ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নেতাকর্মীদের থাকার আহ্বান চিফ হুইপের


বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নেতাকর্মীদের থাকার আহ্বান চিফ হুইপের

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে নেতাকর্মীদের থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

চিফ হুইপ উল্লেখ করেন, ‘দেশকে ভালো করার জন্য সব কাজে অংশ নিচ্ছে তৃনমূল নেতাকর্মীরা। ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন, পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে।’

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব ভালো কাজ করছেন, তার সঙ্গে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তৃণমূল নেতাকর্মীরা। তৃনমূলকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

নুরুল ইসলাম মনি বলেন, ‘সুন্দর ও ভালো ভোটের অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে সব দল অংশ নিতে পারবে।’

চিফ হুইপ প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে কাজ করছেন উল্লেখ করে তার হাতকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে দুপুর ১২ টায় জিয়া মঞ্চের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চিফ হুইপ। সম্মেলনের শুরুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের সূচনা করা হয়।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

সম্মেলনে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনসহ জিয়া মঞ্চের বরিশাল বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের স্টেট ব্যাংকে সাইবার হামলা, গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ভারতের স্টেট ব্যাংকে সাইবার হামলা, গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস

ভারতের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) সন্দেহভাজন সাইবার হামলার পর তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় ডার্ক ওয়েবে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্যসহ রেকর্ড ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২১ অক্টোবর) স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক নথিতে ব্যাংকটি জানায়, প্রাথমিক বিশ্লেষণের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যসংবলিত প্রায় ৪ হাজার রেকর্ড শনাক্ত করা হয়েছে। এসবিআই তথ্য ফাঁসের ঘটনার তদন্ত করছে।

ব্যাংকটি আরও জানায়, প্রাথমিক মূল্যায়নের অংশ হিসেবে ডার্ক ওয়েবে পাওয়া প্রায় ৩ লাখ ৭৫ হাজার রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে।

এই তথ্য ফাঁসের ঘটনা ভারতের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে এবং ক্রমবর্ধমানভাবে গ্রাহকদের সংবেদনশীল তথ্য সংরক্ষণ করছে। এর ফলে এসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে, গত জুলাইয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অব বারোদা-ও একই ধরনের ঘটনার তথ্য জানিয়েছিল।

গ্রান্ট থর্নটন ভারতের অংশীদার বিবেক আইয়ার মন্তব্য করেন, ‘আর্থিক পরিষেবা খাতে প্রযুক্তির ব্যাপক পরিবর্তন, বিশেষ করে ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে সাইবার নিরাপত্তার ঝুঁকির ক্ষেত্র ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।’

তিনি আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর শুধু সাইবার নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করলেই হবে না, তাদের নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকেন্দ্রগুলোকেও আরও শক্তিশালী করতে হবে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বারবার ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে সাইবার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতার ক্ষতি করতে পারে।

ভারতের আর্থিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক হিসেবে বিবেচিত এসবিআই জানিয়েছে, ফাঁস হওয়া রেকর্ডে গ্রাহকদের নাম, নিবন্ধিত মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেইল ও বাসার ঠিকানা অন্তর্ভুক্ত ছিল। এছাড়া শাখা ও গ্রাহক শনাক্তকরণ নম্বর এবং ঋণসংক্রান্ত রেকর্ড ও সম্ভাব্য গ্রাহকদের তথ্যও এতে ছিল।

ব্যাংকটি জানিয়েছে, তথ্য ফাঁসের সম্ভাব্য উৎস ও ব্যাপ্তি নির্ধারণের পাশাপাশি গ্রাহক ও ব্যাংকের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, তা মূল্যায়ন করতে বিস্তারিত তদন্ত চলছে।

তবে এসবিআই বলেছে, এ ঘটনায় ব্যাংকটির মূল ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল কিংবা ব্যবসা পরিচালনার ধারাবাহিকতার ওপর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।

সূত্র: দ্য প্রিন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ছিন্ন হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর, ২১ অক্টোবর, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন উল্লেখ করেছেন যে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন কখনো ভাঙবে না। তিনি বলেন, "শত বছর ধরে সম্প্রীতির এই ঐতিহ্য আমরা হৃদয়ে ধারণ করে রেখেছি।"

লালপুরের দুইশ বছরের প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মন্দির ও শ্রী শ্রী গৌর গোবিন্দ দেব বিগ্রহ মন্দিরের অফিস কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার মধ্যরাতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এই দেশে সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করেন। একজনের বিপদে অন্যজন এগিয়ে আসেন।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভিন্ন ধর্মের সহাবস্থানের ফলে আমাদের জাতিসত্তা বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এই বৈচিত্র্যময় জাতিসত্তাই আমাদের সামনে এগিয়ে চলার শক্তি প্রদান করে। তিনি বলেন, "সম্প্রীতির এই বন্ধনকে আরও দৃঢ় করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।"

মন্দির কমিটির সভাপতি শতদল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ২টা পর্যন্ত প্রতিমন্ত্রী লালপুর উপজেলার ধুপইল সার্বজনীন বাজার মন্দির, ওয়ালিয়া সার্বজনীন দুর্গা মন্দির ও ত্রিমোহিনী শিব মন্দিরসহ ১০টি মণ্ডপ পরিদর্শন করেন এবং দুর্গাপূজার কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

এর আগে তিনি বাগাতিপাড়া উপজেলার শ্রী শ্রী শিব-কালী মাতা মন্দিরে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরে দয়ারামপুর, গালিমপুর, জামনগর ও পৌরসভা এলাকার বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজা আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান মস্কোয় পাঠাল জ্যেষ্ঠ কূটনীতিক, সাংবাদিক মুক্তির আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


জাপান মস্কোয় পাঠাল জ্যেষ্ঠ কূটনীতিক, সাংবাদিক মুক্তির আলোচনা

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক এক সাংবাদিকের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চলতি সপ্তাহে মস্কোয় একটি জ্যেষ্ঠ কূটনীতিক পাঠিয়েছে জাপান।

বুধবার টোকিও এ তথ্য প্রকাশ করে।

রুশ কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায়, বিরোধপূর্ণ কিছু দ্বীপের নিকটবর্তী দেশের সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপে এক জাপানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

পরে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়। তিনি হলেন হোক্কাইডো শিমবুন সংবাদপত্রের সাংবাদিক ইউকি ইমাই। রাশিয়ার ভূখণ্ডে ‘গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ড পরিচালনার’ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জাপান এ অভিযোগ অস্বীকার করেছে। তবে, ইমাইয়ের মুক্তি নিশ্চিত করার বিষয়ে তারা এখনও কিছু করতে পারেনি।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপবিষয়ক দেশটির শীর্ষ কূটনীতিক কিমিতাকে নাকামুরা মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়াবিষয়ক বিভাগের প্রধান লিউদমিলা ভরোবিওভার সঙ্গে বৈঠক করেন।

জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘রাশিয়ায় আটক জাপানি নাগরিকের সঙ্গে কনস্যুলার কর্মকর্তাদের যত দ্রুত সম্ভব সাক্ষাতের সুযোগ দেওয়া ও তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমরা অনুরোধ জানিয়েছি।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রাশিয়ায় জাপানের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে, ইমাইয়ের সংবাদপত্রটি জোর দিয়ে বলেছে, তারা সরকারের কাছ থেকে স্বাধীনভাবে কাজ করে।

এদিকে, প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেছে টোকিও। একই সঙ্গে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোকে ইমাইয়ের সঙ্গে ‘ন্যায্য ও নিরপেক্ষ আচরণ’ করার আহ্বান জানিয়েছে।

রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি দেশের নাগরিককে গ্রেফতার করেছে। দেশটি এসব দেশকে ‘বন্ধুভাবাপন্ন নয়’ বলে অভিহিত করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিমা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

কিহারা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

জাপানের উত্তর-পূর্ব উপকূলের অদূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে দেশ দুটির মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলছে। দ্বীপগুলো সাখালিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এ ছাড়া, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান।

কিহারা বলেন, ‘জাপান-রাশিয়া সম্পর্ক বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’

এ বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি আরও বলেন, ‘ঠিক এ কারণেই বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ও মালদ্বীপের ২০ দফা সমঝোতা, বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


পাকিস্তান ও মালদ্বীপের ২০ দফা সমঝোতা, বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য

পাকিস্তান ও মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে ২০টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আগামী দুই বছরের মধ্যে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩.৯ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি করে ২০০ মিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। গত ১১ বছরের মধ্যে এটি মালদ্বীপের প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উল্লেখ করেন যে, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা, পুলিশ প্রশিক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্যপ্রযুক্তি খাতে অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাকিস্তান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মালদ্বীপকে গাছ লাগানোর কার্যক্রমে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দুই দেশের ছয় দশকের বন্ধুত্বের ভিত্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক (SAARC)-কে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ফিলিস্তিনের অধিকারের প্রতি দুই দেশের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। সোর্স: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%