ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির


বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির

বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হবে জাতীয় স্বার্থ রক্ষা ও প্রসার। পারস্পরিক শ্রদ্ধা, সুবিধা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করা হবে। পাশাপাশি, বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার লক্ষ্যও থাকবে।

৫ অক্টোবর সোমবার রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর সমাপনী দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এভাবেই বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং নিরাপত্তাকে আলাদা করে দেখা সম্ভব নয়। জাতীয় স্বার্থ রক্ষা এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে বাংলাদেশের কূটনীতিকে আরও অর্থনৈতিককেন্দ্রিক হতে হবে।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়

হুমায়ুন কবির বলেন, বিশ্বের ক্ষমতার ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে, প্রযুক্তি রাষ্ট্র পরিচালনার ধরনকে বদলে দিচ্ছে এবং অর্থনৈতিক প্রতিযোগিতা আরও কৌশলগত ও তীব্র হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে শুধু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ালেই হবে না, বরং ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখতে হবে।

বঙ্গোপসাগরকে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী। তার মতে, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।

রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্য, জ্বালানি, পানি, সাইবার এবং সামুদ্রিক নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সীমান্তপারের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

এ সময় হুমায়ুন কবির বাংলাদেশের পররাষ্ট্রনীতির চারটি মূলনীতি তুলে ধরেন। তিনি জানান, জাতীয় স্বার্থ হবে পথপ্রদর্শক, কৌশলগত স্বায়ত্তশাসন হবে শক্তি, অংশীদারত্ব সৃষ্টি করবে নতুন সুযোগ এবং শান্তিই থাকবে চূড়ান্ত লক্ষ্য।

গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানার শাহিনুর আলম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানার শাহিনুর আলম গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানার বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শাহিনুর আলমকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয় এবং সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, শাহিনুর আলম একজন তালিকাভুক্ত চাঁদাবাজ। দীর্ঘ সময় ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি অতীতে স্থানীয় কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তবে ওই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।

অভিযোগ রয়েছে যে, শাহিনুর ও তার সহযোগীরা খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা এবং আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজগুলো থেকে চাঁদা আদায় করতেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, "চাঁদাবাজির অভিযোগে এসআরবি শাহিনুরকে আটক করে দুপুরে থানায় হস্তান্তর করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রত্যেক শিক্ষককে সম্মাননা হিসেবে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ১০ জন প্রাথমিক পর্যায়ের, ২০ জন মাধ্যমিকের, ২৫ জন কলেজের, ২০ জন সাধারণ বিশ্ববিদ্যালয়ের, ১০ জন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের, তিনজন কৃষি বিশ্ববিদ্যালয়ের, তিনজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এবং চারজন অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর মনোনীত সাতজন শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়।

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। তাঁদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরার জন্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে দিবসটি উদযাপন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস-কে এই তথ্য জানান।

এ সময় রাষ্ট্রপতি দেশের জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, "চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করা প্রয়োজন।" একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোর ওপর তিনি জোর দেন।

রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে স্বল্প সুদে ব্যাংক ঋণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "এতে রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো পিছিয়ে থাকা অঞ্চলে শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল।" নতুন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত আসন্ন বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

ডিসিসিআই প্রতিনিধিরা জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন।

এ সময় তারা সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

একই সঙ্গে তারা রাষ্ট্রপতির কাছে বিভিন্ন দাবি, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, "দেশে গণতন্ত্রের জন্য মানুষ বারবার সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে।" কিন্তু গণতন্ত্র অর্জিত হওয়ার পর তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা ব্যর্থ হই। কারণ, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সুবিধার অপব্যবহার করে।

তিনি আরো বলেন, "বিগত সময়ে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠার কারণে দেশ পিছিয়ে পড়েছিল এবং ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল।" ব্যক্তিগত লোভ ও লালসার কারণে ব্যাংকিং খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল।

এ সময় রাষ্ট্রপতি সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ডিসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তের নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে যাচ্ছেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


শান্তের নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে যাচ্ছেন তিনি

জ্বরের কারণে এশিয়ান গেমসের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তবে এখন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠার পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন।

ম্যাচটি সামনে রেখে বাংলাদেশের টেস্ট অধিনায়ক সোমবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। এই তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি হিসেবে বর্তমানে বাংলাদেশ দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। শান্তর অনুপস্থিতিতে এই ম্যাচে দলের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

শান্তকে নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শান্তর খেলার সম্ভাবনা রয়েছে। জ্বরের পর শরীর কিছুটা দুর্বল হয়ে পড়লেও বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

জ্বরে আক্রান্ত হওয়ার কারণে জাপানে হোটেলে থাকতে হয়েছিল শান্তকে। অসুস্থতার কারণে বাইরে যেতে না পারায় খাবারের সমস্যায় পড়েছিলেন তিনি। তবে বর্তমানে শান্ত অনেকটাই সুস্থ এবং সামগ্রিকভাবে ভালো অবস্থায় আছেন।

আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট শুরু হবে। ম্যাচটি ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে, যেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে অংশ নেবে জিম্বাবুয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%