০৫:১৫ এম
পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরে ১৭ বছরেরও বেশি সময় পর বিনোদন জগতে নতুন এক ঝড় তুলেছে তার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিসে ইতোমধ্যে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার আয়ের মাইলফলক অতিক্রম করেছে। এই মাধ্যমে, লিয়ন্সগেটের এই চলচ্চিত্রটি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী বায়োপিক বা জীবনীভিত্তিক সিনেমার প্রথম স্থান দখল করেছে।
অ্যান্টোনি ফুকা পরিচালিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসনের। মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এমন একটি ঐতিহাসিক মাইলফলক অর্জনের আগে ‘মাইকেল’ আরও বেশ কিছু বড় রেকর্ড ভেঙেছে।
প্রথমে এটি ২০১৮ সালের ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’র ৯১১ মিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে যায়। কিছুদিন পর, এটি ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওপেনহাইমার’কে টপকে যায়, যা এতদিন শীর্ষস্থানে ছিল এবং ৯৭৭ মিলিয়ন ডলার আয়ে থেমে ছিল।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোনো স্বাধীন (ইনডিপেনডেন্ট) স্টুডিওর নির্মিত ও পরিবেশিত প্রথম সিনেমা হিসেবে বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের নতুন ইতিহাস তৈরি করেছে ‘মাইকেল’। শুরুতে বেশ কয়েকটি বড় স্টুডিও এই প্রজেক্টে অর্থায়ন করতে অস্বীকৃতি জানালেও, লিয়ন্সগেট ঝুঁকি নিয়ে ইউনিভার্সাল পিকচার্স ও কিনো ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে, যা শেষে বিশাল ব্যবসায়িক সাফল্যে রূপ নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন