ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক


বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশের ব্যাংকের কার্যক্রম এবং দেশের মুদ্রানীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, মুদ্রানীতির লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের উপস্থাপনার পর কমিটির সদস্যরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এবং মুদ্রানীতির কার্যকারিতা নিয়ে মতামত দেন।

আরও পড়ুন: ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত বৈঠকে অংশগ্রহণ করেন।

এ ছাড়া বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের নীতিগত কার্যক্রম এবং অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে সদস্যরা মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ভিত্তিক উপস্থাপনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফরের আগে সৈয়দপুরে ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষক হলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষক হলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকদের ভূমিকায় কাজ করেন। তিনি অনলাইন প্রতিবেদকের মাধ্যমে জানিয়েছেন যে, প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন, কার্যকর মনিটরিং এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

তিনি প্রায় দুই ঘণ্টা করে মোট ছয় ঘণ্টার টানা তিনটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ রূপকল্প, প্রশাসনিক সংস্কার এবং শেখার মানোন্নয়নের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

রবিবার সিলেট পিটিআইয়ের জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিলেট কর্তৃক আয়োজিত 'বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণের সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো প্রতিটি বিদ্যালয়কে শতভাগ কার্যকর শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা। প্রতিটি বিদ্যালয় কেন অকার্যকর, শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা, প্রশিক্ষণের ঘাটতি কিংবা অন্য যেকোনো কারণ এই সবকিছুর বাস্তব তথ্য মাঠপর্যায় থেকেই জানতে হবে।

তিনি বলেন, বাস্তব চিত্র গোপন না করে সঠিক তথ্যের ভিত্তিতে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের সব বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে শিক্ষার্থীদের শেখা। তিনি বলেন, কতটি ভবন নির্মিত হয়েছে বা কতটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শিশুরা বিদ্যালয়ে এসে সত্যিকার অর্থে কতটুকু শিখছে। সেই লক্ষ্য অর্জনেই মাঠ প্রশাসনকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাদের মর্যাদা, সক্ষমতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তবে এর সাথে কর্মকর্তাদের কর্মদক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও আরও কঠোরভাবে মূল্যায়ন করা হবে। তিনি জানান, আগামী বছরের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী ও নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম সম্পর্কে সচেতন থাকতে হবে। অভিভাবক, গণমাধ্যম ও সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বশীল আচরণ এবং ইতিবাচক যোগাযোগও একজন শিক্ষা কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

প্রতিমন্ত্রী অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ভবন, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, মিড ডে মিল এবং উন্নয়ন কাজের মান নিশ্চিত করতে মাঠপর্যায় থেকে নিয়মিত ও নিরপেক্ষ প্রতিক্রিয়া দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না।

ববি হাজ্জাজ বিদ্যালয় পরিদর্শনকে শুধুমাত্র প্রশাসনিক তদারকি হিসেবে না দেখে শিক্ষার্থীরা বাস্তবে কতটুকু শিখছে তা যাচাই করার মূল লক্ষ্য হতে হবে। এজন্য বিদ্যালয় পরিদর্শনের সময় শ্রেণিকক্ষে সরাসরি লার্নিং অডিট পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রতিমন্ত্রীর প্রশিক্ষণের সময় উক্ত সেশন থেকে শোনা বাস্তব সমস্যা এবং সমাধানের দিকনির্দেশনা সম্পর্কে মন্তব্য করেন এবং প্রাথমিক শিক্ষায় ফলভিত্তিক মনিটরিং ও জবাবদিহিতার একটি নতুন কর্মসংস্কৃতি প্রতিষ্ঠার সুস্পষ্ট বার্তা পান।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং সিলেট বিভাগের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং ইউপিইটিসি ইনস্ট্রাক্টররা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে ট্রাম্পের প্রস্তাব খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধিতে ট্রাম্পের প্রস্তাব খারিজ

মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত বিদেশি দক্ষ কর্মীদের এইচ-১বি ভিসা ফি বাড়িয়ে ১ লাখ মার্কিন ডলার করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন। এটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত একটি বিতর্কিত সিদ্ধান্ত, যা মার্কিন ফেডারেল কোর্টে গ্রহণযোগ্যতা পায়নি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) একটি রায়ের মাধ্যমে মার্কিন আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, ট্রাম্প প্রশাসনের ভিসা ফি অস্বাভাবিকভাবে বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল, তা আইনিভাবে ভিত্তিহীন এবং বাতিলযোগ্য।

এর আগে গত ৮ জুন বোস্টনের ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস কর্মী ভিসা ফি বৃদ্ধির এই সিদ্ধান্তকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে খারিজ করেছিল। ডেমোক্রেটপন্থী ২০ জন অ্যাটর্নি জেনারেল যৌথভাবে আদালতের দ্বারস্থ হয়ে এই নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে।

আদালতে তাদের মূল যুক্তি ছিল যে, মার্কিন কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই সম্পূর্ণ একতরফাভাবে এই নতুন ফি বা কর কাঠামো চাপিয়ে দেওয়া হয়েছে। তিন বিচারকের সেই বিচারপীঠ সেই আবেদনের ভিত্তিতে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের উপস্তাব করেন।

ক্যালিফোর্নিয়াসহ মোট ২০টি অঙ্গরাজ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। মামলায় রাজ্যগুলোর পক্ষে বলা হয়েছে, ১ লাখ ডলারের এই বিশাল ফি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক এবং সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিদেশি কর্মী নিয়োগে বড় বাধা সৃষ্টি করবে। এর ফলে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

এছাড়াও মার্কিন স্বাস্থ্য ও চিকিৎসা খাতে জরুরি চিকিৎসাকর্মীর তীব্র সংকট দেখা দেবে। গত বছরের সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন তোয়াক্কা না করেই রাতারাতি এইচ-১বি ভিসার আবেদন ফি বৃদ্ধি করে ১ লাখ ডলার নির্ধারণ করেছিলেন।

আদালতের সর্বশেষ রায়ের পর হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবেন। তবে মার্কিন আদালতের এই রায়কে স্বস্তিদায়ক বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় আন্তর্জাতিক পেশাজীবীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে ছাত্রশক্তির সভায় পদবঞ্চিতদের হট্টগোল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ইবিতে ছাত্রশক্তির সভায় পদবঞ্চিতদের হট্টগোল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত জুলাই স্মৃতিচারণাসভায় হট্টগোল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এই হট্টগোল রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংঘটিত হয়।

এ সময় ছাত্রশক্তি ইবি শাখার কমিটিতে ছাত্রলীগ (নিষিদ্ধ) পুনর্বাসন ও প্রকৃত আন্দোলনকারীদের বঞ্চিত করার অভিযোগ তুলে এনসিপির সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই তারা এই হট্টগোল করে। হট্টগোলকারী সকলেই শাখা বৈবিছাআর বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সারোয়ার তুষার। এছাড়া, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় শাখা ছাত্রশক্তির আলোচনাসভায় এনসিপির নেতারা বক্তব্য প্রদানকালে শাখা বৈবিছাআর সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুবাশ্বির আমিন ও যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাসের নেতৃত্বে কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন।

পরে এনসিপি নেতা আলী আহসান জুনায়েদসহ অন্যান্য নেতারা হট্টগোলকারীদের অন্যত্র সরিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ইবি বৈবিছাআর যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস বলেন, "কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান পূর্বে ছাত্রলীগ করতেন। জুলাইয়ে পরেও তিনি হল দখল করে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করেন। পরে আমাদের বাধায় হল থেকে নামতে বাধ্য হন তিনি।"

বাঁধন বিশ্বাস আরও বলেন, "ফুয়াদ জাহিদের কোরামের সঙ্গে রাজনীতি করায় পদ পেয়েছে। এ ছাড়া, কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্তার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কমিটিও হয়েছে। জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে যেহেতু কমিটি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে প্রকৃত আন্দোলনকারীদের রাখা হয়নি। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে জানার জন্য গিয়েছিলাম।"

এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, "সভায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে যারা ক্ষুব্ধ ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে এখানে যারা এসেছিলেন, সবাই জুলাই আন্দোরনকারী। কমিটি নিয়ে অনেকের মাঝে ক্ষুব্ধতা থাকে। আমরা তাদের কথা শুনেছি। এর প্রেক্ষিতে আমরা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা

সাইবার অপরাধ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উপযুক্ত জ্ঞান অর্জনের উদ্দেশ্যে দেশের সমস্ত অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে 'স্টেয়িং সেফ অনলাইন : প্রটেক্ট ইয়োরসেলফ ফ্রম সাইবারক্রাইমস' শীর্ষক একটি বিশেষ সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই ঘোষণা করেন।

সেমিনারের শেষে তিনি কলেজটিতে নতুন সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধন করেন। এই সেমিনারটি আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির সাইবার সিকিউরিটি ক্লাব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেন, 'প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বহুমাত্রিক রূপ নিচ্ছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় ও আর্থিক জালিয়াতি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

প্রযুক্তি ব্যবহারের বিস্তারের সাথে সাইবার সচেতনতা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।'

একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হয়, যখন নাগরিকরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারেন উল্লেখ করে ভিসি বলেন, তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্যের নিরাপত্তা ও ডিজিটাল আচরণবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। অসচেতনতার কারণে অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন। এই কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ার ওপর তিনি জোর দেন।

শিক্ষার্থীদের সচেতন হওয়ার জন্য তিনি বলেন, অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা, অচেনা লিংক বা বার্তায় সাড়া না দেওয়া, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, এবং দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তা (Two-Factor Authentication) চালু রাখা জরুরি। একটি সচেতন প্রজন্মই পারে সাইবার অপরাধমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম পিপিএম।

এর আগে সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম।

সেমিনারটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. মহিবুল হাসান এবং সম্পাদক মো. দেলোয়ার হোসেন সামী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%