১২:৪৫ পি.এম
অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। দীর্ঘ দিন ধরে চলা দাবি ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবার চালু করা হচ্ছে। এই রুটের পুনরায় চালু হওয়া যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির একটি অন্যতম প্রাণের দাবি ছিল।
এই দাবিকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর ইএ-২০৮ সোমবার (৬ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে। ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানানোর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্যে বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অন্তরাবর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন হুমায়ুন কবির। বৈঠকের সময় ফ্লাইটটি বন্ধ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং রুটটি পুনরায় চালুর জন্য জোরালো দাবি উত্থাপন করা হয়। পরবর্তীতে, জাতীয় নির্বাচনের মাত্র আট দিন আগে, ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের
নতুন সরকার গঠনের চার মাস পর এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর হুমায়ুন কবির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক সমন্বয় বজায় রেখেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সদিচ্ছার ফলেই বহু প্রতীক্ষিত এই ফ্লাইটটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এই রুটটি শুধুমাত্র একটি বিমান যোগাযোগ নয়, বরং এটি পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধে পরিণত হয়েছে। ফলে, ফ্লাইটটি পুনরায় চালুর খবরে প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি, আনন্দ এবং উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন