ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিকিম ভ্রমণে বাড়তি খরচ, ১ জানুয়ারি থেকে নতুন প্রবেশমূল্য চালু হচ্ছে


সিকিম ভ্রমণে বাড়তি খরচ, ১ জানুয়ারি থেকে নতুন প্রবেশমূল্য চালু হচ্ছে

নতুন বছরে সিকিম ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে আপনার ভ্রমণ খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক ও যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে সিকিম সরকার ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একাধিক পর্যটনকেন্দ্রে নতুন প্রবেশমূল্য কার্যকর করতে যাচ্ছে। নতুন নির্দেশিকার আওতায়, নির্দিষ্ট এলাকায় প্রবেশের জন্য পর্যটকবাহী গাড়ি ও বাইককে নির্ধারিত ফি দিতে হবে।

সিকিমের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, গ্যাংটক, পাকিয়ং এবং মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে এই নতুন প্রবেশমূল্য কার্যকর হবে। গ্যাংটক ও পাকিয়ং টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে নাথু লা, ছাঙ্গু লেক, বাবা মন্দির, জুলুক ও লিংতাম এলাকায় বাড়তি প্রবেশমূল্য দিতে হবে। অন্যদিকে, মঙ্গন ডিভিশনের সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলিও এই নিয়মের আওতায় আসবে।

গাড়ির ধরন অনুযায়ী প্রবেশমূল্য

আরও পড়ুন: ইসরাইলি হামলায় হামাসের শিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা নিহত

নতুন নির্দেশিকায় গাড়ির আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা এবং এলাকা অনুযায়ী প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। ১০০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পাঁচ আসনের গাড়ির জন্য গ্যাংটক ও পাকিয়ং এলাকায় ১,৫০০ টাকা এবং মঙ্গনে ১,২০০ টাকা দিতে হবে। ৬ থেকে ১০ আসনের গাড়ির জন্য এই ফি যথাক্রমে ২,৫০০ ও ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। ১১ থেকে ১৫ আসনের টেম্পো ট্রাভেলার বা ফোর্স গাড়ির ক্ষেত্রে ৪,৫০০ ও ২,৫০০ টাকা দিতে হবে।

বাসের ক্ষেত্রেও বাড়তি খরচের বোঝা থাকবে। ১৬ থেকে ২০ আসনের বাসের জন্য প্রবেশমূল্য ৬,৫০০ ও ৩,৫০০ টাকা। ২১ থেকে ৩০ আসনের বাসের ক্ষেত্রে ৭,৫০০ ও ৫,৫০০ টাকা ধার্য করা হয়েছে। ৩০ বা তার বেশি আসনের বাসের জন্য সর্বোচ্চ ১০,০০০ ও ৭,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্যক্তিগত বাইকের ক্ষেত্রে প্রবেশমূল্য ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। সহযাত্রীকে অতিরিক্ত ৩৫০ টাকা দিতে হবে। সিকিমে রেজিস্টার্ড স্থানীয় ট্যাক্সি বাইকের চালকের জন্য ফি ৩৫০ টাকা এবং সহযাত্রীর জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড়

আরও পড়ুন: ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

তবে নতুন নিয়মে স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৈধ সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সিকিম সাবজেক্ট অথবা ভোটার পরিচয়পত্র থাকা যোগ্য বাসিন্দারা এই প্রবেশমূল্য থেকে ছাড় পাবেন। কর্তব্যরত সরকারি কর্মী, সেনাবাহিনীর সদস্য এবং তাদের অতিথিদের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ছাড় দেওয়া হবে।

উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে হোমস্টেতে থাকা বা দর্শনীয় স্থান ঘুরতে যাওয়া পর্যটকদের অনলাইন পারমিট নিতে হবে। তবে তাদের কোনও পারমিট ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। সাধারণ গেস্ট হাউস, অনুমোদিত সরকারি গেস্ট হাউস এবং সরকারি সফরের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ফি মকুবের ব্যবস্থা রয়েছে।

এছাড়া ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্টার্ড মালিকের নামে পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। থার্ড মাইল লিংতাম, ডগর গেট, টুং সাঙ্কালান ও ফেদাং চেকপোস্ট দিয়ে নির্ধারিত পারমিট ও ফি সাপেক্ষে প্রবেশ করতে হবে। তবে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে পরিবহন চুক্তির আওতায় চলা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কোনও গ্রাম পঞ্চায়েত বা অন্য সংস্থা অতিরিক্ত প্রবেশমূল্য আদায় করতে পারবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

পর্যটন শিল্পে উদ্বেগ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আরও পড়ুন: লন্ডনে ১০ সেকেন্ডে ১০ লাখ ডলারের ব্যাগ-গয়না খোয়ালেন আমিরাতি নারী

সরকারের এই সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ হিসেবে দেখলেও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামীর মতে, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত পর্যটকের ভিড় কমাতে এই উদ্যোগ কার্যকর হতে পারে।

তবে সিআইআই-এর পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যালের আশঙ্কা, নতুন প্রবেশমূল্যের বোঝা শেষ পর্যন্ত পর্যটকদের উপরই পড়বে। তাঁর মতে, সংশ্লিষ্ট এলাকাগুলিতে মূলত সিকিমের গাড়ি চলাচল করে। ফলে বাড়তি খরচ পর্যটকদের কাছ থেকেই আদায় করা হতে পারে। এর প্রভাব পড়তে পারে সিকিম-দার্জিলিং পর্যটন সার্কিটেও।

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তার মতে, নতুন ফি চালু হলে সাধারণ মধ্যবিত্ত পর্যটকদের ভ্রমণ বাজেট অনেকটাই বেড়ে যাবে।

পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, খরচ বাড়লে অনেকেই সিকিমের পরিবর্তে দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্সের মতো বিকল্প পর্যটনকেন্দ্র বেছে নিতে পারেন। এর ফলে সিকিমের হোটেল, গাড়ি ব্যবসা এবং স্থানীয় পর্যটন নির্ভর অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সিকিম সরকারকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন সম্রাট সান্যাল।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ, এলাহাবাদ হাইকোর্টের হিজাব রায়কে নজির মানতে নিষেধ

সব মিলিয়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে নেওয়া সিকিম সরকারের এই নতুন সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। একদিকে সংরক্ষিত বনাঞ্চল রক্ষার প্রশ্ন, অন্যদিকে পর্যটকদের বাড়তি খরচ ও পর্যটন ব্যবসার ভবিষ্যৎ দুইয়ের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখে সরকার, এখন সেদিকেই তাকিয়ে পর্যটন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার মৃত্যুর পর ধরা পড়ল মায়ের কোলন ক্যান্সার, বাঁচাতে ঢাবি শিক্ষার্থীর আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


বাবার মৃত্যুর পর ধরা পড়ল মায়ের কোলন ক্যান্সার, বাঁচাতে ঢাবি শিক্ষার্থীর আকুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বীপ সাহা মাকে বাঁচানোর জন্য সমাজের সকলের কাছে আবেদন করেছেন। বাবাকে ডেঙ্গুতে হারানোর পর মাকে আঁকড়ে ধরে ছিলেন তিনি। তবে সম্প্রতি তার মায়ের কোলন ক্যান্সার ধরা পড়েছে।

দ্বীপ সাহা জানান, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২৩-২৪ সেশন) ছাত্র। তিন বছর আগে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে মুগদা মেডিক্যাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই, সঙ্গে ছিলেন বাবা। বাবার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর থেকে সুস্থ হওয়া পর্যন্ত হাসপাতালের ৪/৫ দিন আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছেন তিনি। হাসপাতাল থেকে ফেরার পথে বাবার হার্ট অ্যাটাক হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছু বুঝতে না পেরে আমি একাই বাবাকে নিয়ে হাসপাতাল ফিরি, সেখান থেকে জানানো হয় বাবা নেই।’

তিনি আরও বলেন, ‘সেদিন থেকে আজ পর্যন্ত একটাই কথা আমাকে গিলে খায়, যদি আগে চিকিৎসা করাতাম তাহলে সেদিনের ঘটনা ফেস করতে হতো না। বাবার হার্টের সমস্যা অনেক আগে থেকেই ছিল, কিন্তু তিনি আমাদের বুঝতে দিতেন না, চেপে রাখতেন। পরিবারের সকলের দায়িত্ব নিতে নিতে নিজের দায়িত্ব নিতে ভুলে গিয়েছিলেন। বাবার মৃত্যুর পর সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল আমার মা। আমি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করে মাকেসহ পুরো পরিবারকে সামলাচ্ছিলাম।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ধীরে ধীরে পরিবারকে সামলাতে শুরু করেছিলেন দ্বীপ। তিনি জানান, ‘কিছু টিউশনি করে আমি এবং আমার আপুর টিউশনের মাধ্যমে সংসার চালাচ্ছিলাম। সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল। কিন্তু সৃষ্টিকর্তা সবসময় সবার কপালে সুখ লিখে রাখেন না। বাবা মারা যাওয়ার পর যিনি আমার কেন্দ্রবিন্দু ছিলেন, যিনি আমার বাঁচার আলো দেখিয়েছিলেন, হঠাৎ করেই সেই মা-ও অসুস্থ হয়ে পড়লেন।’

মায়ের কোলন ক্যান্সার ধরা পড়ার বিষয়ে দ্বীপ বলেন, ‘গত ১৬ আগস্ট মার ক্যান্সার ধরা পড়লে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি দ্রুততম সময়ের মধ্যে সার্জারি করিয়ে ফেলি। নিজের সামর্থ্য অনুযায়ী এবং ধারদেনা করে গত ২৫ আগস্ট আমার মায়ের সার্জারি করাই। সার্জারির পর রিপোর্টে দেখা যায় ক্যান্সারের জার্ম মায়ের পুরো শরীরে ছড়িয়ে গেছে, স্টেজ IV-C। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা জানান, স্টেজ IV-C রোগীর জন্য কেমোথেরাপি যথেষ্ট নয়। কেমোথেরাপির সঙ্গে ইমিউনোথেরাপিও লাগবে। আর এর জন্য প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। এত বড় অঙ্কের টাকা আমাদের পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।’

দ্বীপ বলেন, ‘আমাদের দুই বোন ও এক ভাইয়ের সংসারে মা ছাড়া কেউ নেই। টাকার অভাবে চিকিৎসা করতে না পারলে বাবার চিকিৎসা না করাতে পারার যে আক্ষেপ তৈরি হয়েছিল, মায়ের ক্ষেত্রেও সেই আক্ষেপ থেকে যাবে, যা আসলে ছেলে হিসেবে জীবিত থেকেও মরে যাওয়ার সমান। আমি আপনাদের কাছে দোয়া, সহযোগিতা ও সহমর্মিতা চাইছি। দয়া করে আমাকে যে যেভাবে পারেন একটু সহযোগিতা করেন, আপনারা সহযোগিতা করলে একটা পরিবার হয়তো বেঁচে থাকার উদ্দেশ্য ফিরে পাবে, সংসারের প্রতিটা সদস্য তাদের প্রাণ ফিরে পাবে বাঁচার জন্য।’

সবশেষে মাকে বাঁচানোর জন্য দ্বীপ সকলের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতা পাঠানো যাবে নিম্নোক্ত নম্বর-

Bkash - 01954891802

Bkash - 01893771235

Nagad - 01893771235

Rocket - 01893771235

ব্যাংক হিসাব :

Bank - 2303809937001

DIP SAHA

City Bank PLC

Narayanganj Branch

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চয়নিকা চৌধুরী ২৫ বছরের কাজের স্বীকৃতি পাচ্ছেন বিশেষ সম্মাননায়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


চয়নিকা চৌধুরী ২৫ বছরের কাজের স্বীকৃতি পাচ্ছেন বিশেষ সম্মাননায়

নাটক ও চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের জন্য বিশেষ সম্মাননা লাভ করতে যাচ্ছেন নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। এই অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

চয়নিকা চৌধুরী গত ২৫ বছর ধরে দেশের নাট্যাঙ্গনে কাজ করে আসছেন। এই দীর্ঘ সময়ে তিনি ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক এবং দুটি সিনেমা নির্মাণ করেছেন। তার এই কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

সিজেএফবি, যা দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে। এবারের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’৷

সম্মাননা প্রাপ্তির বিষয়ে চয়নিকা চৌধুরী বলেন, তিনি অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন। চলার পথে নানা বাধা-বিপত্তি এলেও কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরে না গিয়ে কাজকে প্রাধান্য দিয়েছেন। এভাবেই ২৫ বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। সিজেএফবির এই সম্মাননা পেয়ে তিনি গর্বিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে পুরাতন ভবন ভাঙার সময় নারী শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


চৌদ্দগ্রামে পুরাতন ভবন ভাঙার সময় নারী শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে পুরাতন ভবন ভাঙার সময় এক নারী শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহতের নাম হোসনেয়ারা বেগম (৪৮)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মুন্সিরহাট বাজারে ব্রাক অফিসসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি নেত্রকোনা সদর বারহাট্টা থানার রূপচন্দ্রপুর গ্রামের শ্রমিক সর্দার হাজী ইসমাইলের স্ত্রী।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিদিন নয় শ টাকা হারে চুক্তিতে পাঁচজন শ্রমিক, যার মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ, বৃহস্পতিবার সকালে মুন্সিরহাট পূর্ব বাজারের ব্র্যাক অফিসসংলগ্ন মুজিবুর রহমানের পুরাতন ভবন ভাঙার কাজ শুরু করেন। হঠাৎ করে অবসাবধনতাবশত একটি দেয়ালের কিছু অংশ ধ্বসে পড়ে নারী শ্রমিক হোসনেয়ারা বেগমের ওপর। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক নারী শ্রমিক হোসনেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হোসেন জানান, দেয়াল ধ্বসে পড়ে গুরুতর আহত শ্রমিক হোসনেয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ভবন মালিক মজিবুর রহমান বলেন, ‘৮০ হাজার টাকা চুক্তিতে রাজমিস্ত্রি জাহাঙ্গীরকে ভবনটি ভাঙার জন্য দেওয়া হয়। তিনি বৃহস্পতিবার পাঁচজন পুরুষ ও নারী শ্রমিক নিয়ে ভাঙার সময় দেয়াল ধ্বসে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।’

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘শ্রমিকের মৃত্যু সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালুখালীতে দুই গুণী ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


কালুখালীতে দুই গুণী ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজন

রাজবাড়ীর কালুখালীতে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এর উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে দেশীয় সাহিত্য, বিজ্ঞান ও মনীষীদের অবদান তুলে ধরা এবং শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা। এই আয়োজনের মধ্যে জেলার দুই কৃতী ব্যক্তিত্ব বিশিষ্ট সাহিত্যিক মীর মোশাররফ হোসেন ও বিজ্ঞানী ড. কাজী মোতাহার হোসেনের জীবন, সাহিত্যকর্ম, গবেষণা ও অবদান নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কালুখালী নজির আলী মার্কেট চত্বরে বসুন্ধরা শুভসংঘ কালুখালী উপজেলা শাখা এই আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজনটিতে সভাপতিত্ব করেন কালুখালীর হোগলাডাঙ্গী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হানিফ উদ্দিন খান। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফকির উদ্দিন খান মামুন, অধ্যাপক মো. আসাদুল ইসলাম ও উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন।

আলোচনায় মীর মোশাররফ হোসেনের সাহিত্যজীবন, বাংলা সাহিত্যে তার অবদান এবং কালজয়ী সৃষ্টি ‘বিষাদ-সিন্ধু’ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করা হয়। অন্যদিকে, বিজ্ঞানী, গণিতবিদ ও পরিসংখ্যানবিদ ড. কাজী মোতাহার হোসেনের বিজ্ঞানচর্চা, গবেষণা, শিক্ষা ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁর যুক্তিবাদী চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকার বিষয়েও আলোচনা হয়।

বক্তারা উল্লেখ করেন, "একটি জাতির প্রকৃত উন্নয়নে শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানচর্চার বিকল্প নেই।" স্থানীয় কৃতী ব্যক্তিত্বদের জীবন ও কর্ম সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও শিকড় সম্পর্কে জানতে পারে। একই সঙ্গে তাদের জীবনসংগ্রাম, অধ্যবসায় ও জ্ঞানচর্চা শিক্ষার্থীদের সামনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এ ধরনের পাঠচক্র শিক্ষার্থীদের বই পড়া, জানার আগ্রহ এবং মননশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

আলোচনা শেষে কালুখালী সরকারি কলেজ ও কালুখালী মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মীর মোশাররফ হোসেন ও ড. কাজী মোতাহার হোসেনের জীবন, কর্ম ও অবদানভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও মেধার পরিচয় দেয়।

প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার সাইমা প্রথম, পাভেল মাহমুদ দ্বিতীয় এবং মিনহাজুল শৈইমুর সিয়াম তৃতীয় স্থান অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় ইতিহাস ও মনীষীদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে বসুন্ধরা শুভসংঘ এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চায়। কালুখালীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতেও সংগঠনটি কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%