ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিয়েছেন জাতিসংঘ


সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিয়েছেন জাতিসংঘ

বাংলাদেশ ও ভারতের সীমান্ত পরিস্থিতি এবং পুশইন সমস্যা, দুই দেশের পারস্পরিক সংলাপের মাধ্যমে সমাধান করার প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ের সময় স্টিফেন ডুজারিককে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, বাংলাদেশ ও ভারতের সীমান্তে বর্তমানে শত শত শিশু ও নারীর জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে শিশুরা ক্ষুধায় কাঁদছে এবং নারীরা খোলা আকাশের নিচে অমানবিক পরিস্থিতিতে রাত কাটাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব এই মানবিক বিষয়টিকে কিভাবে দেখছেন?

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, এই বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। তবে যেকোনো আলোচনার ক্ষেত্রে সীমান্তে আটকে পড়া মানুষের মৌলিক মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে হবে।’

প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের সময়কালে রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কয়েক মাস পরেই তিনি বিশ্বসভায় সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও দীর্ঘ সময় ধরে শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শীর্ষ স্তরে তাদের এই অবস্থানের ফলে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে কি না, এ বিষয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন রাখা হয়।

জবাবে স্টিফেন ডুজারিক স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘সাধারণ পরিষদের সভাপতির মূল ভূমিকা হলো সাধারণ পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা। তাই জাতিসংঘ মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির মধ্যে যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ হবে, তা মূলত সাধারণ পরিষদ-সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত হবে। তবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও মানবিক সহায়তার যে নিয়মিত কাজ, তা জাতিসংঘের পক্ষ থেকে যথানিয়মে চলতেই থাকবে।’

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বাগেরহাটে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জেলার উপ-পরিচালক আলহাজ মো. মোতাহার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ গাছের বিকল্প নেই। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি পরিবারকে অন্তত একটি করে ফলজ গাছ রোপণ ও পরিচর্যার উদ্যোগ নিতে হবে।

অফিস চত্বরে মেলায় ৬টি স্টল ও ১টি নার্সারিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করা হয়েছে। জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, কৃষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিরা উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন এবং কৃষকের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ধানবীজ ও সার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

রাজশাহী মহানগরীতে কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদারকিতে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ।

বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এক গণবিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালক যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করেনি।

এতে আরও বলা হয়, নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য অটোরিকশা চালকদের নির্দেশনা প্রদান করা হয়।

এদিকে ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকিতে বৃহস্পতিবার নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন মোড়ে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন কোনো ভাড়া বৃদ্ধি করেনি বলে তাদের অবহিত করা হয় এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তারকা স্ট্রাইকারকে পেতে আশাবাদী যুক্তরাষ্ট্র”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


“অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তারকা স্ট্রাইকারকে পেতে আশাবাদী যুক্তরাষ্ট্র”

যুক্তরাষ্ট্র আশা করছে, তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ান পুলিসিক ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ফিট হয়ে উঠবেন। প্রথম ম্যাচের প্রথমার্ধেই বাম পায়ের কাফ মাসলে আঘাত পাওয়ার কারণে এই ফরোয়ার্ডকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।

আগামী শুক্রবার গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে যুক্তরাষ্ট্র।

গেল বুধবার মার্কিন অনুশীলন ক্যাম্পে দলের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, পুলিসিককে প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি এখনো দলের সাথে জিমে এবং মাঠে আলাদা অনুশীলন করছেন। সেই সাথে ইনজুরি থেকে দ্রুত সুস্থ হতে বিশেষ অনুশীলন সেশন শুরু করেছেন।

সতীর্থ ব্রেন্ডেন অ্যারনসন সাংবাদিকদের বলেন, ‘আমরা সত্যিই আশা করছি ক্রিশ্চিয়ান আগামী ম্যাচে মাঠে ফিরবে।’

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করার ম্যাচে সহ-আয়োজকের হয়ে পুলিসিক প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি দুজন ডিফেন্ডারকে পরাস্ত করে একটি আত্মঘাতী গোলে অবদান রাখেন এবং ফোলারিন বালোগুনকে গোল করতে সাহায্য করেন। ইনজুরির কারণে বিরতির সময় তাকে বদলি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তি রক্ষায় ‘ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখা’ জরুরি: ট্রাম্পের সাবেক উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


চুক্তি রক্ষায় ‘ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখা’ জরুরি: ট্রাম্পের সাবেক উপদেষ্টা

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জো কেন্ট। তিনি এক্স-এ দেওয়া একটি পোস্টে মন্তব্য করেন, ট্রাম্প যুদ্ধ শেষ করছেন—এটি ‘খুবই ভালো’ একটি পদক্ষেপ।

তিনি আরও লেখেন, ‘আমি প্রার্থনা করি শান্তি বজায় থাকুক।’ এছাড়া তিনি যোগ করেন, ‘ইসরাইলকে নিয়ন্ত্রণে রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর মনোযোগ দেওয়া এই শান্তি দীর্ঘস্থায়ী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’

ইরান যুদ্ধের প্রতিবাদে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন জো কেন্ট। তখন তিনি তার পদত্যাগপত্রে মন্তব্য করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ওপর হামলা চালানোর জন্য ট্রাম্পকে ‘প্রতারণা’ করেছেন।

গত ১৪ জুন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ঘোষণা দেন। গত বুধবার (১৭ জুন) ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন ওই চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকে সইয়ের সময় দীর্ঘ এবং জটিল আলোচনার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এটি সহজ ছিল না।’

চুক্তির বাস্তবায়নে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে বৈঠকে বসবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল বুর্গেনস্টকে বৈঠক করবে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে।’

সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। সর্বশেষ একটি হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১৭ জুন) দক্ষিণ লেবাননের একটি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় একজন গাড়িচালক নিহত হন। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘোষণার পর এটি ছিল লেবাননে প্রথম প্রাণঘাতী ইসরাইলি হামলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%