০৭:৪০ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন্দ্রীয়ভাবে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালনের নির্দেশনা রয়েছে।’
তিনি মন্তব্য করেন, দেশব্যাপী জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আরও বলেন, ‘এখনো অনেক আহত মানুষ আছেন, যারা পঙ্গুত্ববরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের পরিবারের পাশে আমরা আছি।’
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী আরও জানান, ‘বিএনপি এমন একটি সরকার, যাদের দায়িত্ব নিতে হয় এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, কাজ করতে হয়। এটি এখন থেকে নয়, ১৯৯১ সাল থেকে ক্ষমতায় থাকা অবস্থায় আমরা সেই দায়িত্ব পালন করে আসছি। আমরা খুব কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি। তিনি বারবার লক্ষ্মীপুরে এসেছেন এবং লক্ষ্মীপুরবাসীর পাশে দাঁড়িয়েছেন। লক্ষ্মীপুরের উন্নয়নের অধিকাংশ তার হাত ধরেই হয়েছে। এখনো সেই ধারাবাহিকতা চলছে।’
এসময় জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আবুল খায়ের ভূঁইয়া এমপি, শাহাদাত হোসেন সেলিম এমপি, পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অনেকে।
এছাড়া, সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড গড়ে তোলা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু রাজনীতির ধারা জারি রাখতে হবে।
তিনি মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
নাহিদ ইসলাম মন্তব্য করেন, ভেদাভেদ ভুলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীদের ঐক্যের কারণেই জুলাই মাসে গণঅভ্যুত্থান হয়েছে। অথচ এই সরকার এখন পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে কেউ কোনো ঘোষণা দেয়নি। তিনি বলেন, বিএনপি সরকার জুলাইয়ে যারা অংশীদার তাদের কোনো স্বীকৃতি দিতে চায় না। কারণ তারা হীনমন্যতায় ভোগে যে, তারা আন্দোলনে অংশ নিতে পারেনি।
এসময় তিনি জানান, বিএনপি শুধু তাদের ১৬ বছরের ইতিহাস টানতে চায়। কিন্তু বিএনপির কোনো একক আন্দোলনের ইতিহাস নেই বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সংশোধন কমিটির নামে প্রহসন করা হচ্ছে। সরকার একদিকে গণরায়কে প্রত্যাখ্যান করছে। অন্যদিকে পেশিশক্তি ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, এদেশের রাজনীতিতে ফ্যাসিস্টদের আর পুনর্বাসন হবে না। কিন্তু অনেকেই তাদের সহায়তা করছে। এতে তারা নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের বিরুদ্ধে গত পাঁচ মাস ধরে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র। আর এই যুদ্ধে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকহারে কমেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে।
বিষয়টি সম্পর্কে অবগত থাকা অভ্যন্তরীণ সূত্রের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে যে, মার্কিন সেনাবাহিনী তাদের কাছে থাকা অত্যাধুনিক দূরপাল্লার 'আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম' (এটিএসিএমএস) এবং 'প্রিসিশন স্ট্রাইক মিসাইল' (পিআরএসএম)-এর মতো প্রায় সব নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে ফেলেছে।
পাইলটযুক্ত যুদ্ধবিমান সরাসরি ইরানি আকাশসীমায় পাঠানোর পরিবর্তে নিরাপদ দূরত্ব থেকে হামলা চালানোর জন্য ওয়াশিংটন মূলত এসব অত্যন্ত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের বরাদ্দকৃত নিজস্ব ক্ষেপণাস্ত্র শেষ করে বর্তমানে বিশ্বের অন্যান্য অঞ্চলে মজুদ থাকা মার্কিন অস্ত্রাগার থেকে সরবরাহ এনে যুদ্ধ পরিচালনা করছে।
ফলস্বরূপ, রাশিয়া বা চীনের মতো অন্যান্য পরাশক্তির সঙ্গে ভবিষ্যতে কোনো বড় সংঘাত তৈরি হলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি কতটা টেকসই হবে, সে সম্পর্কীত পেন্টাগনের অভ্যন্তরীণ বৈঠকে তীব্র দুশ্চিন্তা প্রকাশ করা হচ্ছে।
কেবল অ্যাটাক ক্ষেপণাস্ত্রই নয়, বরং ইরানের অব্যাহত হামলা প্রতিরোধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও বড় ধরনের টান পড়েছে। গবেষণা সংস্থা সিএসআইএসের তথ্যানুযায়ী, এই যুদ্ধে মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় ৬৫ শতাংশ এবং থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্তত ৩৮ শতাংশ ইতোমধ্যে ব্যবহৃত হয়ে গেছে।
এ ছাড়া, মার্কিন নৌবাহিনীর টমাহক ক্রুজ মিসাইলের বৈশ্বিক মজুদেরও প্রায় অর্ধেক খালি হয়ে গেছে। ইরানের কৌশলটি মূলত মার্কিন প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে একটি বিশাল সরবরাহগত ও আর্থিক বোঝায় পরিণত করেছে।
যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সংঘাত দীর্ঘায়িত হওয়ার কথা অস্বীকার করে দাবি করেছেন যে, আমেরিকার কাছে চাহিদার চেয়েও বেশি অস্ত্র রয়েছে। কিন্তু এসব উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরিতে দীর্ঘ সময় ও জটিল প্রক্রিয়ার প্রয়োজন হয়, ফলে যুদ্ধে যে হারে অস্ত্র খরচ হচ্ছে, তাতে অস্ত্র কারখানাগুলো তার সঙ্গে তাল মেলাতে পারছে না।
কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া এই যুদ্ধ এবং অস্ত্রাগারের দ্রুত শূন্য হয়ে যাওয়া ওয়াশিংটনের জন্য একটি বড় কৌশলগত সীমাবদ্ধতা তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গ্রেফতারের প্রায় ৩ মাস ১২ দিন পর তিনি কারাগার থেকে বের হন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, উচ্চ আদালত থেকে জারি করা জামিনের আদেশের কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে হাফিজুর রহমানকে মুক্তি দেয়া হয়।
এর আগে প্রায় ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম কোনো ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২২ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, 'জামিন সংক্রান্ত কোনো কাগজপত্র এখনও হাতে পাইনি। ডিএনএ রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে।' তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক সেনাসদস্য শাহিন আলম কুয়েতে পালিয়ে রয়েছেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাড়ি ফেরেননি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটি দেশের অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর হত্যামামলাগুলোর একটি হিসেবে তদন্তাধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ