০১:৫৯ পি.এম
রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকা।
শনিবার (২০ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শতাব্দী চাকমা রাঙ্গামাটি পৌরসভার ৬নং ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার মৃত রবীচন্দ্র চাকমা এবং মৃত লক্ষীদেবী চাকমার মেয়ে। তিনি নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের
স্থানীয়রা জানান, শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষায় থাকাকালীন রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়ার চেষ্টা করার সময় অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন এবং সহকর্মীরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর খান বলেন, সকালে হাসপাতালে বিদ্যুতায়িত একজনকে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পূর্বে তার মৃত্যু ঘটে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম বলেন, সকালে নানিয়ারচর আসার পথে একজন স্কুল শিক্ষক ঘিলাছড়ি এলাকায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ছোট পর্দার আলোচিত মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করবেন বায়ো-জিন কসমেসিউটিক্যালসের শুভ উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন