ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০১ জন হাসপাতালে ভর্তি


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০১ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন রয়েছেন।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, স্বাস্থ্যঝুঁকি বিশ্বজুড়ে

এই সময়ে ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৩৩৩ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০০ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। এই বছর সাতজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ভারি বৃষ্টিতে আবারও পানিতে তলিয়ে গেল খুলনা শহর”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


“ভারি বৃষ্টিতে আবারও পানিতে তলিয়ে গেল খুলনা শহর”

 

‘শহরে থাকাকালীন আকাশে মেঘ দেখলে এখন মনে ভয় কাজ করে। একটু ভারী বৃষ্টি হলেই রাস্তাগুলো ডুবতে শুরু করে, আর ঘরে পানি প্রবাহিত হচ্ছে।

আমার ফার্নিচার, ইলেকট্রিক জিনিসপত্র সকলই নষ্ট হয়ে যাচ্ছে। মাত্র এক সপ্তাহের মধ্যে আবার ডুবতে হলো।’ এইভাবে নিজের কষ্টের কথা ব্যক্ত করছিলেন খুলনার বাগমারা এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান।

শুধু মোস্তাফিজুর রহমানই নন, খুলনায় যখনই মেঘ দেখা দেয়, আতঙ্কে ভুগছেন রূপসা, মুজগুন্নি, টুটপাড়া, বানিয়াখামার, নিরালা আবাসিক এলাকা, সোনাডাঙা আবাসিক, শিপইয়ার্ড, নতুন বাজারসহ খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার নিচু এলাকার বাসিন্দারা।

সর্বশেষ বৃহস্পতিবার প্রায় সাড়ে তিনঘন্টার ব্যবধানে মহানগরী খুলনা ফের ডুবেছে। বৃষ্টিতে রয়েল মোড়, শান্তিধাম মোড়, পিটিআই মোড়, পিকচার প্যালেস, সিমেট্রি রোড, স্যার ইকবাল রোড, টিবি বাউন্ডারি রোড, দোলখোলাসহ প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। অনেক স্থানে ইজিবাইক, রিকশা, মাহেন্দ্র, সিএনজি, মোটরসাইকেল বিকল হয়ে গেছে। সপ্তাহের শেষ কর্মদিবসে এই জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষও।

আকস্মিকভাবে রিকশা, ইজিবাইক ও যানবাহনের ভাড়া কয়েকগুণ বেড়ে যাওয়ায় হতাশা ও বিপাকে পড়েছেন।

বেসরকারি খুলনা ওয়েদার ফোরকাস্ট টিম (কেডব্লিউএফটি)’র প্রদান করা তথ্য অনুযায়ী, খুলনায় দুই ঘন্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। টিম জানিয়েছে, রেইন গেজেট অনুযায়ী খুলনায় ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী উন্নয়নে ৮২৩ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প শেষ হওয়ার পথে রয়েছে।

এই প্রকল্পের অধীনে প্রায় ১৫৮ কিলোমিটার ড্রেন নির্মাণ ও সংস্কার করা হবে এবং ময়ূর নদসহ গুরুত্বপূর্ণ ১২টি খালের পুনঃখনন ও সংস্কার করার কাজ হবে। চলতি বছরেই প্রকল্পটি শেষ হওয়ার দিন নির্ধারিত রয়েছে। তবে জলাবদ্ধতার কোন পরিবর্তন এখনও ঘটেনি।

খুলনা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার মন্তব্য করেছেন, ‘সামান্য বৃষ্টি হলেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অথচ জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন ৮২৩ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় করেছে। অপরিকল্পিত উন্নয়ন, সমন্বয়হীনতা, নদী-খাল দখলের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তাই মেঘ দেখলে মানুষের আতঙ্কিত হওয়ার অবস্থা সৃষ্টি হচ্ছে।’

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, ‘করপোরেশন জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নিরলস কাজ করছে। বিগত সময়ে ড্রেনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাম্প হাউজ, স্লুইজগেটগুলো কার্যকর নয়। এর জন্য নগরীর পানি নামতে সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই রেডিমাটি অপসারণ ও বর্জ্য নিষ্কাশনে কাজ করা হচ্ছে। বৃহস্পতিবার নগরীর ১৭, ১৮ ও ২৮ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে এসব কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিয়েছেন জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিয়েছেন জাতিসংঘ

বাংলাদেশ ও ভারতের সীমান্ত পরিস্থিতি এবং পুশইন সমস্যা, দুই দেশের পারস্পরিক সংলাপের মাধ্যমে সমাধান করার প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ের সময় স্টিফেন ডুজারিককে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, বাংলাদেশ ও ভারতের সীমান্তে বর্তমানে শত শত শিশু ও নারীর জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে শিশুরা ক্ষুধায় কাঁদছে এবং নারীরা খোলা আকাশের নিচে অমানবিক পরিস্থিতিতে রাত কাটাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব এই মানবিক বিষয়টিকে কিভাবে দেখছেন?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, এই বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। তবে যেকোনো আলোচনার ক্ষেত্রে সীমান্তে আটকে পড়া মানুষের মৌলিক মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে হবে।’

প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের সময়কালে রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কয়েক মাস পরেই তিনি বিশ্বসভায় সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও দীর্ঘ সময় ধরে শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শীর্ষ স্তরে তাদের এই অবস্থানের ফলে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে কি না, এ বিষয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন রাখা হয়।

জবাবে স্টিফেন ডুজারিক স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘সাধারণ পরিষদের সভাপতির মূল ভূমিকা হলো সাধারণ পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা। তাই জাতিসংঘ মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির মধ্যে যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ হবে, তা মূলত সাধারণ পরিষদ-সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত হবে। তবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও মানবিক সহায়তার যে নিয়মিত কাজ, তা জাতিসংঘের পক্ষ থেকে যথানিয়মে চলতেই থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বাগেরহাটে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জেলার উপ-পরিচালক আলহাজ মো. মোতাহার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ গাছের বিকল্প নেই। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি পরিবারকে অন্তত একটি করে ফলজ গাছ রোপণ ও পরিচর্যার উদ্যোগ নিতে হবে।

অফিস চত্বরে মেলায় ৬টি স্টল ও ১টি নার্সারিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করা হয়েছে। জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, কৃষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিরা উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন এবং কৃষকের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ধানবীজ ও সার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

রাজশাহী মহানগরীতে কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ।

বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এক গণবিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালক যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করেনি।

এতে আরও বলা হয়, নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য অটোরিকশা চালকদের নির্দেশনা প্রদান করা হয়।

এদিকে ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকিতে বৃহস্পতিবার নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন মোড়ে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন কোনো ভাড়া বৃদ্ধি করেনি বলে তাদের অবহিত করা হয় এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%