০২:৩৫ পি.এম
নাটোরের নলডাঙ্গা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের সহযোগিতা ছিল। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুলনীচা বাজার এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
রাজশাহী থেকে এসআরবি-৫ সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানার পাটুলনীচা বাজারের কাছে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে স্থানীয়রা একটি সাদা রঙের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানানো হলে এসআরবির সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়।
রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় তল্লাশি চালিয়ে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরে জব্দ করা হয়। তবে ককটেলগুলো কে বা কারা সেখানে রেখেছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় গ্রেফতার-১
নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি সদস্যরা ছয়টি অবিস্ফোরিত ককটেল ও সদৃশবস্তু উদ্ধার করার পর নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন