০১:২৬ পি.এম
ফুটবল বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। আর ঠিক ওই সময় দুঃসংবাদ পেলেন ইরানের ফুটবল সমর্থকরা। টুর্নামেন্ট শুরুর আগের মুহূর্তে আকস্মিকভাবে ফিফা ইরান দলের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সমস্ত টিকিট বাতিল করে দিয়েছে। ফলে ভিসা জটিলতার কারণে ভ্রমণের প্রস্তুতি নিলেও মাঠে বসে খেলা দেখতে পারবেন না হাজার হাজার ইরানি সমর্থকরা। গতকাল মঙ্গলবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানি ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক মঞ্চে এমন সিদ্ধান্তকে ফুটবলের চেতনা পরিপন্থী এবং নোংরা রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে তীব্র ক্ষোভ জানিয়েছে তারা। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ অফিশিয়াল কোটা হিসেবে পায়, যা তারা নিজেদের দেশের সমর্থকদের মধ্যেই বণ্টন করে। ইরান ফেডারেশন ইতোমধ্যে ওই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। এফএফআইআরআই একটি বিবৃতিতে জানায়, অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করেও অসংখ্য ইরানি সমর্থক ম্যাচ দেখার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার পরও তাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। তারা উল্লেখ করে, ইরানি সমর্থকদের তাদের আইনসম্মত ও অফিশিয়াল টিকিটের অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী। যদিও বিবৃতিতে সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি, তবে ফেডারেশন ইঙ্গিত দিয়েছে যে, এই পরিস্থিতির পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক কারণ জড়িত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি চলছে। আর এই ভূ-রাজনৈতিক উত্তাপের প্রভাব বর্তমান বিশ্বকাপেও দেখা যাচ্ছে। নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতাগুলোর কারণে ইরান দল তাদের বেস ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে পরিবর্তন করে মেক্সিকোর টিজুয়ানাতে স্থানান্তর করতে বাধ্য হয়। গত ৭ জুন দলটি মেক্সিকোতে এসে পৌঁছায়। অনেক জলঘোলার পর গত সপ্তাহে আমেরিকা প্রশাসন সমস্ত ইরানি ফুটবলারকে ভিসা দিলেও দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফকে এখনও ভিসা দেওয়া হয়নি। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান গ্রুপ ‘জি’ তে প্রতিযোগিতা করছে। তারা ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের ম্যাচ ২১ জুন বেলজিয়ামের বিরুদ্ধে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন