ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উপজেলায় এমপির পরিদর্শন কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা


উপজেলায় এমপির পরিদর্শন কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। শামীম কায়সার তার প্রশ্নে জানতে চেয়েছিলেন—দেশের সব সংসদ সদস্যের দাপ্তরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথকভাবে কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা আছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এআই ক্যামেরা স্থাপন হচ্ছে

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান নিজ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জন্য নির্ধারিত জায়গার দাবি জানিয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদকে জানিয়েছিলেন, সরকার জাতীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে। ওই দিনই সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি গাড়ির পরিবর্তে উপজেলায় সংসদ সদস্যদের জন্য দাপ্তরিক কার্যালয় বা অফিসের ওপর গুরুত্বারোপ করেছিলেন।

আরও পড়ুন: রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল: রাষ্ট্রপতির চট্টগ্রাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে হামলায় রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে হামলায় রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়িতে হামলার নেপথ্যে রাশিয়ার হাত রয়েছে, এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আদালত ও পুলিশের তথ্য অনুযায়ী, অর্থের প্রলোভনে পরিচালিত হয় এই হামলার ঘটনা। তবে, রুশ দূতাবাস এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

২০২৫ সালের মে মাসে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মালিকানাধীন বাড়ি ও গাড়িতে হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের পর কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধানের ফলস্বরূপ, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে।

আদালত ও পুলিশের বরাতে গণমাধ্যমটি উল্লেখ করেছে, পুরো অপারেশনটি একজন রুশ-ভাষী হ্যান্ডলারের মাধ্যমে পরিচালিত হয়েছিল, যে টেলিগ্রামে ‘এল মানি’ নামে পরিচিত।

অভিযোগ অনুযায়ী, এই ব্যক্তি ইউক্রেনের নাগরিক রোমান লাভরিনোভিচ এবং রোমানিয়ার নাগরিক স্ট্যানিস্লাভ কার্পিউককে নিয়োগ দিয়েছেন এবং ধাপে ধাপে আরও গুরুতর কাজের নির্দেশনা দিয়েছেন। তথ্যে উল্লেখিত আছে, লাভরিনোভিচকে অর্থ দেওয়ার পাশাপাশি রুশ নাগরিকত্ব দেয়ারও প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই ধরনের কার্যক্রম বৃহত্তর একটি প্রক্সি নেটওয়ার্কের অংশ, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রামের মাধ্যমে তরুণদের অর্থের প্রলোভন দেখিয়ে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এসব নেটওয়ার্ক বিভ্রান্তিমূলক অনলাইন কমিউনিটি তৈরি করে যুক্তরাজ্যে ভীতি ও বিভাজন ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

রুশ পক্ষ এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং দূতাবাস জানিয়েছে যে, রাশিয়াকে কোনো ধরনের অবৈধ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিশ্লেষকরা মনে করেন, ইউরোপজুড়ে ইউক্রেনীয় নাগরিকদের ব্যবহার করে নাশকতা কার্যক্রম পরিচালনার অভিযোগ নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করছে।

ইউক্রেনীয় তদন্তকারীরা বলছেন, একাধিক দেশে ছড়িয়ে থাকা এমন নেটওয়ার্কে ইউক্রেনীয়রা বড় অংশে জড়িত, যা কৌশলগতভাবে বিভ্রান্তি তৈরির একটি প্রচেষ্টা। নিরাপত্তা বিশেষজ্ঞরা দেখছেন এই ঘটনাকে শুধুমাত্র অপরাধ হিসেবে নয়, বরং আধুনিক হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবেও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে দীর্ঘ সময় আটকে ৬ বাংলাদেশি, সংকট অমীমাংসিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


সীমান্তে দীর্ঘ সময় আটকে ৬ বাংলাদেশি, সংকট অমীমাংসিত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায়, দুই শিশু সন্তানসহ টানা ৬০ ঘণ্টা ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন সুমি আক্তার ও বেলাল হোসেন দম্পতি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলেও, বিজিবি ও স্থানীয়দের বাধায় এখনও তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

সুমি ও বেলাল দম্পতি, তাদের দুই শিশুসন্তান এবং আরো দুজনসহ মোট ছয়জন বর্তমানে ওই এলাকায় আটকা রয়েছেন। একই সময়ে, রৌমারীর বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে বিএসএফ আরো তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত রবিবার (১৪ জুন) ভোরে, গয়টাপাড়া ও বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কাঁটাতারের কাছে নিয়ে আসা হলেও, বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা পর্যন্ত, তারা শূন্যরেখার কাছেই খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। ফলে তারা ভারতেও ফিরতে পারছেন না, আবার বাংলাদেশেও প্রবেশের সুযোগ পাচ্ছেন না।

সরেজমিনে দেখা যায়, সীমান্তের এক পাশে বিএসএফ এবং অন্য পাশে বিজিবি অবস্থান করছে। মাঝখানে, দুই শিশু সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় বসে আছেন সুমি ও বেলাল। সুমির কোলে রয়েছে ছয় মাস বয়সী শিশু ফাইমা এবং বেলালের কোলে চার বছর বয়সী শিশু ফাতেমা।

জানা গেছে, সুমি আক্তার ও বেলাল হোসেনের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামে। কয়েক মাস আগে, তারা সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বলে জানা গেছে। পরে, বিএসএফ তাদের আটক করে রবিবার ভোরে সীমান্তে নিয়ে আসে।

বিজিবির দাবি, সীমান্ত আইন লঙ্ঘন করে রৌমারীর দুটি সীমান্ত দিয়ে নয়জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিএসএফের দাবি, সীমান্তে অবস্থানরত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। ভুক্তভোগীরাও নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিয়েছেন। কিন্তু অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়টি যাচাই না হওয়া পর্যন্ত, তাদের গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় রবিবার দুপুরে, বিজিবি ও বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও, কোনো সমাধান কিছুই হয়নি। গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম বলেন, ‘তারা এখনো শূন্যরেখার কাছে অবস্থান করছেন। কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে, তবে এখনো কোনো সমাধান হয়নি।’

তিনি আরো জানান, বিএসএফ তাদের কম্বল, পলিথিন ও খাবার দিয়েছে। পাশাপাশি, স্থানীয় বাসিন্দারাও খাবার ও ছাতা দিয়ে সহযোগিতা করছেন।

শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় গিয়ে তাদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ পুশ ইনের চেষ্টা করেছে, কিন্তু আমরা তাদের প্রবেশ করতে দিইনি। গ্রহণযোগ্য সমাধান না হওয়া পর্যন্ত, তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গর্ব ও মর্যাদার প্রতীক’ হিসেবে ইরানের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


‘গর্ব ও মর্যাদার প্রতীক’ হিসেবে ইরানের প্রশংসা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশটিকে ‘গর্ব ও মর্যাদার প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।

তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের কাছে তিনি এসব কথা জানান। সংবাদ মাধ্যম আলজাজিরা জানাচ্ছে যে, ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে ইরান বাধ্য করেছে বলে তিনি মন্তব্য করেছেন। কাসেম বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির প্রথম এবং মৌলিক শর্তই ছিল লেবাননসহ সব ফ্রন্টে ইসরায়েলের সামরিক কার্যক্রম বন্ধ করা।’

তিনি আরো বলেন, ‘আমরা সবসময় বলে এসেছি, ইরান হিজবুল্লাহ, প্রতিরোধ আন্দোলন এবং লেবাননের জনগণকে অনেক কিছু দিয়েছে, কিন্তু বিনিময়ে কিছুই নেয়নি। তারা আমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, আমাদের ভূমি মুক্ত করার শক্তি দিয়েছে, সমাজের ক্ষত সারিয়ে তুলতে এবং জনগণকে সহায়তা করতে সাহায্য করেছে।’

কাসেম ইরানের সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করে বলেন, ‘আজ ইরান রক্ত দিচ্ছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলার জবাবে জায়নবাদী সত্তার বিরুদ্ধে হামলা চালাচ্ছে এবং যুদ্ধের হুমকিসহ নানা পরিণতির মুখোমুখি হচ্ছে। পাশাপাশি তারা বিপুল ত্যাগও স্বীকার করছে।’

তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই—ইরান গর্ব ও মর্যাদার এক প্রতীক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


মাদারীপুরে মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

মাদারীপুরে মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে পুনঃএকত্রীকরণ বিষয়ে সংশ্লিষ্ট পেশাজীবীদের ভূমিকা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, সমাজকর্মী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এই সেমিনারটি মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রবিউল ইসলাম, এবং পরিদর্শক মো. ফরহাদ আকন্দ।

সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদকাসক্তি কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার ও সমাজের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। তাই মাদকাসক্তদের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যথাযথ চিকিৎসা, কাউন্সেলিং এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও পুনর্বাসন কার্যক্রম সমানভাবে গুরুত্বপূর্ণ। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। আয়োজকরা জানান, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের সেমিনার ও সচেতনতা কর্মসূচি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%