প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লবঙ্গ দেখতে অনেকটা ছোট্ট নাকফুলের মতো। যদিও আকারে এটি সামান্য, তবে এর সুগন্ধে এর তুলনা নেই। রান্নায় স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধির জন্য লবঙ্গের ব্যবহার বহুদিনের। তবে, এটি শুধুমাত্র মসলা হিসেবেই নয়, লবঙ্গের কিছু সম্ভাব্য স্বাস্থ্যগুণও রয়েছে। এর মধ্যে একটি বিশেষ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। মুখের যত্ন থেকে শুরু করে জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা—বিভিন্ন কারণে লবঙ্গ নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রতিদিন লবঙ্গ খেলে কি পেটের মেদ কমে, কিংবা বিভিন্ন শারীরিক সমস্যা দূর হয়? আসুন, ছোট্ট এই মসলার গুণাগুণ ও সতর্কতার দিকগুলো জানি।
১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ২০১৯ সালে প্রকাশিত এক গবেষণায় ১৩ জন সুস্থ ও প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির অংশগ্রহণ ছিল। তাঁদের ৩০ দিন ধরে প্রতিদিন ২৫০ মিলিগ্রাম পলিফেনলসমৃদ্ধ লবঙ্গের নির্যাস দেওয়া হয়। গবেষণায় দেখা যায়, নির্যাস গ্রহণের ১২ দিনের মাথায় অংশগ্রহণকারীদের খাবারের পর রক্তে শর্করার মাত্রা কমে যায়। ৩০ দিন শেষে এই পরিবর্তন অব্যাহত ছিল। যাঁদের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল, তাঁদের খাবারের আগের রক্তে শর্করার মাত্রাতেও কমতি দেখা যায়। তবে গবেষণাটি ছোট পরিসরে পরিচালিত হয়েছিল এবং এতে আস্ত লবঙ্গ নয়, নির্দিষ্ট মাত্রার নির্যাস ব্যবহার করা হয়েছিল।
২. অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস
লবঙ্গে ইউজেনল ও পলিফেনলজাতীয় উপাদান রয়েছে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ধারণ করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি র্যাডিক্যালের প্রভাব মোকাবিলায় সহায়তা করে। ফ্রি র্যাডিক্যালের অতিরিক্ত প্রভাব কোষের ক্ষতির সঙ্গে সম্পর্কিত। সুতরাং, অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার সুষম খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ।
৩. দাঁতের ব্যথা উপশমে ব্যবহার
দাঁতের চিকিৎসায় লবঙ্গের ব্যবহার একটি প্রাচীন প্রথা। এর প্রধান উপাদান ইউজেনল সাময়িকভাবে ব্যথার অনুভূতি কমাতে সক্ষম। এই কারণে দাঁতের চিকিৎসায় ইউজেনল ব্যবহার করা হয়। বিশেষ করে কিছু ডেন্টাল উপকরণ তৈরিতে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। পাশাপাশি, এর অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যও রয়েছে।
৪. প্রদাহবিরোধী বৈশিষ্ট্য
লবঙ্গে থাকা ইউজেনলের প্রদাহবিরোধী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা হয়েছে। বিভিন্ন পরীক্ষাগারভিত্তিক গবেষণায় দেখা গেছে, এ উপাদান প্রদাহের সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাই প্রদাহ কমানোর সম্ভাব্য প্রাকৃতিক উপাদান হিসেবে ইউজেনল নিয়ে গবেষণা চলছে।
৫. কিছু জীবাণুর বিরুদ্ধে কার্যকর
লবঙ্গের নির্যাস ও ইউজেনল নিয়ে পরীক্ষাগারে করা গবেষণায় কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কার্যকারিতা দেখা গেছে। লবঙ্গের এই বৈশিষ্ট্যের কারণে খাদ্য সংরক্ষণ এবং মুখের যত্নে এর উপাদান ব্যবহারের সম্ভাবনা নিয়েও গবেষণা করা হয়েছে।
কীভাবে খাবেন, কতটা সতর্ক থাকবেন?
রান্নায় স্বাভাবিক পরিমাণে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। তবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক লবঙ্গ খেলে একই ধরনের স্বাস্থ্য উপকার পাওয়া যাবে—এমন কোনো প্রতিষ্ঠিত নিয়ম নেই। গবেষণায় ব্যবহৃত লবঙ্গের নির্যাস ও রান্নায় ব্যবহৃত আস্ত লবঙ্গ এক নয়। তাই গবেষণার ফলাফল দেখে নিজে থেকে বেশি পরিমাণে লবঙ্গ বা লবঙ্গের তেল গ্রহণ করা উচিত নয়। অতিরিক্ত ইউজেনল গ্রহণে যকৃতের ক্ষতি হতে পারে।
সব মিলিয়ে, লবঙ্গ শুধুমাত্র রান্নার সুগন্ধি মসলাই নয়; এতে থাকা ইউজেনল ও পলিফেনলের কিছু বৈশিষ্ট্য বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে। বিশেষ করে ৩০ দিনের একটি প্রাথমিক গবেষণায় লবঙ্গের নির্যাস রক্তে শর্করার মাত্রায় ইতিবাচক প্রভাব দেখিয়েছে। তবে এ বিষয়ে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন