০৪:৪৭ পি.এম
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তার ব্যর্থতার পরও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইমনের দল পাকিস্তানের লাহোর কালান্দার্স অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্কর্চার্সকে ১৬ রানে হারিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গতরাতে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে লাহোর। ৫৭ রানে ২ উইকেট পতনের পর চার নম্বরে ব্যাট হাতে ক্রিজে আসেন ইমন। প্রথম ৪ বল খেলে প্রথম রানের দেখা পান তিনি।
এরপর আরও ৪ বল খেলে ইমন আরও ২ রান তুলতে পারেন। তবে নিজের মুখোমুখি হওয়া নবম বলে আউট হয়ে যান এই বাঁ-হাতি ব্যাটার। ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে পার্থের বাঁ-হাতি স্পিনার ডি’আর্চি শর্টের ডেলিভারিতে শর্ট মিড উইকেটে অ্যাস্টন আগারকে ক্যাচ দেন ইমন। ৯ বল খেলে তিনি মাত্র ৩ রান করেন।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়
তবে শায়ান জাহাঙ্গিরের ৪৫ বলে ৬৫ এবং ফারহান ইউসুফের ২৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ১৭১ রানের সংগ্রহ পায় লাহোর।
জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি পার্থ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন উসমান খান। বল হাতে লাহোরের মোহাম্মদ ইমরান ও উসামা মির ২টি করে উইকেট নেন।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না ইমন। গেল মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ইনিংসে ৪৭ রান করেন তিনি। এরপর এ মাসে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ইনিংসে মাত্র ৩০ রান করেন ইমন। এবার গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না এই ব্যাটার।
আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন