০১:৪৪ পি.এম
ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলার শিকার হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে।
সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা শুরু হয়ে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এ শোকযাত্রার নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়া সহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। পরে শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়, যেখানে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা সভাপতিত্ব করেন এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। হামলায় বিচারক সোহেল আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন, এবং গুরুতর আহত বিচারক জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। হামলায় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয় এবং আহত অবস্থায় হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুন আটক হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। উচ্চ আদালতে রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে কার্যকর করা হয় আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড।
দুই বিচারক হত্যার এ ঘটনা দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। ২১ বছর পরও শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করা হচ্ছে নিহত দুই বিচারককে।
আরও পড়ুন: বিগত সময়ে চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন