১১:৫৪ এম
যুক্তরাষ্ট্রে ইরান সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ওয়াশিংটন দাবি করেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থানে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টা করার অভিযোগ রয়েছে। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার এই তথ্য জানায়। অভিযুক্ত ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরাকের কাতাইব হিজবুল্লাহর পক্ষে কাজ করতেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বাকার সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলি আল-হাসানি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে আল-সাদি নিউইয়র্কের কারাগারে বন্দি রয়েছেন। অন্য দুই অভিযুক্তের অবস্থান সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।
অভিযোগপত্র অনুযায়ী, গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনা করা হয়েছিল। হামলার উদ্দেশ্যে কয়েকটি সাদা ভ্যানে জ্বালানির ব্যারেল ও ধাতব বস্তু নেওয়া হয়েছিল। ভ্যানগুলোকে জ্বালানি সরবরাহের গাড়ি হিসেবে সাজানোর পরিকল্পনাও ছিল।
আরও পড়ুন: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক
মার্কিন প্রসিকিউটররা দাবি করেছেন, ৩৫ বছর বয়সি আল-হাসানি অন্যদের ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দেন। ৩২ বছর বয়সি আল-সাদি ফোনে তার মা ও বোনের সঙ্গে সাংকেতিক ভাষায় কথা বলে আল-হাসানি ও ৪৮ বছর বয়সি মোহাজেরির সঙ্গে ষড়যন্ত্রের সমন্বয় করেন।
ঘটনার পর ব্রিটিশ পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত করা হয়। তবে ইরান এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
ফেয়ারফোর্ড ঘাঁটিতে ঘটনার কয়েক দিন পর যুক্তরাষ্ট্র সেখান থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়। এর আগে গত মে মাসে আল-সাদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এসব হামলার মধ্যে এপ্রিলে লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত এবং ইউরোপের বিভিন্ন স্থানে সিনাগগ, ইসরাইলি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইহুদি স্কুলে অগ্নিসংযোগের ঘটনা অন্তর্ভুক্ত ছিল। আল-সাদি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘যুদ্ধবন্দি’ দাবি করেছেন।
এদিকে, ইরানের সম্ভাব্য হুমকির খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্র মঙ্গলবার যুক্তরাজ্যের আরেকটি বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল থেকেও অন্তত ১২টি সামরিক বিমান সরিয়ে নিয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যে জানা গেছে।
আরও পড়ুন: গাজায় শিশুদের দুর্দশার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা পুরো বিশ্বকে বিবেকের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন: জেমস টলারিকো
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন