১০:২২ এম
ময়মনসিংহে ২১ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতে সমালোচনার মুখে নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তাদেরকে পৃথক অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
এই তথ্য সোমবার (২৪ আগস্ট) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই এবং ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন গাঙ্গিনারপাড় এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফাঁড়ির ইনচার্জসহ সেখানে দায়িত্ব পালনকারী ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।
এদিকে, ২১ আগস্টের বিক্ষোভ মিছিলের ঘটনার পর গত চার দিনে পুলিশের টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, তানভীর ওরফে লিমন উল্লেখযোগ্য।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।
ওসি বলেন, ওই মামলায় গত চার দিনে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন