ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

চিকিৎসকদের পরিচিতি হবে সেবাদানে, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস


চিকিৎসকদের পরিচিতি হবে সেবাদানে, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মন্তব্য করেছেন যে চিকিৎসকদের রাজনৈতিক পরিচিতি থাকা উচিত নয়।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে 'জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস' উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন।

মির্জা আব্বাস উল্লেখ করেন, চিকিৎসকরা তাদের নিজস্ব পরিচয়ে পরিচিত হবেন। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে প্রয়োগের সুযোগ পান না।

আরও পড়ুন: পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা: শফিকুর রহমান

এ পরিস্থিতিতে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাবমুক্ত থাকার এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

চিকিৎসকদের সেবাদান সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশের চিকিৎসকরা যেকোনো দেশের চিকিৎসকের তুলনায় কোনো অংশে কম নয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, এটি কার্যকর করা গেলে অনেক জটিল রোগ থেকে মানুষ সহজেই সুস্থ হয়ে উঠবে।

আরও পড়ুন: সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি নতুন করে ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি নতুন করে ভাইরাল

বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি পুরোনো ছবির নতুন করে আলোচনায় আসার পেছনে রয়েছে করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট নিয়ে চলমান বিতর্ক। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে দীপিকার পরা বিশেষ নেকলেসে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি আবারও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে দীপিকা পাড়ুকোন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা জমকালো পোশাক ও গয়না পরেছিলেন। ওই অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি মহারানি নেকলেস।

মূল্যবান রত্ন ও আনকাট হিরায় তৈরি নেকলেসটিতে খোদাই করা ছিল আরবি বাক্য ‘ফি আমানিল্লাহ’। এর অর্থ ‘আল্লাহর হেফাজতে’ বা ‘আল্লাহর নিরাপত্তায়’। সব্যসাচির ‘ট্রপিক অব কলকাতা’ কালেকশনের অংশ ছিল এই বিশেষ গয়নাটি। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তৈরি নেকলেসটি দীপিকার সাজে ভিন্ন মাত্রা যোগ করেছিল।

এখন পর্যন্ত দীপিকার সেই ছবি খুব একটা আলোচনায় আসেনি, তবে করিনা কাপুর খানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর এটি নতুন করে ভাইরাল হয়েছে।

২০২৬ সালের দীপাবলিতে করিনা কাপুর খানকে ৩০ ক্যারেটের একটি পান্নার পেনডেন্ট পরতে দেখা যায়। পেনডেন্টটিতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটা পট্টির কাজ করা পোশাক ও বেইজ রঙের পাগড়ির সঙ্গে গয়নাটি পরেছিলেন অভিনেত্রী।

করিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের সংগ্রহের অংশ এবং তাদের রাজকীয় ভান্ডার থেকে এটি নেওয়া হয়েছিল।

তবে গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি উঠেছে। গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে করিনা কাপুর খান ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের মর্যাদা রক্ষার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, বিতর্কের মধ্যে করিনার সমর্থনে ভোপালের কয়েকটি সংগঠন দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে অভিনেত্রীকে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করা হয়েছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত করিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সিয়াসাত ডেইলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন আটক

পুলিশ কর্তৃক আটক করা হয়েছে আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে, যিনি ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে দাবি করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, এম কামাল উদ্দিন সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন রাতের সময়। খবর পেয়ে স্থানীয় জনতা ওই বাসাটি ঘেরাও করে তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে যায় এবং থানায় নিয়ে যায়।

এম কামাল উদ্দিন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্যানেল আইনজীবী হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এবং ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি আলোচনায় আসেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়।

কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানার হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিগত সময়ে চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


বিগত সময়ে চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মন্তব্য করেছেন যে, গত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন। তার মতে, এই ধরনের ঘটনা পৃথিবীর অন্য কোথাও নজিরবিহীন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস আরও বলেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। তিনি উল্লেখ করেন, দেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের অন্য দেশের চিকিৎসকদের তুলনায় পিছিয়ে নেই। তবে দেশের বিশাল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও যথেষ্ট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা-জনবল-যন্ত্রপাতি সংকটে চরম ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা-জনবল-যন্ত্রপাতি সংকটে চরম ভোগান্তি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে শয্যা, জনবল এবং যন্ত্রপাতির সংকটে ভুগছে। রোগীর চাপ শয্যার তুলনায় তিন থেকে চার গুণ বেশি, চিকিৎসক ও নার্সের অভাব এবং পরীক্ষার যন্ত্রপাতি অচল হওয়ার কারণে হাসপাতালটি কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিদিন ভর্তি রোগীর সংখ্যা হাসপাতালের ধারণক্ষমতার কয়েক গুণ বেশি। এর ফলে, রোগীদের প্রয়োজনীয় পরীক্ষার এক-তৃতীয়াংশও হাসপাতালেই করা সম্ভব হচ্ছে না। অনেক রোগীকে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে জরুরি পরীক্ষার জন্য।

এতে চিকিৎসা ব্যয় বাড়ছে এবং রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। চিকিৎসক ও নার্সরা বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১০ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রাকিব হাওলাদার। তিনি পাঁচ দিন ধরে হাসপাতালের বারান্দায় কাটিয়েছেন এবং মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। তার স্বজনেরা বারবার শয্যার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

রাকিব হাওলাদারের ভাই রোকন হাওলাদার বলেন, "তার ভাই গুরুতর অসুস্থ। বেড না পাওয়া গেলে চিকিৎসা ঠিকভাবে করা যাচ্ছে না। ডাক্তাররা আসছেন, দেখছেন কিন্তু এত মানুষের মধ্যে মেঝেতে কোনোরকম চিকিৎসা পাচ্ছি। সরকারি হাসপতালে এত সংকট, যাব কোথায়?"

এছাড়া, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার রোগী ভর্তি হচ্ছেন। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে কিংবা বারান্দায় থাকতে হচ্ছে। গুরুতর অসুস্থ রোগীদেরও প্রয়োজনীয় শয্যা ও পরিচর্যা মিলছে না, ফলে রোগীর স্বজনরাও ভোগান্তিতে পড়ছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আসমা খাতুনের স্বামী খোকনুজ্জামান বলেন, "যশোরের নওয়াপাড়া থেকে এসে চারদিন যাবৎ মেঝেতে বিছানা পেতে আছি। রোগীকে অক্সিজেন দিতে হচ্ছে। কিন্তু মেঝেতে অক্সিজেন দিয়ে চিকিৎসা নেয়া বেশ দুরহ। প্রথম দুইদিন তো অক্সিজেনই পাইনি। একটি সিট বরাদ্দ করা গেলো না। ডাক্তারদের কাছে বললে, তারা বলে; সিট ফাঁকা না থাকলে আমাদের কি করা?"

এদিকে, সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন। বাড়তি রোগীর চাপের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটও সেবাদানে নানা সীমাবদ্ধতা তৈরি করছে। হাসপাতালের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, "সামর্থ্য সীমিত। কেউ চিকিৎসা নিতে এলে তো ভর্তি না করিয়ে রাখতে পারি না। কিন্তু এখানে অনেক বেশী রোগী আসেন। সব রোগীদের কাছে গিয়ে তাদের কথা শুনে চিকিৎসা দেয়ার চেষ্টা করি। হাসপতালে একদিকে যেমন শয্যা সংকট অন্যদিকে জনবল সংকট। চিকিৎসক সংকটের পাশাপাশি রয়েছে নার্স, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারির সংকট। ফলে চাইলেও সব রোগীকে সন্তুষ্ট করতে পারি না।"

শুধু শয্যা কিংবা জনবল সংকটই নয়, পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও রয়েছে বড় সীমাবদ্ধতা। হাসপাতালের দুটি সিটি স্ক্যান মেশিনের একটি অচল। ৯টি এক্স-রে মেশিনের মধ্যে তিনটি নষ্ট। ৮টি আলট্রাসনোগ্রাম মেশিনের মধ্যে সচল রয়েছে মাত্র তিনটি। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা হাসপাতালেই করা সম্ভব হয় না। ফলে রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে চিকিৎসা কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

বাইরে পরীক্ষা করাতে গিয়ে রোগী ও স্বজনরা আর্থিক চাপের মুখে পড়ছেন। প্যাথলোজি বিভাগের সামনে দুপুর সোয়া ১২টায় গিয়ে দেখা যায় লম্বা লাইন। বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে আসা হাসনা বেগম বলেন, "আমি সকাল ১০টায় হাসপাতালে এসে লাইনে দাড়িয়েছিলাম। মাঝে ডাক্তার কোথাও মিটিংয়ে যান। উনি দেখতে দেখতে ১২টা বেজে যায়। এখন পরীক্ষা করাতে আসার পর কাউন্টার থেকে বলছে, ১২টার পর আউটডোর রোগীদের পরীক্ষা করা হয় না। এটা কেন হবে?" একই রকম অভিযোগ করেন আরও বেশ কয়েকজন।

হাসপাতালে ভর্তি রোগী নাসিমা খাতুন বলেন, "আমাকে ডাক্তার তিনটি টেস্ট দিয়েছে। যার মধ্যে মাত্র একটাই হাসপাতালে করতে পেরেছি। বাকি দু’টো বাইরে থেকে করতে হবে বলেছে। বাইরে করতে গেলে রোগীকে নিয়ে যাওয়া এক ধরনের কষ্ট, আবার খরচও বেশি।"

রোগীর চাপ বিবেচনায় হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে দেড় হাজার করার এবং ১২তলা নতুন ভবন নির্মাণের নির্দেশনা দেয়া হয়। তবে সেই পরিকল্পনা এখনো বাস্তবায়িত হয়নি। ফলে পুরানো অবকাঠামোতেই বাড়তি রোগীর চাপ সামলাতে হচ্ছে।

হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, "হাসপাতালটি ৫০০ শয্যার হলেও এখনও চলছে ২৫০ শয্যার জনবল দিয়ে। এখানে চিকিৎসকের অভাব, নার্স, কর্মচারীদেরও অভাব রয়েছে। এই স্বল্প জনবল দিয়ে হাসপাতালের সঠিক চিকিৎসা করানো সম্ভব নয়। হাসপাতালটি ১০০০ বেডে উন্নীত করানোর জন্য ২০২৩ সালে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে তখন তা বিবেচনায় নেয়া হয়নি। এখন আমরা নতুন করে প্রস্তাবনা তৈরি করছি। এই প্রস্তাবনায় শুধু হাসপাতালের শয্য বৃদ্ধিই নয়, বরং নতুন একটি ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণেরও প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এটি বাস্তবায়ন করা গেলে আশা করি এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।"

হাসপাতালের বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিতে আসেন ২ থেকে ৩ হাজার মানুষ। সব মিলিয়ে বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসা সরঞ্জাম সচল করা জরুরি হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%