ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

তনু হত্যা মামলার একমাত্র গ্রেপ্তার আসামি জামিনে মুক্ত


তনু হত্যা মামলার একমাত্র গ্রেপ্তার আসামি জামিনে মুক্ত

বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গ্রেফতারের প্রায় ৩ মাস ১২ দিন পর তিনি কারাগার থেকে বের হন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, উচ্চ আদালত থেকে জারি করা জামিনের আদেশের কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে হাফিজুর রহমানকে মুক্তি দেয়া হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এর আগে প্রায় ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম কোনো ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২২ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, 'জামিন সংক্রান্ত কোনো কাগজপত্র এখনও হাতে পাইনি। ডিএনএ রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে।' তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক সেনাসদস্য শাহিন আলম কুয়েতে পালিয়ে রয়েছেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাড়ি ফেরেননি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটি দেশের অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর হত্যামামলাগুলোর একটি হিসেবে তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার একটি তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়েছে।

উপরন্তু, এতে বলা হয়েছে যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করেছেন।

আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাই, পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে না হওয়া এবং দণ্ডিত আসামির পূর্বে দেওয়া সকল বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরিয়ে ফেলার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে এই নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইনগত সুস্পষ্ট ধারা উল্লেখ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন।

তবে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, গণমাধ্যমের একাংশ জুলাইয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে আদালতের নির্দেশনা অনুসরণ করলেও কিছু মিডিয়া এখনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার করছে। এ ধরনের কার্যক্রম নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান দেয়। যেসব গণমাধ্যম পতিত শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে সক্ষম হয়েছে, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ব্যবহৃত হয়েছে।

সরকার জুলাই আন্দোলনের মূল চেতনা ধরে রাখতে এবং আইনগত বাধ্যবাধকতা পালনে সকল গণমাধ্যমকে (টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়া) পলাতক শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য আবারও বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

জাতীয় ঐক্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় দেশের সকল গণমাধ্যম পূর্বের মতোই ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা সরকারের রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবার সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: এমপি মিলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


স্বাস্থ্যসেবার সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: এমপি মিলন

রাজশাহী, ৪ আগস্ট, ২০২৬ : রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন বলেছেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি তখনই অর্থবহ হবে, যখন তার সুফল শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার সাধারণ রোগীর কাছেও পৌঁছাবে।

শুধু বাজেট বাড়ালেই দায়িত্ব শেষ হয় না, বরাদ্দের প্রতিটি টাকা যেন মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যয় হয়, সেই বিষয়েও কঠোর জবাবদিহি থাকতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়নের প্রকৃত মানদণ্ড হলো মানসম্মত স্বাস্থ্যসেবা। একটি দেশের উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়।

উন্নয়নের প্রকৃত মানদণ্ড হলো সাধারণ মানুষ কত সহজে, দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাত অবহেলা, অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে। বিপুল অর্থ ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলেও তার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি।

উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্সের সংকট, ওষুধের ঘাটতি, আধুনিক সরঞ্জামের অকার্যকারিতা এবং ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্বাস্থ্যখাতের বরাদ্দ প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ১.২ শতাংশ। সরকারের লক্ষ্য ধাপে ধাপে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা, যাতে দেশের প্রতিটি নাগরিক সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা পান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও নার্সের শূন্যপদ দ্রুত পূরণ, প্রয়োজনীয় ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ, আধুনিক যন্ত্রপাতির কার্যকর ব্যবহার এবং ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা অবহেলার সুযোগ নেই। একটি হাসপাতালের সাফল্য শুধু ইমারতে নয়, বরং একজন রোগী কত দ্রুত, আন্তরিকতা ও সম্মানের সঙ্গে চিকিৎসাসেবা পাচ্ছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মানবিক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আনোয়ারা নীনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত আনোয়ারা নীনা

ভালুকার আনোয়ারা নীনা ময়মনসিংহের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। আনোয়ারা নীনা ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে শিক্ষা সপ্তাহ-২০২৬ এ অংশগ্রহণ করছেন।

এছাড়া, সম্প্রতি অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ বাস্তবায়ন কমিটির সভাপতি ও ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মো: সাইফুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ক্রেস্ট ও সনদ গ্রহণ করার পর আনোয়ারা নীনা মন্তব্য করেন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের। এই অর্জন শুধুই আমার নয়; এটি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রীদের আন্তরিক সহযোগিতা ও ভালো ফলের সাফল্য। সবার ভালোবাসা ও দোয়া নিয়েই আমি আগামীতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনেটের অনুমোদনের পথে ব্ল্যাঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনেটের অনুমোদনের পথে ব্ল্যাঞ্চ

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চ এখন দেশটির পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনেটের অনুমোদন পাওয়ার পথে অনেকটাই এগিয়ে এসেছেন। সোমবার রিপাবলিকান দলের দুই সিনেটর তার মনোনয়নের বিরোধিতা প্রত্যাহার করে নেওয়ায় তার অনুমোদনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

এএফপি’র খবরে বলা হয়েছে, এর আগে রিপাবলিকান সিনেটর জন কর্নিন এবং থম টিলিস ব্ল্যাঞ্চের মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছিলেন। তাদের উদ্বেগের মূল কারণ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার কথিত ভুক্তভোগীদের জন্য ১৮০ কোটি ডলারের একটি তহবিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের জন্য কর নিরীক্ষা থেকে অব্যাহতি-সংক্রান্ত একটি সমঝোতা।

তবে সপ্তাহান্তে ব্ল্যাঞ্চ বিতর্কিত ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ গঠনের আদেশ বাতিল করেছেন। পাশাপাশি তিনি জানান, ট্রাম্প, তার দুই জ্যেষ্ঠ ছেলে এবং ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে হওয়া কর নিরীক্ষা-সংক্রান্ত চুক্তি শুধুমাত্র অতীতের করবর্ষের জন্য প্রযোজ্য হবে, ভবিষ্যতের কর বিবরণীর ক্ষেত্রে নয়।

এর পরিপ্রেক্ষিতে কর্নিন ও টিলিস সোমবার এক যৌথ বিবৃতিতে ব্ল্যাঞ্চের সিদ্ধান্তকে স্বাগত জানান। তারা বলেন, সিনেটের বিচার বিষয়ক কমিটিতে তার মনোনয়ন দ্রুত এগিয়ে নেওয়ার জন্য তারা ভোট দিতে আগ্রহী।

রিপাবলিকানদের ১২-১০ ভোটের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকা সিনেট জুডিশিয়ারি কমিটিতে মঙ্গলবার এই বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে। এরপর সপ্তাহের শেষ দিকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত পূর্ণ সিনেটে তার মনোনয়নের ওপর ভোট হতে পারে।

অন্যদিকে, সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা ব্ল্যাঞ্চের মনোনয়নের বিরোধিতায় একাট্টা রয়েছেন। তাদের অভিযোগ, তিনি বিচার বিভাগকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং প্রেসিডেন্টের ব্যক্তিগত আইনি দলের সম্প্রসারিত অংশ হিসেবে পরিচালনা করেছেন।

সিনেটে ডেমোক্রেট দলের নেতা চাক শুমার এ বিষয়ে বলেন, রিপাবলিকানরা আবারও ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর আশ্বাসের ওপর নির্ভর করছেন। তার ভাষায়, নতুন এই সমাঝোতা ট্রাম্প ও তার পরিবারের জন্য কর-সংক্রান্ত বিশেষ সুবিধার সুযোগ পুরোপুরি বন্ধ করতে পারেনি।

এদিকে, দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত তদন্ত নথি প্রকাশের বিষয়টি পরিচালনা নিয়েও সমালোচনার মুখে পড়েছেন ব্ল্যাঞ্চ। এপস্টেইনের ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে তিনি যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করতে পারেননি।

চলতি বছরের এপ্রিলে ট্রাম্প অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করার পর থেকে ব্ল্যাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এ সময় তিনি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে বিভিন্ন মামলা তদারকির পাশাপাশি ট্রাম্প প্রশাসন ও সরকারের মধ্যে আলোচিত আইনি সমঝোতা চূড়ান্ত করতে ভূমিকা রেখেছেন।

ওই সমঝোতার সূত্রপাত ঘটে ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের একটি মামলাকে কেন্দ্র করে। মামলায় অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের কর বিভাগ (আইআরএস)-এর এক ঠিকাদার অবৈধভাবে তার কর-সংক্রান্ত তথ্য ফাঁস করেছিলেন।

সমঝোতার খসড়ায় অতীতের করবর্ষে নিরীক্ষা থেকে অব্যাহতি এবং বিচার বিভাগের মাধ্যমে অন্যায়ভাবে হয়রানির শিকার দাবি করা ব্যক্তিদের জন্য ১৭৭ কোটি ৬০ লাখ ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাব ছিল। এতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় দণ্ডিত ট্রাম্প সমর্থকদেরও অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে পৃথক দুটি মামলায় ফেডারেল বিচারকরা ওই তহবিল স্থগিত করেন এবং কর-সংক্রান্ত সমঝোতারও সমালোচনা করেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির মাধ্যমে ট্রাম্প অতীতের প্রায় ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত সম্ভাব্য করদায় এড়ানোর সুযোগ পেতে পারেন।

একজন বিচারক রায়ে বলেন, আইআরএসের বিরুদ্ধে ট্রাম্পের মামলাটি আদালতের অপব্যবহারের উদ্দেশ্যে করা হয়েছে এবং সাধারণ করদাতারা যে সুবিধা পান না, তা আদালতের মাধ্যমে বৈধ করার চেষ্টা হয়েছে।

রোববার ব্ল্যাঞ্চ একটি বিবৃতিতে স্পষ্টভাবে জানান, ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ গঠনের আদেশ বাতিল করা হয়েছে এবং এটি আর কার্যকর থাকবে না। তার ভাষায়, ‘এই আদেশের মাধ্যমে সন্দেহাতীতভাবে স্পষ্ট করা হলো যে, এমন কোনো তহবিল আর নেই।’

ডেমোক্র্যাটদের অভিযোগ, ব্ল্যাঞ্চ প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিলেন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত কোমির বিরুদ্ধে গত এপ্রিলে ইনস্টাগ্রামে ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়।

বিচার বিভাগে যোগ দেওয়ার আগে ব্ল্যাঞ্চ নিউইয়র্কে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার অভিযোগসংক্রান্ত মামলায় ট্রাম্পের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেন। এছাড়া বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ পরিচালিত দুটি ফেডারেল মামলায়ও তিনি ট্রাম্পের আইনি প্রতিরক্ষা দলের সদস্য ছিলেন। মামলাগুলোতে হোয়াইট হাউস ছাড়ার পর গোপন নথি সংরক্ষণ এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।

তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%