১১:৫২ এম
ভোরের আগে থেকেই যখন চারপাশ কুয়াশায় ঢাকা থাকে, তখন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সদর বাজার এক অদ্ভুত মানবমেলায় পরিণত হয়। তবে এই হাট সাধারণ কেনাবেচার জন্য নয়- এখানে জীবিকার তাড়নায় প্রতিদিন ভোরে আসে মানুষের হাড়ভাঙা শ্রম, ঘাম এবং বুকভাঙা দীর্ঘশ্বাস। ইরি মৌসুমের শুরুতে কালিয়াকৈরের কৃষি অর্থনীতিতে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে, যেখানে ৮০০ থেকে ১০০০ টাকা মজুরি দিয়েও কাঙ্ক্ষিত শ্রমিক পাওয়া যাচ্ছে না। একদিকে কৃষকের সোনালী ফসল ক্ষেতে পচে নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমিক পরিবারগুলো কাজের সন্ধানে খালি হাতে ফিরছে, ফলে তাদের ঘরে জ্বলছে না চুলার আগুন। কালিয়াকৈরের মাটির এই অন্তহীন দুঃখ-দুর্দশার চিত্র এখন এক মানবেতর সংকটে রূপ নিয়েছে।
কালিয়াকৈর সদর বাজারে প্রবেশ করলেই হৃদয়বিদারক দৃশ্য চোখে পড়ে। শীত কিংবা বর্ষা, ভোরে আলো ফোটার আগেই শত শত খেটে খাওয়া মানুষ এখানে ভিড় জমান। কারো পরনে মলিন লুঙ্গি, কাঁধে ফ্যাকাশে গামছা, হাতে প্লাস্টিকের ব্যাগ কিংবা পিঠে ঝোলানো ঝোলা। কারও হাতে কাস্তে, কারও বা কোদাল। বাস, অটোরিকশা ও রিকশার ভিড়ের মাঝে তারা অপলক তাকিয়ে থাকেন রাস্তার দিকে- কখন কৃষকের ট্রাক্টর, ভ্যান বা মোটরসাইকেল এসে থামবে, আর ডাক পড়বে, চল, আমার ক্ষেতে চল। কালিয়াকৈর সদর বাজারে শ্রমিকের হাটে শত শত শ্রমিকের ভিড়। পাশে দাঁড়িয়ে আছে বাস, অটোরিকশা। লুঙ্গি পরা শ্রমিকরা কৃষকের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। বর্তমানে ইরি মৌসুম পুরোদমে শুরু হওয়ায় উপজেলার প্রতিটি মাঠে কাজের পাহাড় জমেছে। কোথাও জমির কচুরিপানা পরিষ্কার করতে হবে, কোথাও কপি ক্ষেতের পরিচর্যা, আবার কোথাও টমেটো ও পাকা মরিচ তোলার চূড়ান্ত সময়।
কৃষকদের মতে, যেখানে আগে প্রতিদিনের সাধারণ কাজে ২ জন শ্রমিক যথেষ্ট ছিল, সেখানে এখন কাজের চাপে ৫ জনও যথেষ্ট হচ্ছে না। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হাটে কৃষকরা এসে আকুতি জানান, কপি ক্ষেতে লোক লাগবে, টমেটো ক্ষেতে লোক লাগবে। কিন্তু চাহিদার তুলনায় জোগান এতই কম যে, হাটে শুরু হয় তীব্র টানাটানি। ৮০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত দৈনিক হাজিরা হাঁকিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। মাঠের ফসল ঘরে তোলার সময় এমন শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। কালিয়াকৈরের এক প্রবীণ কৃষক বুকফাটা কান্নায় বলেন, "আমি টানা তিন দিন ধরে এই হাটে ঘুরছি, একটাও শ্রমিক পাইতাছি না। আমার টমেটো ক্ষেতে বৃষ্টির পানি জমে কচুরিপানায় ভরে গেছে। শ্রমিক না পেলে সব সোনালী ফসল নষ্ট হয়ে যাবে। এক হাজার টাকা দিতে চাইলেও মানুষ পাই না, আমরা কৃষকরা এখন কোথায় দাঁড়াবো?"
আরও পড়ুন: কালীগঞ্জের উল্লা গ্রামে চার প্রতিবন্ধীর জীবনযাপন ও চিকিৎসার সংকট
মরিচ ক্ষেতের এক মালিক আক্ষেপ করে জানান, "গাছে প্রচুর মরিচ। অথচ তোলার লোক না থাকায় তা ক্ষেতেই পচে ঝরে পড়ছে। চোখের সামনে সাধের ফসল নষ্ট হওয়ার এই বেদনা মেনে নেওয়া যায় না।" একই দশা কপি চাষিদেরও; সময়মতো সার দেওয়া ও আগাছা পরিষ্কার করা না গেলে পুরো মৌসুমের পুঁজিটাই পানিতে ডুববে।
অন্যদিকে, বাজারের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের হৃদয়ে রয়েছে আরও গভীরে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাস। ভোর ৫টায় বাড়ি থেকে বের হওয়া এক বয়স্ক শ্রমিক চোখ মুছতে মুছতে বলেন, "ভোরে বাইর হইছি, এখনো কাম জোটে নাই। আজ যদি কাম না পাই, বউ-পোলাপানরে রাইতে কী খাওয়ামু? চুলার চালের পট একেবারে শূন্য।" আরেক শ্রমিক ক্ষোভ ও আশার মিশ্রণে বলেন, "সারাদিন রোদে পুড়ে, কাদাপানিতে নেমে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে হাত-পা কেটে যায়। জোঁক ধরে, বিষাক্ত পোকা কামড়ায়। সন্ধ্যায় শরীরটা অবশ হয়ে আসে। ৮০০-১০০০ টাকা শুনলে অনেক মনে হয়, কিন্তু বাজারে চাল-তেল আর বাচ্চার পড়ার খরচ মেটাতে গেলে কিছুই থাকে না। সপ্তাহে তিন দিন কাজ পেলে বাকি তিন দিন না খেয়ে থাকতে হয়।"
আরেক শ্রমিকের স্ত্রী বাড়িতে বসে প্রতি মুহূর্তে পথ চেয়ে থাকেন - স্বামী কখন ফিরবেন, কাজ জোটেছে কি না। কাজ না মিললে সেদিনও দরিদ্র পরিবারগুলোর ঘরে এক মুঠো ভাতও ফোটে না।
হাটের ভিড়ে এক প্রবীণ শ্রমিককে দেখা গেল মলিন মুখে মাটিতে ব্যাগ রেখে বসে থাকতে। তার কণ্ঠে ঝরে পড়ে চরম অপমান ও অসহায়ত্ব, "বয়স হইছে দেইখ্যা কেউ নিতে চায় না। কয় বুড়া মানুষ দিয়া কাম হইবো না! কিন্তু আমার পেট তো বুড়া হয় নাই, আমারও তো ক্ষুধা লাগে!"
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ
স্থানীয়দের মতে, কেবল স্থানীয় কৃষিকাজ নয়, বর্তমানে গ্রামীণ এলাকার যুবসমাজ ও কর্মক্ষম শ্রমিকদের অনেকেই জীবিকার টানে ইটভাটা, গার্মেন্টস কিংবা শহরের নানা পেশায় চলে গেছেন। ফলে গ্রামাঞ্চলে কৃষি শ্রমিকের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। তাছাড়া ইরি মৌসুমে সব কৃষকের জমির কাজ একসঙ্গে চলে আসায় চাহিদার সঙ্গে শ্রমিকের সরবরাহের এই আকাশ-পাতাল ব্যবধান তৈরি হয়েছে।
কৃষকদের দাবি, সরকারিভাবে যদি কৃষি শ্রমিকদের জন্য নির্দিষ্ট কোনো মজুরি কাঠামো ও সহায়তা প্রদান করা হতো, তবে হয়তো এই সংকট কিছুটা লাঘব হতো। অন্যদিকে শ্রমিকদের দাবি, নামমাত্র ৮০০-১০০০ টাকা মজুরির পাশাপাশি কাজের নিশ্চয়তা এবং দুবেলা খাবারের সুব্যবস্থা করা হোক। কালিয়াকৈর সদর বাজারের এই শ্রমিকের হাট কেবল সাধারণ কোনো বাজার নয়; এটি হাজারো কৃষকের ক্ষেতের বাঁচা-মরার লড়াই এবং হাজারো শ্রমিকের পেটের ভাত জোগানের একমাত্র মাধ্যম। ভোরের এই হাটে যদি কৃষক শ্রমিক না পায়, তবে মাঠের ফসল মাঠে পচবে। আর যদি শ্রমিকের কপালে কাজ না জোটে, তবে নিভে যাবে দরিদ্রের চুলার আগুন। মাটির এই কালিয়াকৈরে শ্রমিকের ঘাম এবং কৃষকের চোখের জলের এই হাহাকার যেন এক চিরন্তন বেদনার উপাখ্যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন