বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০২:৩৪ পি.এম
জেলার কাশিয়ানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার সাথে আরো ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের বাসিন্দা ইমদাদুল হক গতকাল বুধবার (১৫ জুলাই) রাতে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন। তিনি ধানকোড়া গ্রামের হাজী কায়েম উদ্দিন ফকিরের পুত্র এবং রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান আজ সকালে বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৪ জুলাই (মঙ্গলবার) বিকেলে উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনার অংশ হিসেবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে তারা। এর ফলে জনমনে আতঙ্ক ও ক্ষোভের উদ্ভব হয়।
এসময়, মামলার বাদী এমদাদুল হক মোটরসাইকেলযোগে সঙ্গী নিয়ে সেখানে পৌঁছালে আসামিরা তাদের ওপর অতর্কিতে চড়াও হয়। তারা তাদের মারধর করে এবং ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় বুধবার রাতে কাশিয়ানী থানায় ১২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নামে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, যানবাহন চলাচলে বাধা, বিএনপি নেতাদের মারধর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। ১৮ জন আসামিকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত একটি মেলার গেটে একটি বাংলা শব্দের ভুল বানান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
এই ভুলের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ায়, এই নিয়ে সামাজিক মাধ্যম সরগরম।
সম্প্রতি, চাঁপাইনবাবগঞ্জে একটি মেলার আয়োজন করা হয়েছে এবং সেই মেলার গেটে "জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা" এই বাক্যটি সোনালি রঙের অক্ষরে লেখা হয়েছে। তবে সেই ব্যানারে "কুটির" বানানটি ভুলভাবে "কুঠির" লেখা হয়েছে।
উক্ত ছবিতে দেখা যাচ্ছে যে, এই ভুলটি সবার চোখ এড়িয়ে গেছে। কারণ, এই গেটের উদ্বোধন অনুষ্ঠানে অনেক আমন্ত্রিত ব্যক্তি ও স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন। তবে কেউ অদ্যাবধি এই ভুল বানানটি নিয়ে কোনো প্রশ্ন তুলেননি।
এই ভুল বানান নিয়ে স্থানীয় অধিবাসীরা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অসন্তোষ প্রকাশ করছেন। অনেকে মন্তব্য করছেন যে, স্থানীয় প্রশাসন ও মেলা আয়োজকদের বাংলা ভাষার প্রতি অবহেলা দেখা যাচ্ছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "প্রশাসন কি এই ভুলের প্রতি উদাসীন? এটি তো বাংলাদেশের সংস্কৃতির প্রতি বড় অপমান।"
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "মেলার গেট তৈরির দায়িত্ব যারা নিয়েছিলেন, তাদের দক্ষতা এবং সতর্কতা নিয়েও প্রশ্ন উঠছে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা কেন?"
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভুল বানান নিয়ে এখনও আলোচনা চলছে, এবং অনেকেই এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত মেলা আয়োজকদের বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ৩০ বছর বা তার বেশি বয়সী সক্রিয় ও রিজার্ভ সেনাসদস্যদের জন্য টেস্টোস্টেরন (পুরুষত্ব হরমোন) ঘাটতির বাধ্যতামূলক স্ক্রিনিং শুরু করা হয়েছে। এই নতুন কর্মসূচির অনুমোদন দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
হেগসেথ এক ভিডিও বার্তায় বলেছেন, সেনাসদস্যদের সর্বোচ্চ শারীরিক সক্ষমতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম পাওয়া যাবে, তাঁরা স্বেচ্ছায় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) গ্রহণ করতে পারবেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া পেশি বৃদ্ধির উদ্দেশ্যে টেস্টোস্টেরন ব্যবহার সামরিক বাহিনীতে নিষিদ্ধ থাকবে।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, নতুন স্ক্রিনিং কর্মসূচি অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে সেনাসদস্যদের স্বাস্থ্যসংক্রান্ত একটি বিস্তৃত তথ্যভান্ডার তৈরি হবে এবং প্রয়োজন অনুযায়ী লক্ষ্যভিত্তিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
তবে নারীদের সেনাসদস্যদের ক্ষেত্রেও এই স্ক্রিনিং বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ নিয়ে মার্কিন কংগ্রেসে প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট সিনেটর এবং সাবেক সেনা কর্মকর্তা ট্যামি ডাকওর্থ নারীদের এবং পুরুষদের উভয় সেনাসদস্যের জন্য সমানভাবে হরমোন পরীক্ষা চালুর আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান এবং সাবেক বিমানবাহিনীর সদস্য ক্রিসি হুলাহান এই উদ্যোগকে প্রতিরক্ষামন্ত্রীর সর্বশেষ সংস্কৃতিজনিত যুদ্ধের আসক্তি বলে সমালোচনা করেছেন।
বেইলর কলেজ অব মেডিসিনের ইউরোলজি অধ্যাপক ড. মোহিত খেরা মন্তব্য করেছেন, ৩০ বছরের বেশি পুরুষদের টেস্টোস্টেরন পরীক্ষা করা উচিত, কারণ এটি সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক। তাঁর অভিমত, কম টেস্টোস্টেরণের কারণে পেশিশক্তি এবং কর্মক্ষমতা কমে যেতে পারে, যা যুদ্ধক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে উপসর্গ না থাকলে শুধুমাত্র পরীক্ষার ফলের ভিত্তিতে টেস্টোস্টেরন থেরাপি দেওয়া উচিত নয় বলে তিনি সতর্ক করেছেন।
বিশেষজ্ঞদের মতে, টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে পেশিশক্তি বৃদ্ধি, শরীরের অতিরিক্ত চর্বি কমানো, বিষণ্নতার ঝুঁকি হ্রাস এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নয়ন সম্ভব হতে পারে। তবে এই চিকিৎসা সবার জন্য উপযোগী নয়। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে এটি প্রজননক্ষমতা কমিয়ে বন্ধ্যাত্বের ঝুঁকি সৃষ্টি করতে পারে। পাশাপাশি হৃদরোগের সম্ভাব্য ঝুঁকিও পুরোপুরি এড়িয়ে যাওয়া যায় না।
এদিকে মার্কিন প্রশাসন সম্প্রতি টেস্টোস্টেরন প্রেসক্রিপশনের বিদ্যমান বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি সংক্রান্ত কিছু নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে সতর্কবার্তা লেবেল থেকে অপসারণের প্রস্তাব দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এই ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় ঘটে।
মৃত শিশুরা হচ্ছেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) এবং জান্নাত (৮)। নিহতরা সবাই ছিল বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ এবং এলাকাবাসী জানায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষ হওয়ার পরে টিফিন পিরিয়ড শুরু হয়। সেই সময় ৬ জন শিশু শিক্ষার্থী মাদ্রাসার পাশে অবস্থিত একটি বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে একজন শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর পাঁচজন পানিতে পড়ে যায়। একই সময়ে আরও ৩ শিশু পানিতে তলিয়ে যায়।
এটা জানতে পেরে মাদ্রসার কর্তৃপক্ষ এবং এলাকাবাসী উদ্ধার কাজে নেমে পড়ে। পরে ৩ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর খবর আমি পেয়েছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ বর্তমানে বড় চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
তিনি বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, অপরাধ মোকাবিলায় দক্ষতার কোনো বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো জরুরি, প্রতিনিয়ত আপডেট হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ফরেনসিকের মতো জ্ঞান অর্জন করতে হবে। সব ধরনের ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা এবং প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত এবং সব শ্রেণি-পেশার নাগরিকদের নিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
পুলিশের নবীন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন এবং বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। পুলিশ সদস্যদের আচরণ দ্বারা সব সময় প্রমাণ দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
এর আগে, আইজিপি আলী হোসেন ফকির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শনের পর আইজিপি আলী হোসেন ফকির বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মোট ৫২৭ জন ২০২৫ সালের জুলাই মাসে ৪২তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণ শুরু করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ