক্যাম্পটিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।
দেশটির অভিযোগ, ইউক্রেনীয় শিশুদের স্থানান্তরের ঘটনায় ক্যাম্পটি জড়িত। একই সঙ্গে পিয়ংইয়ংয়ে নিজেদের কূটনৈতিক কার্যালয় বন্ধ করার বিষয়টিও বিবেচনার কথা জানায় সুইজারল্যান্ড।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করতে হাজার হাজার সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সুইস কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পটিতে শিশুদের এমন প্রচারণা ও কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হয়, যার মাধ্যমে রাশিয়ার পক্ষে মতাদর্শ ছড়িয়ে দেওয়া হয়। এর আগে গত মে মাসে যুক্তরাজ্য এবং সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নও ক্যাম্পটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায় ক্যাম্পটির সম্পদ জব্দ করা হয়েছে এবং এর সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।
উত্তর কোরিয়া ও সুইজারল্যান্ডের মধ্যকার সম্পর্কের বর্তমান অবস্থা কী?
সুইজারল্যান্ড হাতেগোনা কয়েকটি পশ্চিমা দেশের মধ্যে অন্যতম, যারা উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে; ১৯৭৪ সালে এই সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কিম জং উন এবং কিম ইয়ো জং, উভয়েই নব্বইয়ের দশকে কিশোর বয়সে সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন।
১৯৯৭ সালে ‘সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন’ উত্তর কোরিয়ার রাজধানীতে একটি ‘সহযোগিতা কার্যালয়’ খোলে, যা মূলত মানবিক কর্মসূচিগুলোর ওপর গুরুত্ব দিত। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় পিয়ংইয়ং তাদের সীমান্ত বন্ধ করে দিলে, এই কার্যালয়টিও বন্ধ হয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ