ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

মাহদির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্ট সার্কিট


মাহদির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্ট সার্কিট

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাসাটির বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করার পর পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। তাদের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করেও আরেকটি পেট্রলবোমা ছোড়া হয়, যার ফলে মিটারটি পুড়ে যায়।

আরও পড়ুন: খুলনায় আ. লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি গ্রেপ্তার

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের দিকে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কাজ চলছিল। ওই মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী যে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে থাকা ৬ ভারতীয় নাবিকের জন্য পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে থাকা ৬ ভারতীয় নাবিকের জন্য পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

পাকিস্তানের করাচি বন্দরে ছয় ভারতীয় নাবিক প্রায় সাত মাস ধরে আটকে রয়েছেন। তাদের দেশে দ্রুত ফিরিয়ে আনার জন্য এবার ইসলামাবাদের সহায়তা চেয়েছে নয়াদিল্লি। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে কনস্যুলার সহায়তা চেয়েছে এই বিষয়ে।

আটকে পড়া নাবিকদের মধ্যে ভারতীয় মার্চেন্ট নেভির একজন চিফ অফিসারও রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়ে আসছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, করাচি বন্দরে আটকে থাকা ভারতীয় নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নিয়োগকারী শিপিং কোম্পানি এবং সংস্থার এজেন্টের সঙ্গেও আলোচনা চলছে। পাশাপাশি পাকিস্তানের কাছে কনস্যুলার সহায়তার আবেদন জানানো হয়েছে।

তবে এ ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি মূলত সংশ্লিষ্ট জাহাজের মালিক সংস্থা এবং কর্মীদের মধ্যে একটি বাণিজ্যিক বিবাদ। নাবিকেরা ইচ্ছামতো জাহাজ ছেড়ে যেতে পারেন না। তাদের পরিবর্তে নতুন কর্মীদের জাহাজে পাঠানো আবশ্যক। নতুন ক্রু সদস্যরা দায়িত্ব গ্রহণ করার পরেই পুরোনো কর্মীদের জাহাজ থেকে নামার সুযোগ তৈরি হবে। আর সেই ব্যবস্থা করতে না পারায় ছয় ভারতীয় আটকে রয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরির মাস্টারের গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরির মাস্টারের গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীরা ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনের গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটের ফেরি চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

শনিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাড়ের ঘাটে প্রায় ২০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা চরম দুর্ভোগে রয়েছেন।

শুক্রবার শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের কাছে কাকলী ফেরির সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় ফেরিতে থাকা একটি ট্রাক কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এই দুর্ঘটনায় তরিকুল নামে এক মাদরাসাছাত্র ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবানে যান। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন তারা। ফেরি থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়।

এ ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ-পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ফেরি ও বাল্কহেড সংশ্লিষ্ট চারজনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেন রয়েছেন।

মাস্টারকে গ্রেপ্তারের ঘটনায় বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, দুর্ঘটনার জন্য বালুবাহী বাল্কহেড দায়ী হলেও অন্যায়ভাবে ফেরির মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘোষণা করেছেন যে, মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ফেরি চলাচল অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশন (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, "ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।" তিনি জানান, নৌ পুলিশকে একাধিকবার বিষয়টি জানানোর পরও তাদের একজন মাস্টারকে আটক করা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবার কোনো অভিযোগ করেনি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, দুর্ঘটনার জন্য বাল্কহেড দায়ী। মাস্টারকে মুক্তি না দিলে সারা দেশে ফেরি চলাচল বন্ধের ডাক দেওয়া হবে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, "ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্ঘটনার দিন চ্যানেলে প্রবেশের সময় অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।" তিনি জানান, এর পরও বাল্কহেডটি ফেরিতে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির ডাক দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের মাধ্যমে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে সময় ও অর্থের অপচয় হচ্ছে। পাশাপাশি পণ্যবাহী ট্রাকের কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ট্রাকচালক সাগর বলেন, "ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে একদিকে সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।" তিনি জানান, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হবে।

বাসচালক আক্কাস মিয়া বলেন, "যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ঘাটে এসে ফেরি বন্ধের বিষয়টি জানতে পারি।" তিনি জানান, এতে যাত্রী ও চালক সবাই ভোগান্তিতে পড়েছেন। তিনি দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানান।

যাত্রী আবরান বলেন, "ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।" তিনি জানান, নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্ট পাচ্ছেন। জরুরি কাজে যাওয়া মানুষও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তিনি দ্রুত ফেরি চালুর দাবি জানান।

এ বিষয়ে চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, "প্রচলিত আইন অনুযায়ী মামলা করা হয়েছে।" তিনি জানান, দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালকদের দায় রয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। কর্মবিরতির বিষয়ে নৌ-পুলিশের কিছু বলার নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রী থেকে সর্বোচ্চ চার মাস দূরে থাকতে পারবেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


স্ত্রী থেকে সর্বোচ্চ চার মাস দূরে থাকতে পারবেন স্বামী

চাকরি, ব্যবসা অথবা ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের কারণে অনেক স্বামীকে স্ত্রী ও সন্তান থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হয়। ইসলামি শরিয়তের আলোকে, স্ত্রী থেকে স্বামীর দূরে থাকার সময়সীমা নির্ধারণের বিষয়টি গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকা যাবে কি না, তা নিয়ে বিশেষ বিধান রয়েছে।

ইসলামি শরিয়ত অনুযায়ী, বিশেষ কোনো কারণ ছাড়া স্বামীকে চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকা সমর্থনযোগ্য নয়। তবে, যদি স্ত্রীর সম্মতি থাকে এবং দীর্ঘ সময় আলাদা থাকার ফলে স্বামী বা স্ত্রীর গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে, তাহলে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরও বেশি সময় দূরে থাকার সুযোগ রয়েছে।

এ বিষয়ে ফতোয়ায় আল্লামা ইবনে আবিদিন শামি (রহ.)-এর বক্তব্য উল্লেখ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, চার মাসের মধ্যে অন্তত একবার স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করা উচিত।

এ প্রসঙ্গে হজরত উমর (রা.)-এর একটি ঘটনা উল্লেখযোগ্য। এক রাতে তিনি এক নারীকে স্বামীর বিরহে কবিতা আবৃত্তি করতে শুনেছিলেন। পরে জানা যায়, ওই নারীর স্বামী জিহাদে অংশ নিতে দীর্ঘ সময় ধরে বাড়ির বাইরে রয়েছেন।

ঘটনাটি জানার পর হজরত উমর (রা.) তার মেয়ে হজরত হাফসা (রা.)-কে জিজ্ঞাসা করেন, একজন নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্য ধরতে পারেন? হাফসা (রা.) জবাবে চার মাসের কথা জানান। এরপর হজরত উমর (রা.) সেনাপতিদের নির্দেশ দেন, বিবাহিত কোনো সৈন্য যেন চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে না থাকে।

ফিকহের আলোচনায় এ ঘটনাটি স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।

তবে, স্ত্রীর অনুমতি থাকলে এবং উভয়ের জন্য তা কষ্টকর না হলে চার মাসের বেশি সময় আলাদা থাকার সুযোগ রয়েছে। অন্যদিকে, দীর্ঘ সময় দূরে থাকার ফলে স্বামী বা স্ত্রীর কারও গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে চার মাস পূর্ণ হওয়ার অপেক্ষা না করে একসঙ্গে থাকার ব্যবস্থা করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

॥ মলয় কুমার দত্ত ॥

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সরকার ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে ব্যাপক অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণের মতো খাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে জানান, ‘বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানিকে সমন্বিতভাবে যুক্ত করে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, দক্ষতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হল বিদ্যমান নেতিবাচক দুষ্টচক্র থেকে বেরিয়ে এসে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে একটি ইতিবাচক ও টেকসই চক্র প্রতিষ্ঠা করা।

তিতুমীর উল্লেখ করেন, এ লক্ষ্য অর্জনের জন্য ব্যবসার পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনা ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা শিথিল করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি টেকসই জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় অর্থনৈতিক খাতের জন্য নীতিগত সহায়তা, বিনিয়োগ ও উৎপাদনে পর্যাপ্ত অর্থায়ন এবং রেল ও সড়কপথের বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সরবরাহব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং পরিবহন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলতি অর্থবছরের বাজেটে জনমিতিক সুবিধা ও মানুষের বর্ধিত আয়ুষ্কালের সুফল কাজে লাগানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী অর্থবছরগুলোতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাহ্যিক অভিঘাত, দুর্নীতি, আর্থিক খাতের অব্যবস্থাপনা, জ্বালানি সংকট এবং বিনিয়োগকারীদের আস্থার অবনতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়ায়। পরবর্তী অর্থবছর ২০২৩-২৪ সালে প্রবৃদ্ধি আরও কমে ৪ দশমিক ২২ শতাংশ হয়। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ৩ দশমিক ৪৯ শতাংশে।

চলতি অর্থবছরের বাজেট দলিলে প্রবৃদ্ধির এ মন্থরতার পেছনে কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদের হার, সুশাসনের ঘাটতি এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে দায়ী করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল। ওই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ, যা পরিবারের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

এদিকে ২০৩০-৩১ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫ শতাংশ, জিডিপির ২ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং জিডিপির ৪০ শতাংশের সমপরিমাণ মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে সরকার তিন ধাপের ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করবে। এগুলো হলো— পুনরুদ্ধার ও স্থিতিশীলতা (রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন), পুনঃপ্রতিষ্ঠা (রেস্টোরেশন) এবং ত্বরান্বিত উন্নয়নের জন্য পুনর্গঠন (রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন)।

প্রথম পর্যায়ে, যা এক বছর মেয়াদি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, সরকারি সেবার মানোন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়, যা তিন বছর মেয়াদি, রাজস্ব সংস্কার, অভ্যন্তরীণ সম্পদ আহরণ, বেসরকারি বিনিয়োগ পুনরুজ্জীবিত করা এবং ব্যাংক ও আর্থিক খাতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং কৃষি, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো হবে।

তৃতীয় পর্যায়ে, যা পাঁচ বছর মেয়াদি, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্তি জোরদারের পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে।

অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় উন্নত করার পরিকল্পনাও রয়েছে।

শিল্প পুনরুজ্জীবনের অংশ হিসেবে পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারা দেওয়া ১৭টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে ইতোমধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এতে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও তিনটি পাটকল পুনরায় চালুর প্রস্তুতি চলছে। বৃহত্তর এ উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে ন্যাশনাল জুট মিলস ও স্টার জুট মিলস এবং হ্যামকো গ্রুপের সঙ্গে প্লাটিনাম জুবিলি জুট মিলসের ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ এবং বছরে ১ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন এবং বিদেশি বাজার সম্প্রসারণে বিনিয়োগ উৎসাহিত করছে সরকার।

সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় প্রায় ৪১ লাখ অসহায় ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সহায়তা দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ ও পর্যায়ক্রমে কার্ড বিতরণের প্রস্তুতি চলছে। কর্মসূচিটি বাস্তবায়নে প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত হওয়ার কথা রয়েছে।

কৃষকদের সহায়তায় ফার্মার কার্ড কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদে ২ কোটি ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যোগ্য কৃষকেরা কৃষি উপকরণের ব্যয় মেটানো এবং উৎপাদন অব্যাহত রাখতে বছরে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

পানি সম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়াতে আগামী চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে। গত ছয় মাসে ৩৭৭ কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়েছে, যা নির্ধারিত ৩৬০ কিলোমিটারের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

ধর্মীয় সেবাদানকারীদের সামাজিক সুরক্ষাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত এবং মন্দিরের সেবায়েতদের সহায়তা দেওয়ার এ কর্মসূচিতে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৬০ হাজার উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

জননিরাপত্তা জোরদারেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ নিয়োগ, প্রশিক্ষণ এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে চায় সরকার। হত্যা, ডাকাতি, অপহরণসহ অন্যান্য অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়নের মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলএনজি টার্মিনালের সক্ষমতা উন্নয়ন এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে প্রস্তাবিত প্রণোদনার মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করছাড়, আর্থিক সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির সুযোগ। এ ছাড়া সরকারি দপ্তর ও উপযুক্ত সরকারি জমিতে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

অবকাঠামো উন্নয়নে সড়ক, সেতু, পরিবহন নেটওয়ার্ক ও জ্বালানি অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরবরাহ ব্যয় কমানো এবং গ্রামীণ উৎপাদকদের সঙ্গে শিল্পবাজারের সংযোগ জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সরকারের সামগ্রিক উন্নয়ন কৌশলে শিল্প সম্প্রসারণ, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে আরও সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সরকারের বিশ্বাস, সুশাসন উন্নয়ন, বিনিয়োগ আহরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি এসব উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%