ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে: ট্রাম্প


মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার নিহত হওয়ার ফলে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, প্রতিটি মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে।

গত সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে তিন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ট্রাম্প এই কঠিন হুঁশিয়ারি দিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনসহ অন্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন। শিগগিরই, ডোনাল্ড ট্রাম্প নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ডেলাওয়্যারের ডোভার বিমানঘাঁটিতে যাবেন।

জানা গেছে, জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা এবং ইরাকে ভূপাতিত ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে অপর এক সেনার মৃত্যু ঘটেছে। গত পাঁচ মাসের যুদ্ধে এখন পর্যন্ত ১৭ মার্কিন সেনা নিহত এবং প্রায় ৪৩০ জন আহত হয়েছেন। এই সেনা নিহতের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা নবম রাতে বিমান হামলা চালিয়েছে। দেশটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিয়ে মার্কিন বাহিনী এখন ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে আঘাত হানছে। এর প্রতিশোধ হিসেবে বাহরাইন ও কুয়েতের মতো মার্কিন মিত্রদের ওপরও হামলা চালিয়েছে ইরান।

আরও পড়ুন: ইতালি বিক্ষোভ ও দাঙ্গা দমনে নতুন আইন জারি করেছে

পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠাতে শুরু করেছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, প্রয়োজনে ইরানের জ্বালানি স্থাপনা, খার্গ দ্বীপের তেল কেন্দ্র এবং মাটির নিচের পারমাণবিক স্থাপনাগুলোতেও বড়সড় আকারে হামলা চালানো হবে।

প্রায় এই যুদ্ধের প্রধান লক্ষ্য হলো ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়া এবং ভবিষ্যৎ অভিযানের পথ পরিষ্কার করতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা। এদিকে, চলমান এই যুদ্ধ ও এর বিপুল আর্থিক ব্যয় সম্পর্কে মঙ্গলবার মার্কিন কংগ্রেসে সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ শুনানির আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামদানির হুমকির পর নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৪১ এম


মামদানির হুমকির পর নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন ট্রাম্প

নিউইয়র্কের মেয়রের হুমকির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে শক্ত অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফরে এলে তিনি বলেছেন, কোনো অবস্থাতেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনোভাবেই বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। যদিও পোস্টে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির নাম সরাসরি উল্লেখ নেই, তাও তিনি ইরান যুদ্ধে সহায়তার জন্য ইসরায়েলের প্রশংসা করেন।

এর আগে শনিবার এক সাক্ষাৎকারে নিউইয়র্কের মেয়র মামদানি বলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে আইনগত দিকগুলো খতিয়ে দেখছে তার আইনি দল। তিনি মন্তব্য করেন, "আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী।" প্রতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান নেতানিয়াহু। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া মামদানি নির্বাচনী প্রচারণায়ও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মেয়রের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। রোববার এক্সে দেওয়া এক পোস্টে তারা মামদানির সমালোচনা করে আইসিসিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ এবং গ্রেপ্তারি পরোয়ানাকে ভুয়া বলে আখ্যা দেয়।

প্রসঙ্গত, গাজা যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য নয়। ইসরায়েল শুরুর থেকেই এই অভিযোগ ও আদালতের এক্তিয়ার অস্বীকার করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর বুদ্ধিমত্তায় ভারতের ৭ জনের প্রাণ রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৭ এম


শিশুর বুদ্ধিমত্তায় ভারতের ৭ জনের প্রাণ রক্ষা

একটি পরিবারের সদস্যরা খাবারের টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ বিপদ সম্পর্কে অবগত হয় একজন শিশু। শিশুটির দ্রুত এবং চটজলদি সতর্কবার্তায় বিপর্যয়কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন পরিবারের সাতজন সদস্য। এটি ঘটেছে সম্প্রতি ভারতের হায়দরাবাদে।

জানা যাচ্ছে, শনিবার (১৮ জুলাই) রাতে বিজয়নগর কলোনির একটি বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে আগুন লেগেছিল। তখন পরিবারের সদস্যরা নৈশভোজে ব্যস্ত ছিল। ঘরের ভেতরের আগুন দেখতে পেয়ে শিশুটি চিৎকার করে জানিয়ে দেয় সবাইকে। এর ফলে, পরিবারের সমস্ত সদস্য দ্রুতভাবে বহুতল ভবনটি থেকে নামতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, শোবার ঘরের সুইচবোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়েছে। এই আগুন মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফার্নিচার এবং গৃহস্থালি নানা মালামালের মধ্যে আগুন ধরে যায়। পরিবারটি কোনো কালবিলম্ব না করে দ্রুতভাবে নিচে নেমে আসে।

হায়দরাবাদের জেলা ফায়ার অফিসার টি ভেঙ্কান্না জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই ফ্ল্যাটের তিন শিশু সহ সাত সদস্য নিরাপদে ভবনের নিচে নেমে আসেন। ফলে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

যদিও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, তবে আগুনে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনের তাপে একটি বেডরুমের আসবাবপত্র, টেলিভিশন, আলমারি এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। একই সঙ্গে সেখানে থাকা প্রায় ১৫ তোলা স্বর্ণালঙ্কারও আগুনে নষ্ট হয়েছে।

এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আম্বরপেট, অ্যাসেম্বলি ও গাওলিগুড়া ফায়ার স্টেশন থেকে চারটি অগ্নিনির্বাপক গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার অবিরাম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাতাস থাকা সত্ত্বেও আগুন অন্য কোনো ফ্ল্যাটে ছড়াতে পারেনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ বছরে যুক্তরাজ্য পেয়েছে ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন কি বার্নহাম?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৫১ এম


৪ বছরে যুক্তরাজ্য পেয়েছে ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন কি বার্নহাম?

যুক্তরাজ্যের রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি যেন কোনোভাবেই কাটছে না। বিগত ৪ বছরে মোট ৫ জন প্রধানমন্ত্রী পাওয়ার মধ্য দিয়ে এক নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতার সাক্ষী হলো ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর সোমবার (২০ জুলাই) লেবার পার্টির অভিজ্ঞ নেতা এবং গ্রেটার ম্যানচেস্টারের জনপ্রিয় সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর বার্নহাম জানান, তার সরকার দেশের অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আনবে। তবে বর্তমান ব্রিটিশ রাজনীতির ঘূর্ণাবর্তে দাঁড়িয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন— অ্যান্ডি বার্নহাম কি তার পূর্ণ মেয়াদ সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন, নাকি পূর্বসূরিদের মতোই মাঝপথে বিদায় নিতে হবে?

বিগত কয়েক বছর ধরে ব্রেক্সিট-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটে ব্রিটেনের রাজনীতিতে একের পর এক নেতৃত্ব পরিবর্তন হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মাত্র এক দশকে বার্নহাম ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী। বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক এবং সর্বশেষ কিয়ার স্টারমারের পর বার্নহামের এই অভিষেককে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। স্টারমার যেখানে মাত্র দুই বছর টিকে থাকতে পেরেছেন, সেখানে বার্নহামের সামনে চ্যালেঞ্জটা পাহাড়সম।

যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অব ফরেন রিলেশনস (সিএফআর)-এর এক রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, বার্নহামের ক্ষমতার কেন্দ্রে আসা লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একটি বড় রূপান্তর। তিনি মূলত বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক পুনর্গঠনের নীতি নিয়ে চলেন। তবে তার সাফল্যের মূল চাবিকাঠি নির্ভর করবে তিনি তার নিজস্ব মন্ত্রিসভা এবং বিভক্ত লেবার এমপিদের কতটা ঐক্যবদ্ধ রাখতে পারেন তার ওপর।

ব্রিটেনের সংসদীয় ব্যবস্থায় সাধারণ নির্বাচন ছাড়াই ক্ষমতাসীন দল তাদের নেতা পরিবর্তন করতে পারে, যার ফলে দলের ভেতরে একটু অসন্তোষ দানা বাঁধলেই প্রধানমন্ত্রীর চেয়ার নড়েচড়ে ওঠে।

ওয়াশিংটন পোস্ট তাদের এক বিশেষ প্রতিবেদনে বার্নহামের আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্বরাজনীতির চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে। সংবাদমাধ্যমটির মতে, বার্নহামের দীর্ঘ অভ্যন্তরীণ প্রশাসনিক অভিজ্ঞতা থাকলেও বৈশ্বিক রাজনীতি কিংবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার অভিজ্ঞতা তুলনামূলক সীমিত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডাউনিং স্ট্রিটের সমীকরণ মেলানো এবং ইউক্রেন-রাশিয়া সংকটে ব্রিটেনের অবস্থান ধরে রাখা তার জন্য বড় পরীক্ষা হবে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষকদের মতে, বার্নহামের ব্যক্তিত্ব কিছুটা আবেগপ্রবণ, যা আন্তর্জাতিক চাপের মুখে তাকে কিছুটা নাজুক অবস্থানে ফেলতে পারে, যদিও ১০ বছরের আঞ্চলিক মেয়রের অভিজ্ঞতা তাকে শাসনকাজে অনেকটাই পরিপক্ব করেছে।

অন্যদিকে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু’র ভাষ্য, বার্নহাম লেবার পার্টির ৪০১ জন সংসদ সদস্যের মধ্যে ৩৭৯ জনের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন। এই বিশাল জনসমর্থন এবং জনগণের কাছে তার ‘কিং অব দ্য নর্থ’ বা সাধারণ মানুষের নেতা হিসেবে ইমেজ তাকে প্রাথমিক স্তরে বড় সুবিধা দেবে। দ্য হিন্দুর মতে, অর্থনৈতিক সংস্কার ও কর কাঠামোতে বড় কোনো বিপর্যয় না ঘটলে এবং দলের ভেতরের শৃঙ্খলা বজায় রাখতে পারলে বার্নহামের পক্ষে আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত টিকে থাকা অসম্ভব নয়।

পরিশেষে বলা যায়, অ্যান্ডি বার্নহাম এমন এক সময়ে ব্রিটেনের হাল ধরেছেন যখন ব্রিটিশ নাগরিকরা ঘন ঘন সরকার পরিবর্তনে ক্লান্ত। তবে ব্রিটেনের বর্তমান অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতির যে জটিল সমীকরণ, তাতে বার্নহামের মেয়াদ শেষ করার বিষয়টি শুধু তার জনপ্রিয়তার ওপর নির্ভর করছে না। ডাউনিং স্ট্রিটের এই ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা বন্ধ করে তিনি যদি আগামী তিন বছর সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে পারেন, তবেই ব্রিটেনের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি, কী পদক্ষেপ গ্রহণ করবেন?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৭ এম


বন্যায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি, কী পদক্ষেপ গ্রহণ করবেন?

 

দেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা একটি গুরুত্বপূর্ণ দুর্যোগ, যা অন্যান্য অনেকের মধ্যে অন্যতম। ভারি বর্ষণের জন্য বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা দুর্গতরা সুপেয় পানি, স্বাস্থ্যকর খাবার এবং থাকার নূনতম পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে।

বন্যার সময় কিছু রোগ-বালাই দেখা দেয়। এই দুর্যোগ মোকাবিলার পাশাপাশি এসব রোগ-বালাই থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সচেতন হতে হবে।

* বিশুদ্ধ পানি

বন্যার সময় পানির উৎস হিসেবে পানিকে ভালোমতো ফুটিয়ে ঠান্ডা করে পান করা প্রয়োজন, এছাড়া এটি গৃহস্থালির অন্যান্য কাজে ব্যবহার করতে হবে। যদি বন্যার পানিতে টিউবওয়েল তলিয়ে যায় তবে এক কলস পানিতে তিন-চার চা চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে টিউবওয়েলের ভেতর ঢালা উচিত। আধা ঘণ্টা রেখে দিয়ে একটানা আধা ঘণ্টা চেপে বের করে ফেললে সে পানি খাওয়ার উপযোগী হয়ে যাবে। যদি ব্লিচিং পাউডার না থাকে তবে এক ঘণ্টা টিউবওয়েলের পানি চেপে বের করে ফেলতে হবে। কিন্তু নিরাপত্তার জন্য টিউবওয়েলের পানিও ভালোমতো ফুটিয়ে গ্রহণ করা উচিত এবং পানি একটানা ৩০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। যদি পানি ফোটানোর ব্যবস্থা না থাকে, তবে প্রতি দেড় লিটার পানিতে ৭.৫ মিলিগ্রাম হ্যালোজেন ট্যাবলেট (হ্যালো ট্যাব), তিন লিটার পানিতে ১৫ মিলিগ্রাম ট্যাবলেট, এবং ১০ লিটার পানিতে ৫০ মিলিগ্রাম ট্যাবলেট আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়। আবার বাসার পানির ট্যাংকের প্রতি এক হাজার লিটারে ২৫০ গ্রাম ব্লিচিং পাউডার এক ঘণ্টা রাখতে পানিকে বিশুদ্ধ করা সম্ভব। তবে এই ক্ষেত্রে ভাইরাস জীবাণু ধ্বংস হয় না।

* ডায়রিয়া প্রতিরোধে

বন্যার সময় ডায়রিয়া হচ্ছে প্রধান স্বাস্থ্য সমস্যা। তাই খাওয়ার আগে এবং পায়খানা করার পরে হাত ভালোভাবে পরিষ্কার করার ওপর জোর দিতে হবে। যদি ডায়রিয়া শুরু হয় তাহলে পরিমাণ মতো খাওয়ার স্যালাইন খেতে হবে। ২ বছরের কম বয়সী শিশুদের পাতলা পায়খানার পর ১০-১২ চা চামচ এবং ২ থেকে ১০ বছরের শিশুদের জন্য ২০ থেকে ৪০ চা চামচ খাওয়ার স্যালাইন দিতে হবে। খাওয়ার স্যালাইন না থাকলে বিকল্প হিসেবে লবণ-গুড়ের শরবত খাওয়াতে হবে। এ সময় নিরাপদ পানি খাওয়ানো যেতে পারে। শিশুর পুষ্টিহীনতা রোধে খিচুড়ি খাওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলও গ্রহণ করা উচিত। যদি পাতলা পায়খানা ও বমির মাত্রা বেড়ে যায়, তবে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।

* খাবার গ্রহণে সতর্কতা

বন্যার সময় অনেক মানুষ পচা বা বাসি খাবার খেতে বাধ্য হন, ফলে ডায়রিয়াসহ অন্যান্য রোগ ছড়িয়ে পড়ে। এই সময়ে খিচুড়ি খাওয়া স্বাস্থ্যকর। খাবারের প্লেট সাবান ও নিরাপদ পানিতে ধোয়া উচিত। অনেকেই পানি বেশি খরচ হয় বলে প্রথমে একবার সাধারন পানিতে থালা-বাসন ধুয়ে তারপর ফুটানো পানিতে ধুয়ে থাকেন, তবে এটি সঠিক নয় কারণ এতে থালা-বাসনে জীবাণু ছড়িয়ে পড়ে।

* দুর্ঘটনা থেকে সাবধানতা

বন্যার সময় আকস্মিক বিভিন্ন দুর্ঘটনা ঘটে, যেমন বৈদ্যুতিক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, সাপ এবং পোকা-মাকড়ের কামড়ের ঘটনা। বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে বা পানিতে পড়ে থাকতে দেখলে তা স্পর্শ না করে দ্রুত বিদ্যুৎ কর্মীদের খবর দিতে হবে। সাপ এবং ইঁদুর মানুষ ও পশপাখির মাঝে অবস্থান নেয়, ফলে সাপ কাটার ঘটনা বেড়ে যায়। বিষহীন সাপে কাটলে ভয়ের কিছু নেই, কিন্তু বিষধর সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে জরুরিভিত্তিতে অ্যান্টিভেনম এবং টিটেনাস প্র্যাকটিশ প্রয়োগ করতে নির্দেশ পেরাতে হবে। ইঁদুরে কাটলেও অবহেলা না করে ডাক্তারদের পরামর্শ নিতে হবে।

* মলত্যাগে সতর্কতা

বন্যার সময় যেখানে-সেখানে মলত্যাগ করা দূষণ ছড়ায়, যা পেটের পীড়া এবং কৃমির সংক্রমণ বৃদ্ধি করে। সম্ভব হলে একটি নির্দিষ্ট স্থানে মলত্যাগ করতে হবে এবং পরে হাত সাবান বা ছাই দিয়ে ভালো করে ধোয়া উচিত। মলত্যাগের সময় খালি পায়ে থাকলে বক্রকৃমির জীবাণু শরীরে সংক্রমিত হয়। এ সময় বাসার সবাইকে কৃমির ওষুধ খাওয়ানো উচিত। তবে দুই বছরের নিচের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

* বন্যা-পরবর্তী সতর্কতা

বন্যা-পরবর্তী সময় মানুষ (দুই বছরের নিচের শিশু ছাড়া) ও গবাদিপশুকে কৃমিনাশক খাওয়াতে হবে। শামুক বিভিন্ন পরজীবীর বা কৃমির মধ্যবর্তী পোষক হিসাবেও কাজ করে। শামুক যখন হাঁসের খাবার হয়ে যায় তখন তা কম ক্ষতিকর। এ ছাড়াও কৃমিনাশক নিয়মিতভাবে চার থেকে ছয় মাস অন্তর খাওয়ানো উচিত।

লেখক : মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ল্যাবএইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, উত্তরা, ঢাকা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%