ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জেগে ওঠা চরে লাখ লাখ টাকার কাশ বাণিজ্য


জেগে ওঠা চরে লাখ লাখ টাকার কাশ বাণিজ্য

নদীভাঙনে ভিটেমাটি হারানোর ফলে যে চরাঞ্চল একসময় মানুষের দুর্ভোগের প্রতীক ছিল, সেই পতিত বালুময় জমি এখন আয়ের উৎসে পরিণত হয়েছে। কৃষকেরা কোনো বীজ, সার কিংবা সেচ ছাড়াই প্রাকৃতিকভাবে জন্মানো কাশ বিক্রি করে আয় করছেন হাজার থেকে লাখ টাকা। কাশ কাটা, আঁটি বাঁধা, পরিবহণ ও বাজারজাতকরণ সংক্রান্ত কাজে যুক্ত হচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ। কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার চরাঞ্চল থেকে এসব কাশ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার; লালমনিরহাটের ধরলা ও তিস্তা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীর চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিকভাবে জন্মেছে কাশগাছ। বন্যার পানি নেমে যাওয়ার পর জেগে ওঠা বালুময় জমিতে এসব গাছ জন্মে। নভেম্বরের দিকে কৃষকেরা কাশ সংগ্রহ করে বিক্রি করেন। যে জমিতে প্রচলিত ফসল চাষ করা কঠিন, সেই জমিই এখন বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দের বাসিন্দা সিকান্দার আলী মন্তব্য করেন, "আগে কাশ মূলত গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। এখন পানের বরজ তৈরিসহ বিভিন্ন কাজে এর চাহিদা বেড়েছে।" তিনি জানান, প্রতি হাজার আঁটি কাশ ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তার হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে এক থেকে দুই হাজার আঁটি পাওয়া যায়। সে হিসাবে বিঘাপ্রতি ৭ থেকে ১৬ হাজার টাকার কাশ বিক্রি সম্ভব।

আরও পড়ুন: ফটিকছড়ির কৃষকরা ঋণের বোঝা মাথায় নিয়ে পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান নিয়ে কাঁদছেন

চর ভগপতীপুরের বাসিন্দা আজিজুর রহমান জানান, "গত বছর নদীভাঙনে আমার ভিটেমাটি বিলীন হয়ে যায়। এ বছর সেখানে নতুন চর জেগে প্রায় পাঁচ বিঘাজুড়ে কাশবন হয়েছে।" তিনি আশা করছেন, কোনো উৎপাদন খরচ ছাড়াই কাশ বিক্রি করে এবার ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করবেন।

লালমনিরহাটের ফলিমারির চরের বাসিন্দা রহিম শেখ বলেন, তার প্রায় ১০ বিঘা জমির কাশ পাইকাররা ৮৫ হাজার টাকায় কিনেছেন। একই এলাকার ধনিরাম চরের গোপাল রায় জানান, এ বছর কাশ বিক্রি করে তার আয় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা। তবে কাশ কাটা ও আঁটি তৈরিতে শ্রমিকদের দিতে হয়েছে প্রায় ৬০ হাজার টাকা।

চিলমারীর চর করাই বরিশালের কৃষক আফতাব উদ্দিন তিন একর জমি থেকে ১৯ হাজার আঁটি কাশ সংগ্রহ করে বিক্রি করেছেন ২ লাখ ৮৬ হাজার টাকায়। কাশ কাটা ও পরিবহনে তার খরচ হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।

কাশের বাণিজ্য ঘিরে চরাঞ্চলে মৌসুমি কর্মসংস্থান তৈরি হয়েছে। কাশ কাটা, আঁটি বাঁধা ও পরিবহণের কাজে যুক্ত শ্রমিক রফিকুল, চান মিয়া ও ফরিদ জানান, "আগে কাজের সন্ধানে আমাদের দক্ষিণাঞ্চলে যেতে হতো। এখন নিজ এলাকায় কাশের মৌসুমে দৈনিক ৪০০ থেকে ৬০০ টাকা মজুরিতে কাজ পাচ্ছি।"

আরও পড়ুন: সার না পেয়ে কৃষক কর্তৃক কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

শুকনো কাশ দিয়ে পানের বরজের ছাউনি, ঘরের বেড়া ও চালা তৈরি করা হয়। এ ছাড়া গোখাদ্য ও ফুলঝাড়ু তৈরিতেও এর ব্যবহার রয়েছে। রাজশাহী, বরিশাল, কুমিল্লা, কুষ্টিয়া, বরগুনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোরসহ বিভিন্ন অঞ্চলের পানচাষি ও পাইকাররা উত্তরাঞ্চলের চর থেকে কাশ কিনে নিয়ে যান।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির বলেন, "কাশ ও কাশখড় চরাঞ্চলের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ।"

লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, চরে প্রাকৃতিকভাবে জন্মানো কাশ চাষাবাদ ও পরিচর্যার খরচ ছাড়াই বিক্রি করে মানুষ লাভবান হচ্ছেন।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, "প্রাকৃতিকভাবে জন্মানো কাশ চরাঞ্চলের মানুষের সচ্ছলতা বাড়াতে ভূমিকা রাখছে।"

আরও পড়ুন: বরিশালে কৃষকদের মাঝে ডালফসলের বীজ ও সার বিতরণ শুরু

কুড়িগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদবিদ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, "কাশের ঔষধি ও ভেষজ গুণ রয়েছে। এটি জ্বালানি ও ছাউনি তৈরিতেও ব্যবহৃত হয়।" তিনি উল্লেখ করেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ঘিরে ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ঝালকাঠির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ডেঙ্গুতে ঝালকাঠির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলামের মৃত্যু

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঝালকাঠির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম শহীদ (৫৯) মারা গেছেন। তিনি রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইনসে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলায় অবস্থিত।

পুলিশ লাইনস সূত্রে জানা গেছে, ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে ২০ নভেম্বর বরিশাল পুলিশ হাসপাতালে পরীক্ষা করালে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, শনিবার (২১ নভেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শহিদুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।

তার মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। রোববার দুপুর ১২টায় ঝালকাঠি পুলিশ লাইনস মাঠে জানাজার পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-ইইউ মুক্ত বাণিজ্যের দুয়ার খুলছে ডিসেম্বরেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


ভারত-ইইউ মুক্ত বাণিজ্যের দুয়ার খুলছে ডিসেম্বরেই

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বহুল আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তিটি আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সই হওয়ার সম্ভাবনা রয়েছে। চুক্তি কার্যকর হলে, ভারতের ৯৩ শতাংশ পণ্য শুল্ক ছাড়াই ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের সুযোগ পাবে। অন্যদিকে, ইউরোপ থেকে আমদানি করা বিলাসবহুল গাড়ি ও ওয়াইনের দাম ভারতে কমে যাবে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা আলোচনা শেষে গত ২৭ জানুয়ারি নয়াদিল্লি ও ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছানো হয়েছে। চুক্তিটিকে ‘মাদার অব অল ডিলস’ বা ‘সব চুক্তির সেরা’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

ব্রাসেলসে সইয়ের প্রস্তুতি

সম্প্রতি ভারতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জ্যঁ-এরিক পাকে জানিয়েছেন, আগামী ডিসেম্বরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তিতে সই করবেন। তার মতে, এটি আগামী বছর থেকে কার্যকর হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও চুক্তি সইয়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। ইউরোপীয় কমিশন চুক্তিটি সই ও চূড়ান্ত করার অনুমতি চেয়ে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের কাছে আবেদন করেছে। পাশাপাশি চুক্তির চূড়ান্ত আইনি পাঠ ও শুল্কসংক্রান্ত তালিকাও জমা দেওয়া হয়েছে।

যেসব পরিবর্তন আসবে বাণিজ্যে

চুক্তিটি কার্যকর হলে, ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হওয়া ৯৩ শতাংশ পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। এর ফলে ইউরোপের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে।

অন্যদিকে, ইউরোপ থেকে আমদানি করা বিলাসবহুল গাড়ি ও ওয়াইনের ওপর শুল্ক কমানোর ফলে ভারতীয় ক্রেতাদের জন্য এসব পণ্য তুলনামূলকভাবে সস্তা হয়ে যাবে।

বিশ্ব অর্থনীতিতে প্রভাব

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এ চুক্তি কার্যকর হলে প্রায় ২০০ কোটি মানুষের একটি বিশাল বাজার সৃষ্টি হবে।

দুই পক্ষ সম্মিলিতভাবে বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় এক-চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৩৩ ট্রিলিয়ন ডলারের মধ্যে তাদের বাণিজ্যের পরিমাণ প্রায় ১১ ট্রিলিয়ন ডলার।

বাণিজ্যিক জোটগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের পণ্য বাণিজ্যের অংশীদারদের মধ্যে ভারতের অবস্থান নবম এবং সেবা বাণিজ্যে ষষ্ঠ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘২০ টাকার ডিম ৫০ টাকায়’— সেন্টমার্টিনে আটকা পর্যটকদের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


‘২০ টাকার ডিম ৫০ টাকায়’— সেন্টমার্টিনে আটকা পর্যটকদের অভিযোগ

বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের কারণে সাগরের পরিস্থিতি উত্তাল হওয়ার ফলস্বরূপ নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, এই দুর্যোগের সুযোগ নিয়ে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। তাদের মধ্যে অনেককেই ‘২০ টাকার ডিম ৫০ টাকায়’ কিনতে হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার নির্দেশনা দেওয়া হলেও অনেক হোটেল সেই নির্দেশনা মানেনি। তবে আবহাওয়া অনুকূলে আসার পর রোববার (২২ নভেম্বর) থেকে বড় জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাগর উত্তাল হয়ে ওঠায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হলে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। এর ফলে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া কিছুটা অনুকূলে আসলে প্রশাসনের অনুমতি নিয়ে ১৬টি সার্ভিস ট্রলারে প্রায় ৬০০ থেকে ৭০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসেন। উত্তাল সাগরে ছোট কাঠের ট্রলারে ফেরার সময় অনেকেই দুর্ঘটনার আশঙ্কায় ছিলেন।

ফিরে আসা পর্যটকরা জানান, জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর দ্বীপের অনেক হোটেল ও খাবারের দোকানে অস্বাভাবিক দাম বাড়িয়ে দেওয়া হয়। ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়। নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন থাকতে হওয়ায় আবাসন ও খাবারের খরচ বেড়ে যাওয়ায় কারও কারও সঙ্গে থাকা টাকাও শেষ হয়ে যায়। বিকল্প না থাকায় বেশি দামেই খাবার কিনতে বাধ্য হন তারা। তবে কয়েকটি হোটেল ভাড়ায় ছাড় দিয়েছে এবং কিছু ব্যবসায়ী কম দামেও খাবার সরবরাহ করেছেন বলে জানান পর্যটকরা।

আটকেপড়াদের মধ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ৩০ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মকর্তাসহ ৩৮ জন ছিলেন। নির্ধারিত সময়ে ফিরতে না পারায় তাদের শিক্ষা সফরের (কোর্স ট্যুর) বাজেটে টান পড়ে। ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তারা শনিবার ট্রলারে ফেরেননি।

গোবিপ্রবির প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে তাদের জানানো হয় বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ বন্ধ রাখার খবর দেওয়া হলে তারা বিপাকে পড়েন।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন শিক্ষক-শিক্ষার্থীও দ্বীপে আটকা পড়েন। তাদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হওয়ায় এবং দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ সময় আটকে থাকায় এসব দলের খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে আসে।

এদিকে শনিবার পর্যন্ত দ্বীপে আট শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তাদের দুর্ভোগ কমাতে স্থানীয় হোটেল ও রিসোর্ট মালিকদের বিনামূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল প্রশাসন। তবে অনেক প্রতিষ্ঠান সেই নির্দেশনা মানেনি বলে অভিযোগ করেন পর্যটকরা। রোববার থেকে বড় জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপে থাকা বাকি পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে প্রশাসন কাজ করছে। হোটেল-রিসোর্ট মালিকদের বিনামূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে। পর্যটকদের কাছ থেকে খাবার, হোটেল ভাড়া বা অন্য কোনো সেবার ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রস্তুত রয়েছেন। কোনো পর্যটক হয়রানির শিকার হলে ফোনে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুনারুঘাটে পুলিশের অভিযানে নিষিদ্ধ শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


চুনারুঘাটে পুলিশের অভিযানে নিষিদ্ধ শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের একটি বিশেষ অভিযানে নিষিদ্ধ শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মো. ইউসুফ আলী (৪৯) এবং মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। ইউসুফ আলী নিষিদ্ধ শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে পরিচিত, আর ফরিদ মিয়া নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশের সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কে আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%