মোঃ রাসেল সরকার (স্টাফ রিপোর্টার)
০১:৪২ পি.এম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১১নং সনাতনী ইউনিয়নে সর্বনাশা যমুনা নদীর ভাঙন থেকে জনপদ রক্ষায় স্থায়ী ও টেকসই জিও ব্যাগ বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে যমুনা নদীর তীরবর্তী এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শত শত স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ১১নং সনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুবেল রানা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সনাতনী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিনিয়ত ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী হাজার হাজার মানুষ। বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে।
বক্তারা আরও বলেন, ভাঙন রোধে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলা হলেও তা স্থায়ী সমাধান নয়। যমুনার তীব্র স্রোত ও ভাঙনের কবল থেকে জনপদ রক্ষায় দ্রুত পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন থেকে শাহজাদপুরের কৃতী সন্তান ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “আমাদের শাহজাদপুরের গর্ব, প্রিয় নেতা স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মহোদয়ের কাছে আমাদের জোর দাবি—দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সনাতনী ইউনিয়নের এই জনপদকে যমুনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষা করতে হবে।”
এ সময় বক্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত জিও ব্যাগ ডাম্পিংয়ের পাশাপাশি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। একই সঙ্গে ভাঙনকবলিত মানুষের বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আবাদি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেন এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০-এ পৌঁছেছে। শুক্রবার পেনসিলভানিয়া ও উইসকনসিনে নতুন করে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে উইসকনসিনে মারা গেছে এক শিশু। পেনসিলভানিয়ায় মৃত ব্যক্তি ছিলেন মন্টুর কাউন্টির একজন বাসিন্দা।
এই বছর পেনসিলভানিয়ায় সাতজন, উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজন হামে মৃত্যুবরণ করেছেন। তিন দশকেরও বেশি সময় পর রাজ্যগুলোতে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে।
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫ হাজার ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ১৯৯১ সালের পর সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাদানের হার কমে যাওয়া এবং বিশ্বজুড়ে ভাইরাসটির পুনরুত্থানকে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
২০০০ সালে যুক্তরাষ্ট্রকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে টানা এক বছর ধরে সংক্রমণ চলতে থাকায় দেশটি সেই মর্যাদা হারানোর ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে। আগামী মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হতে পারে।
এদিকে, টিকা নেওয়ার বয়স হয়নি এমন শিশুরাও সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। চলতি বছরে হামে মৃতদের অন্তত চারজনের বয়স এত কম ছিল যে তাদের টিকা দেওয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি মোকাবিলায় পেনসিলভানিয়া ও উইসকনসিনের উচ্চ সংক্রমণপ্রবণ এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের আগাম টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাধারণত শিশুদের প্রথম ডোজ দেওয়া হয় এক বছর বয়সে এবং দ্বিতীয় ডোজ চার থেকে ছয় বছর বয়সে। দুই ডোজ টিকা হামের বিরুদ্ধে ৯৭ শতাংশ কার্যকর।
এনবিসি নিউজের এক অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ কাউন্টি ও প্রশাসনিক এলাকায় হামের টিকাদানের হার প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় ৯৫ শতাংশের নিচে রয়েছে। দেশটিতে কিন্ডারগার্টেনে পড়ুয়া শিশুদের টিকাদানের হার ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৯৫ শতাংশ থাকলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে ৯২ শতাংশে নেমেছে।
সূত্র: এনবিসি নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যস্ত সড়ক ও পরিবহন অবকাঠামোর নিকটবর্তী বসবাসের ফলে হৃদ্রোগসহ বিভিন্ন গুরুতর হৃদ্রক্তনালিজনিত রোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে যানবাহনের শব্দের মধ্যে বসবাস স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যেসব অঞ্চলে শব্দের মাত্রা ৫০ ডেসিবেলের বেশি, সেখানকার বাসিন্দাদের গুরুতর হৃদ্রোগ এবং প্রাণঘাতী হৃদ্রক্তনালিজনিত জটিলতার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, পর্যাপ্ত এবং স্বস্তিদায়ক ঘুমও যানবাহনের একটানা শব্দের ক্ষতিকর প্রভাব থেকে সম্পূর্ণরূপে সুরক্ষা দিতে পারে না।
যানবাহনের শব্দ কীভাবে হৃদ্যন্ত্রের ক্ষতি করে
গবেষকদের মতে, দীর্ঘ সময় ধরে যানবাহনের উচ্চ শব্দের মধ্যে থাকার ফলে শরীরের স্নায়ুতন্ত্রে চাপ সৃষ্টি হতে পারে। এর ফলে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়।
এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং রক্তনালিগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে হৃদ্যন্ত্র ও রক্তসঞ্চালন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।
গবেষণার ফলাফল নির্দেশ করে, বায়ুদূষণের মতো শব্দদূষণও জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি হয়ে উঠতে পারে।
ভালো ঘুমেও কমছে না পুরো ঝুঁকি
শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত এবং মানসম্মত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, নিয়মিত ভালো ঘুমের অভ্যাস থাকলেও দীর্ঘস্থায়ী যানবাহনের শব্দের কারণে হৃদ্যন্ত্রের ওপর তৈরি হওয়া ক্ষতিকর প্রভাব সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয়।
অর্থাৎ, ব্যস্ত সড়ক ও পরিবহন অবকাঠামোর নিকটবর্তী বসবাসকারীরা স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস বজায় রাখলেও হৃদ্রোগের ঝুঁকিতে থাকতে পারেন।
আবাসিক এলাকায় শব্দদূষণ কমানোর উদ্যোগ জরুরি
স্বাস্থ্য গবেষকেরা আবাসিক এলাকায় শব্দদূষণ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, ভবনের শব্দ নিরোধক ব্যবস্থা উন্নত করা এবং ঘরে শব্দরোধী উপকরণ ব্যবহার করলে যানবাহনের শব্দের প্রভাব কিছুটা কমানো সম্ভব।
পাশাপাশি নতুন আবাসিক এলাকা গড়ে তোলা এবং পরিবহন অবকাঠামো নির্মাণের পরিকল্পনায় পরিবেশগত শব্দদূষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সূত্র: সামা টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলার শিকার হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে।
সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা শুরু হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এ শোকযাত্রার নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়া সহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পরে শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়, যেখানে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা সভাপতিত্ব করেন এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। হামলায় বিচারক সোহেল আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন, এবং গুরুতর আহত বিচারক জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। হামলায় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয় এবং আহত অবস্থায় হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন আটক হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। উচ্চ আদালতে রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে কার্যকর করা হয় আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড।
দুই বিচারক হত্যার এ ঘটনা দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। ২১ বছর পরও শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করা হচ্ছে নিহত দুই বিচারককে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডায়াবেটিস দীর্ঘ সময় ধরে রক্তে শর্করার (সুগার) মাত্রা নিয়ন্ত্রণহীন থাকলে চোখের ভেতরের সূক্ষ্ম রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পরবর্তী সময়ে স্থায়ী অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। ডায়াবেটিসজনিত অন্ধত্বের মূল শারীরবৃত্তীয় কারণগুলো নিম্নে আলোচনা করা হলো—
১. ডায়াবেটিস রেটিনোপ্যাথি
ডায়াবেটিস রেটিনোপ্যাথি হলো ডায়াবেটিসজনিত অন্ধত্বের প্রধান কারণ। চোখের পেছনের দিকে একটি পাতলা পর্দা থাকে, যাকে রেটিনা বলা হয়, যা আলো-সংবেদনশীল।
রক্তনালির দুর্বলতা ও রক্তক্ষরণ
অতিরিক্ত শর্করার প্রভাবে রেটিনার সূক্ষ্ম রক্তনালিগুলো দুর্বল হয়ে ফুলে যায় এবং ফেটে গিয়ে চোখের ভেতরে রক্ত বা তরল পদার্থ চুইয়ে পড়তে শুরু করে।
অস্বাভাবিক নতুন রক্তনালি তৈরি
যখন পুরনো রক্তনালিগুলো বন্ধ হয়ে যায়, তখন রেটিনায় অক্সিজেনের অভাব দেখা দেয়। এ কারণে চোখ নতুন, কিন্তু অত্যন্ত ভঙ্গুর রক্তনালি তৈরি করে, যা সামান্য চাপেই ফেটে গিয়ে চোখে প্রচুর রক্তক্ষরণ ঘটায়।
২. ডায়াবেটিস ম্যাকুলার ইডিমা
রেটিনার মাঝের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটিকে ম্যাকুলা বলা হয়, যা আমাদের স্পষ্টভাবে দেখতে বা পড়তে সহায়তা করে।
তরল জমে ফুলে যাওয়া
ক্ষতিগ্রস্ত রক্তনালি থেকে তরল পদার্থ বের হয়ে ম্যাকুলায় জমতে শুরু করলে ম্যাকুলা ফুলে যায়। এর ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং চিকিৎসা না করালে দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।
৩. রেটিনাল ডিটাচমেন্ট
রেটিনাল ডিটাচমেন্ট হলে চোখের পর্দা সরে যায়। চোখে বারবার রক্তক্ষরণের ফলে রেটিনার ওপর ক্ষত বা দাগ তৈরি হয়। এই দাগগুলো সংকুচিত হয়ে রেটিনাকে স্বাভাবিক অবস্থান থেকে টেনে সরিয়ে ফেলে, যার ফলে মানুষ হঠাৎ করেই দৃষ্টিশক্তি হারাতে পারে।
৪. গ্লুকোমা
গ্লুকোমা চোখের ভেতরের চাপ বৃদ্ধি করে। ডায়াবেটিসের কারণে চোখের ভেতরে নতুন রক্তনালিগুলো তৈরি হলে, সেগুলো অনেক সময় চোখের তরল নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এতে চোখের ভেতরে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্কে সংকেত পাঠানো প্রধান স্নায়ু বা অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে অন্ধত্ব ঘটায়।
৫. ছানি পড়া
রক্তে অতিরিক্ত শর্করা থাকলে চোখের প্রাকৃতিক লেন্সে তরল জমে তা ফুলে ওঠে এবং দ্রুত ঘোলা হয়ে যায়। সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিস রোগীদের অনেক কম বয়সে চোখে ছানি পড়ার ঝুঁকি থাকে।
ঝুঁকি বাড়ার অতিরিক্ত কারণ
শুধু রক্তে শর্করা বেশি থাকাই নয়, এর সঙ্গে আরও কিছু বিষয় থাকলে অন্ধত্বের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। যেমন—
# অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং রক্তে অতিরিক্ত কোলেস্টেরল থাকা।
# দীর্ঘ বছর ধরে ডায়াবেটিসে ভোগা।
# ধূমপান করা বা কিডনির জটিলতা থাকা।
# নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে চোখের রেটিনা পরীক্ষা না করানো।
আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিনে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে মানুষকে জানাতে দিবসটি পালন করা হয়। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। ইনসুলিনের আবিষ্কারক স্যার ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিন স্মরণে এ দিনটি বেছে নেওয়া হয়। ২০০৭ সাল থেকে জাতিসংঘ দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ