ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানাবেন


প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানাবেন

সরকারি উদ্যোগের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাওয়া ১১২ বাংলাদেশি কর্মীকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর বিদায় শুভেচ্ছা জানানোর সময় নির্ধারিত হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ তথ্য জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, যিনি রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মোহাম্মদ রাশেদুল হক উল্লেখ করেন, নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাদের চাকরির চুক্তি তিন বছরের নবায়নযোগ্য হবে। নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা প্রদান করা হবে।

তিনি জানান, এই কর্মসূচিতে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ হচ্ছে এবং নিয়োগকর্তা ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় বহন করছে।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা

মোহাম্মদ রাশেদুল হক আরও জানান, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের মোট সাশ্রয় হচ্ছে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।

তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, সরকারি এ কর্মসূচিতে কাউকে কোনো টাকা দিতে হয় না। বোয়েসেলের নামে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: বটিয়াঘাটায় ৬ দোকানে বিএনপি নেতার তালা, ব্যবসায়ীদের মারপিটের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপনকে ঘিরে স্থানীয় খামারি ও ব্যবসায়ীদের অবহিত না করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া।

ফেসবুকে দেওয়া এক মন্তব্যে আরশ মিয়া বলেন, "এই ব্যবসার সাথে যারা জড়িত তারা কেউ কিছু জানেনা, কিসের প্রাণি সম্পদ সপ্তাহ, আর কিসের কি যাদের জন্য আয়োজন তারাই কিছু জানে না, সব ভুয়া।"

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুলিয়ারচরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।

উক্ত দিবসটি পালন নিয়ে- মাঠপর্যায়ের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অভিযোগ, আয়োজনের বিষয়ে খামারি বা ডিলার সমিতির সঙ্গে কোনো সমন্বয় কিংবা প্রচারণা দেখা যায়নি। স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ীদের মতে, খামারি ও ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ ধরনের আয়োজন অর্থবহ হয় না; বরং এতে খাতসংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুলিয়ারচরে "উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন" নামে কোন সংগঠন আছে বলে আমার জানা নেই। তারা কেউ আমার সাথে এপর্যন্ত যোগাযোগ করেননি। তাই সংগঠনের নেতাদের অবহিত করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিনকে গ্রেফতার, অভিযোগ অস্থিতিশীলতার ষড়যন্ত্রে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিনকে গ্রেফতার, অভিযোগ অস্থিতিশীলতার ষড়যন্ত্রে

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে বুধবার রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল মুমতারিন ফেরদৌস ডরিনকে আটক করে।

আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ বাসস’কে এই তথ্য প্রদান করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলেকট্রিক বাস ক্রয়ের অগ্রগতি জানতে শিক্ষা মন্ত্রণালয়ের তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


ইলেকট্রিক বাস ক্রয়ের অগ্রগতি জানতে শিক্ষা মন্ত্রণালয়ের তাগিদ

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরের যানজটপূর্ণ এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক বাস ক্রয়ের বিষয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি জানার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তাগিদপত্র জারি করেছে।

এই বিষয়ে জরুরি ভিত্তিতে তথ্য সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে ২৪ নভেম্বর তারিখে এই তাগিদপত্রটি আজ বৃহস্পতিবার মাউশিতে পাঠানো হয়েছে।

তাগিদপত্রে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিসভা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাসহ বিভিন্ন মহানগরের যানজটপূর্ণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক বাস ক্রয়ের জন্য এর আগে ২৩ মে ও ১৯ জুলাই তারিখে স্মারক পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত বিভাগের পক্ষ থেকে কোনো অগ্রগতি জানানো হয়নি।

এছাড়া, তাগিদপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদান এবং ইলেকট্রিক বাস ক্রয়ের বিষয়ে জরুরি তথ্য বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বটিয়াঘাটায় ৬ দোকানে বিএনপি নেতার তালা, ব্যবসায়ীদের মারপিটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


বটিয়াঘাটায় ৬ দোকানে বিএনপি নেতার তালা, ব্যবসায়ীদের মারপিটের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারের ৬টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় এক ব্যবসায়ী মারপিটের শিকার হন। আতঙ্কিত ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে সাহস পাননি। স্থানীয় বিএনপির নেতারা এই ঘটনার জন্য ক্ষুব্ধ ও বিব্রত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত ২১ নভেম্বর সন্ধ্যায় খারাবাদ বাইনতলা বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে ফিরে আসে। এ সময় নেতৃস্থানীয় কয়েকজন বাজারের ৫/৬ টি দোকানের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন। অভিযোগ উঠেছে যে, এসব দোকানের ব্যবসায়ীরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের প্রতিষ্ঠানে বসে শলা-পরামর্শ করা হয়।

মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজের মালিক মাহমুদ গোলদার বলেন, মিছিল শেষে কয়েকজন এসে শাটার নামিয়ে দিয়ে দোকান থেকে বের হয়ে যেতে বলেন। তিনি বলেন, "আমি বের হয়ে আসতে চাইলে আমাকে বেধড়ক মারপিট করা হয়।" গোলদার আরও জানান, "আমার ভাই মিলন গোলদার সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ করতেন। কিন্তু রাজনীতির সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।" তিনি বলেন, জীবনের ভয়ে তিনি এলাকা ছেড়ে চলে গেছেন এবং গুরুতর আহত হয়েও চিকিৎসা নিতে হয়েছে পালিয়ে থেকে।

স্থানীয় পল্লী চিকিৎসক ও ফার্মেসি মালিক ডা. ইমরান জানান, মিছিল শেষে দোকানে হামলা হতে পারে আঁচ করতে পেরে তিনি সরে যান। তিনি বলেন, "এরপর আমার দোকানে তালা দিয়ে দিয়েছে।" তিনি অভিযোগ করেন, "এর আগে আমার দুটো ঘের দখল করে নিয়েছে।" তিনি জানান, জীবনের ভয়ে তিনি এখন এলাকা ছেড়ে চলে গেছেন। তার প্রশ্ন, "আমি আওয়ামী লীগ করলে এই দুই বছর কীভাবে প্রকাশ্যে ব্যবসা করলাম?"

দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বাজার কমিটির সাধারণ সম্পাদক বাপ্পী গোলদার বলেন, "ঘটনার সময় আমি বাজারে ছিলাম না।" তিনি আরও জানান, "আমার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়নি।" গোলদার বলেন, "বর্তমানে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এ নিয়ে কথা বলে মার খেতে পারব না।"

যোগাযোগ করা হলে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম জানান, "আমিও শুনেছি কয়েকটা দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।" তিনি বলেন, "খোঁজ নিলে জানতে পারবেন তারা কারা।" শামীম দাবি করেন, "বিএনপিতে তাদের কোন পদপদবি নেই, সবাই সাবেক নেতা। এরা এমপি সাহেবের লোক। এসব কাজে আমরা বিব্রত, দল ক্ষতিগ্রস্ত।"

খোঁজ নিয়ে জানা গেছে, সেদিনের মিছিলে নেতৃত্বে ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও আমীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনি। তিনি ২০২৪ সালে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে দল থেকে বহিস্কার হন। যদিও পরে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়, তবে পদ ফিরিয়ে দেওয়া হয়নি। তিনি স্থানীয় সংসদ সদস্য আমির এজাজ খানের ভাই।

অভিযোগ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে খায়রুল ইসলাম খান জনি বলেন, "বন্ধ করা দোকানগুলো সব আওয়ামী লীগারদের।" তিনি বলেন, "তারা ক্ষমতায় থাকতে আমাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল।" জনি অভিযোগ করেন, "মামলা দিয়ে পুলিশে দিয়ে হয়রানি করত।" তিনি জানান, "আমাকে একাধিকবার বেপরোয়া পিটিয়েছে।" তিনি বলেন, "এখনও তারা বাজারে বসে নিয়মিত আওয়ামী লীগের মিটিং করে। নাশকতার পরিকল্পনা করে। এজন্য আমি কয়েকটা দোকান বন্ধ রাখতে বলেছি।"

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান জানান, দোকানে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়ার কোনো অভিযোগ তিনি পাননি। তিনি বাইনতলা ফাঁড়িতে কথা বলার পরামর্শ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%